যেখানে বল, সেখানেই ছিলেন কান্তে
কোথায় ছিলেন না তিনি! ম্যানচেস্টার সিটি যখন আক্রমণ নিয়ে চেলসির রক্ষণে আছড়ে পড়েছে, এনগোলো কান্তে তখন ডিফেন্ডার! আবার চেলসি যখন আক্রমণে, টিমো ভেরনার, মেসন মাউন্ট আর কাই হাভার্টজের মতো কান্তে তখন পুরোদস্তুর ফরোয়ার্ড! কাল ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে পুরোটা সময় যেন বল যেখানে ছিল সেখানেই ছিলেন চেলসির ফরাসি মিডফিল্ডার। এ কারণেই তো হাভার্টজের একমাত্র গোলে চেলসি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পরও ম্যাচসেরা হয়েছেন কান্তে।
দুর্দান্ত এই পারফরম্যান্সের পর সতীর্থ আর সাবেক ফুটবলারদের প্রশংসায় ভাসছেন কান্তে। চেলসির সাবেক মিডফিল্ডার জো কোলের কাছে কান্তেই চেলসির সেরা মিডফিল্ডার। সতীর্থ সিজার আজপিলিকেতার কাছে তিনি এই মুহূর্তে মাঝমাঠে বিশ্বের সেরা ফুটবলার। চেলসিতে খেলা অন্যতম সেরা মিডফিল্ডার ধরা হয় রামিরেসকে। ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডারও প্রশংসায় ভাসিয়েছেন কান্তেকে। রামিরেসের মতে, এবারের ব্যালন ডি’অর পাওয়া উচিত কান্তেরই।
২০১৫–১৬ মৌসুমেই সবার নজরে এসেছিলেন কান্তে। লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতানোর সে মৌসুমে দুর্দান্ত খেলেছিলেন এই ফরাসি ফুটবলার। এর পরপরই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসেন কান্তে। বড় ক্লাগুলো কান্তেকে পেতে যে প্রতিযোগিতায় মেতেছিল, তাতে জয় হয় চেলসিরই। ২০১৬ সালে মাত্র ৩ কোটি ২০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে কান্তেকে দলে ভেড়ায় ‘ব্লুজ’রা। স্টামফোর্ড ব্রিজে প্রথম মৌসুমেই জেতেন প্রিমিয়ার লিগ শিরোপা। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এরপর চেলসির হয়ে জিতেছেন এফএ কাপ আর ইউরোপা লিগ। তবে ক্লাব ফুটবলে সবচেয়ে বড় শিরোপাটা জিতলেন কাল। আর চেলসিকে সেই শিরোপাটা জেতাতে বড় ভূমিকা কান্তেরই।
ম্যান সিটির বিপক্ষে কাল কান্তের খেলা দেখে মুগ্ধ জো কোল, ‘আমি ক্লদ ম্যাকেলেলের সঙ্গে খেলেছি। এই ছেলেটাকে (কান্তে) দেখার আগে পর্যন্ত আমি ম্যাকেলেলেকেই মনে করতাম চেলসির সেরা মিডফিল্ডার। সে (কান্তে) ম্যাকেলেলেকেও ছাড়িয়ে গেছে। গোলের সামনে স্ট্রাইকারের যেমন গোল করার বাসনাটা থাকে, মাঝমাঠে কান্তে সে রকমই। গুন্দোয়ান, সিলভা ও ফোডেন ম্যাচের সুরটা ধরতেই পারেনি, যেটি কান্তে পেরেছে।’
চেলসির আরেক সাবেক রামিরেস অত সব বিশ্লেষণে যাননি। মৌসুমজুড়ে কান্তে যেমন খেলেছেন, সেটা দেখে তাঁর মনে হয়েছে এ মৌসুমে ইউরোপের সেরা ফুটবলার চেলসির মিডফিল্ডারই। রামিরেসের কথা, ‘সে খুব ঠান্ডা মাথার খেলোয়াড়। রক্ষণ, মাঝমাঠ, আক্রমণভাগ—মাঠের সর্বত্রই থাকে সে। সেরা বিশ্বসেরাদের একজন। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের পক্ষে ব্যালন ডি’অর জেতা কঠিন।’ তবে কান্তের পক্ষে এই কঠিন কাজটাই করে দেখানো সম্ভব। রামিরেস মনে করেন এর জন্য আরেকটা শিরোপা চাই কান্তের, ‘ব্যালন ডি’অর তার প্রাপ্য। সে যদি ২০২০ ইউরো জেতে তাহলে আমি বলব ব্যালন ডি’অর সে–ই পাবে।’
ইউরো আর ব্যালন ডি’অর কান্তে জিতবেন কি না, তা পরেই জানা যাবে। কান্তে যদি এগুলো না–ও জেতেন তারপরও আজপিলিকেতার কাছে তাঁর এই সতীর্থই সেরা, ‘আমি সরাসরি বলতে চাই, সে বিশ্বের সেরা মিডফিল্ডার। মাঠে সে সবকিছু করে। আজ (গতকাল) সে যে কতবার বল কেড়ে নিয়েছে তার হিসাব নেই! যেভাবে সে বল সামনে নিয়ে যায় তাতে মাঠের অনেকটাই কভার হয়ে যায়। তাকে দলে পাওয়াটা বিশেষ ব্যাপার।’
শুধু খেলোয়াড় হিসেবেই নয়, মানুষ হিসেবেও কান্তে সেরাদের একজন বলে মনে করেন আজপিলিকেতা, ‘বিশ্বকাপ আর চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও সে আগের মতোই বিনয়ী। এটা দারুণ একটা ব্যাপার।’