যেখানে মিলে গেলেন রোনালদো ও নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার জার্সিতে রোনালদো নাজারিও। ছবি এএস
বার্সেলোনার জার্সিতে রোনালদো নাজারিও। ছবি এএস

দুজনই ব্রাজিলীয়, কৈশোর বয়সেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে পড়েছিলেন। দুজনই খেলেছেন বার্সেলোনায়। তবে সবচেয়ে বড় মিল বোধ হয় দুজনের বার্সা ছাড়ায়। ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো নাজারিও কথা বলেছেন তাঁর বার্সেলোনা ছাড়া নিয়ে। নেইমারের মতোই তাঁর দলত্যাগও হাসিমুখে মানতে পারেনি কাতালান ক্লাবটি।

বর্তমানে রিয়াল মাদ্রিদের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ‘ফেনোমেনো’। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে খেললেও সরাসরি বার্সা ছেড়ে রিয়ালে যাননি রোনালদো। কিন্তু বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে যাওয়ার সময়ও বিতর্কের সম্মুখীন হয়েছিলেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড। ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘এস্পোর্তে ইন্তেরাতিভোকে’ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি বার্সেলোনার তুলনায় রিয়াল মাদ্রিদের প্রতি অনেক বেশি সম্পৃক্ত ও কৃতজ্ঞ। যদিও খেলোয়াড়ি জীবনের সেরা সময়টা আমি বার্সেলোনাতেই কাটিয়েছি।’ ১৯৯৬/৯৭ সালে বার্সেলোনার হয়ে ৪৯ ম্যাচে ৪৭ গোল করেছিলেন সাবেক এসি ও ইন্টার মিলান ফরোয়ার্ড।

নেইমারের সঙ্গে তুলনা টেনে এই কিংবদন্তি বলেছেন, ‘বার্সেলোনার সঙ্গে আমার গল্পের শেষটা সুখের ছিল না। নেইমারের সঙ্গে যা হয়েছে, অনেকটা তেমনই ছিল।’ এই মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে এসেছেন নেইমার। এ নিয়ে বার্সেলোনার সমর্থকেরা বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে তো রাস্তায় নেমে জার্সিও পুড়িয়েছেন। বাজারে গুজব ছড়িয়েছিল, মেসির ছায়া থেকে বেরোতেই বার্সা ছেড়েছেন ব্রাজিল অধিনায়ক। কাতালান ক্লাবে খেলে নাকি তাঁর কখনো ব্যালন ডি’অর জেতা হতো না।

মজার ব্যাপার হলো, এই দাবি সমর্থন করেন রোনালদো। একই সাক্ষাৎকারে বলেছেন, ‘ব্রাজিলিয়ান কোনো খেলোয়াড় কখনোই এখানে ব্যালন ডি’অর জিততে পারবে না।’ রোমারিও রোনালদিনহোরাও এই ক্লাবে খেলে সমস্যায় পড়েছেন। যদিও বার্সেলোনাকে চমৎকার শহর ও ক্লাব হিসেবে স্বীকৃতি দিয়েছেন রোনালদো। খেলোয়াড়ি জীবনে বার্সা ছেড়ে রিয়ালেই থিতু হয়েছিলেন ‘দ্য ফেনোমেনন’। নেইমারও কি একই পথে হাঁটবেন?