যেখানে মিলে গেলেন শফিউল-লসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে মনে হলো তিনি হয়তো জানেন না জিওফ লসন ঢাকায়। সেটা জানানোর পর আবিষ্কৃত হলো, শফিউল ইসলাম আসলে জিওফ লসনকে চেনেনই না!ধরেই নেওয়া যায় জিওফ লসনও চেনেন না শফিউলকে। আন্তর্জাতিক কোচিং ছেড়ে এখন আইপিএলের দল কোচি টাস্কার্সের কোচ। প্রতিপক্ষ দলেও তো কখনো দেখেননি শফিউলকে!তবে পেস বোলার বলেই হয়তো একটা জায়গায় মিলে যাচ্ছে দুজনের দর্শন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে কাল পেসারদের ইনজুরির বিষয়ে শফিউল যা বললেন, দুপুরের সংবাদ সম্মেলনে একাডেমির বোলিং বিশেষজ্ঞ হিসেবে তিন সপ্তাহের জন্য ঢাকায় আসা লসনের কণ্ঠে প্রায় তারই অনুরণন। পেস বোলিং মানেই ইনজুরি এবং সেই ইনজুরি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে নিজের চেয়ে বড় সহায় আর কেউ নয়—গত শতকের আশির দশকের অস্ট্রেলিয়ান পেসার লসন আর একবিংশ শতাব্দীর শফিউল একমত এই জায়গায়।ইনজুরি নিয়ে আলোচনাটা এমনি এমনি আসেনি। জিম্বাবুয়ে সফরের আগে যে ইনজুরিতে আক্রান্ত বাংলাদেশ দলের পেস আক্রমণ! পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্যে থাকা মাশরাফি বিন মুর্তজা এমনিতেই বাইরে। কক্সবাজারে বিচ ফুটবল খেলতে গিয়ে ক্রিকেট থেকে দেড় মাসের জন্য বিদায় নিয়েছেন শাহাদাত হোসেনও। পেস শিবিরে যখন এমন দুর্যোগ, ১৪ মাস পর টেস্টে ফেরার আগে আরেক পেসার শফিউল নিশ্চয়ই উদ্বিগ্ন। অভিজ্ঞ পেসারদের ছায়া পাবেন না জিম্বাবুয়ে সফরে, মাত্রই চোট কাটিয়ে ফিরলেন তিনি নিজেও।কিন্তু শফিউল নিরুদ্বিগ্ন ভাবই দেখাতে চাইলেন। মাশরাফি-শাহাদাতের অনুপস্থিতিটাকেও কোনো চাপ মনে করছেন না, ‘ঠিক চাপ না। আমরা ভালো খেলছি। ভালোভাবে অনুশীলন করতে পারলে সমস্যা হবে না। রুবেলের সঙ্গে এর আগেও আমার ভালো জুটি হয়েছে। বিশ্বকাপে আমরা একসঙ্গে খেলেছি।’ আর ইনজুরি? শফিউল নির্বিকার সেখানেও, ‘এক মাস কন্ডিশনিং ক্যাম্প সবার জন্যই ভালো হয়েছে। ফিটনেস ভালো হলে ইনজুরির আশঙ্কা কমে যায়।’ কিন্তু তারপরও সতর্ক থাকার দরকার আছে এবং শফিউলও সেটা মানলেন, ‘সতর্কতা নিজের ব্যাপার। নিজে সতর্ক থাকলেই ইনজুরির সম্ভাবনা অর্ধেক কমে যায়।’দুপুরে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও সাবেক পাকিস্তান কোচ জিওফ লসনের সংবাদ সম্মেলনটাও একপর্যায়ে একাডেমি ছাপিয়ে চলে গেল পেসারদের ইনজুরি-সংক্রান্ত বিষয়ে। খাদ্যাভ্যাস থেকে শুরু করে উপযুক্ত জুতো (কেডস), অনুশীলন, টেকনিক—পেসারদের জন্য এই সবকিছুকেই ইনজুরির ঢাল মনে করেন লসন। তার পরও ইনজুরি হবে এবং সেটার জন্যও প্রস্তুত থাকতে বললেন লসন, ‘কাজের ধরনের কারণেই পেসারদের ইনজুরিতে পড়তে হয়। এর পরও যদি সাফল্য চান, আপনাকে জানতে হবে কীভাবে ব্যথা ও অন্যসব সমস্যার মধ্যেই বল করে যেতে হবে।’ তবে সবার আগে গুরুত্বপূর্ণ নিজেকে খেলার মধ্যে ধরে রাখা। ‘শন টেইটের দিকে তাকান। ঘণ্টায় প্রায় ১৫৮ কিমি বেগে বল করে। কিন্তু তার পরও ও প্রথম শ্রেণীর ক্রিকেট আর খেলবে না বলে সিদ্ধান্ত নিল। কারণ শারীরিকভাবে এটা তাঁর জন্য কষ্টকর’—বলেছেন লসন।এদিক দিয়ে শফিউলের দর্শন একটু ভিন্নই। এখন পর্যন্ত ৩২টি ওয়ানডে খেলে ফেললেও টেস্ট খেলেছেন মাত্র ৫টি। অথচ ওয়ানডের তুলনায় টেস্ট ক্রিকেটই নাকি সহজ মনে হয় তাঁর কাছে, ‘টেস্টে ফেরার সুযোগ থাকে। খারাপ শুরু করলেও পরে ভালো করার সুযোগ থাকে। পাঁচ টেস্ট খেলেই মনে হয়েছে ওয়ানডের তুলনায় এটা সহজ।’ টেস্টেই যে বেশি নির্ভার থাকেন, সেটা অভিষেক টেস্টে শফিউলের ব্যাটিংও বলে দিচ্ছে। গত বছর জানুয়ারিতে চট্টগ্রামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে শুধু একটা ছক্কাই মেরেছিলেন। ৮ রানের পরের ইনিংসেও ছক্কা দিয়ে শুরু। টেস্ট ক্রিকেটে প্রথম দুটি স্কোরিং শটেই ছক্কার মারার অনন্য কীর্তি বাংলাদেশের এই পেসারের। নিজের ব্যাটিং-সামর্থ্য বুঝিয়ে দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে গত বছর মার্চে ঢাকা টেস্টে করেছিলেন ৫৩ আর ২৮। হ্যাঁ, বোলিংয়ের মতো ব্যাটিংটাও টেস্টেই বেশি সহজ লাগে শফিউলের কাছে, ‘এর মূল কারণ, টেস্টে মাঠে অনেক ফাঁকা জায়গা থাকে। তা ছাড়া আমি যখন ব্যাটিংয়ে নামি, বেশির ভাগ সময়ই বল থাকে পুরোনো। পুরোনো বলে ব্যাটিং খুব কঠিন না।’