যেখানে শান্ত অশান্ত গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ধাঁধা। বলুন তো, সময়ের ভয়ংকরতম ব্যাটসম্যান কোন দলের বিপক্ষে সবচেয়ে নিষ্প্রভ? আন্তর্জাতিক ক্রিকেটে কোন দলের বিপক্ষে ক্রিস গেইলের স্ট্রাইক রেট সবচেয়ে কম? অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা...। উত্তরটা জানা না থাকলে মাথা ঘামিয়ে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। কে-ই বা ধারণা করতে পারবে, উত্তরটা হলো বাংলাদেশ!অবিশ্বাস্য, কিন্তু সত্যি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে ১৯টি ম্যাচ খেলেছেন গেইল, স্ট্রাইক রেট ৬৩.৬৪। কাছাকাছি বাজে স্ট্রাইক রেট শুধু শ্রীলঙ্কার বিপক্ষে, ৬৪.৭৩। দুটি সেঞ্চুরি আর চারটি ফিফটি আছে বাংলাদেশের বিপক্ষে। কোনোটিতেই গেইলকে গেইলের মতো মনে হয়নি। এক শর ওপরে তো নয়ই, কোনোটিতেই স্ট্রাইক রেট এক শর ধারেকাছে নেই। ক্যারিয়ারের শুরুতে গেইল অবশ্য এতটা বিধ্বংসী ছিলেন না। ভয়ংকর চেহারাটা স্পষ্ট হয়েছে আসলে গত কয়েক বছরে। ধারাবাহিকভাবে ‘খুন’ করে আসছেন প্রতিপক্ষের বোলিং। কিন্তু আরেকটা বিস্ময় অপেক্ষা করছে এখানেও। সাম্প্রতিক গেইল যতই অশান্ত হোন, বাংলাদেশ তাঁকে ঠিকই মিইয়ে দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ৯ ইনিংসে একবারও ৪০ পেরোতে পারেননি! এর মধ্যে ৬ ইনিংস চলতি সফরেই।এবারের ব্যর্থতাটাই সবচেয়ে বিস্ময়কর। সিরিজপূর্ব আলোচনায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি ছিলেন গেইল। ব্যাট হাতে সাম্প্রতিক ফর্ম আর ভাবমূর্তি একটা বড় কারণ তো অবশ্যই। আরেকটা বড় কারণ, গত বিপিএলের সাফল্য। চোট পেয়ে ছিটকে পড়ার আগে মাত্র ৫টি ম্যাচ খেলেছিলেন, দুই সেঞ্চুরিতে ৯৬ গড় আর ১৮৭ স্ট্রাইক রেটে করেছিলেন ২৮৮ রান। বাংলাদেশের উইকেট-আলো-বাতাসের সঙ্গে সখ্যটা তাই খারাপ ছিল না। বাংলাদেশের বোলিং শক্তিও ছিল দুশ্চিন্তার আরেকটা কারণ। বিশ্বসেরা বোলারদের নিয়মিত ছাতু বানাচ্ছেন যিনি, বাংলাদেশের বোলারদের তো সেখানে পাত্তাই পাওয়ার কথা নয়। হলো উল্টো। বিশ্বজোড়া বোলারদের ঘুম হারাম করা ব্যাটসম্যানকেই ‘প্রিয় শিকার’ বানিয়ে ফেলেছেন বাংলাদেশের আনকোরা তরুণ এক স্পিনার, সোহাগ গাজী!শুরুটা হয়েছিল ঝড়ের ইঙ্গিত দিয়েই। ইতিহাসে নাম লেখালেন প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ম্যাচের প্রথম বলেই ছক্কা মেরে। সোহাগের টেস্ট ক্যারিয়ারের কী বিব্রতকর শুরু! ওই ওভারটিই শুধু ব্যতিক্রম। এর পর থেকেই সিরিজে গেইল বনাম সোহাগ লড়াইয়ের ফল একতরফা, সোহাগ বিপুল ব্যবধানে জয়ী! বাংলাদেশের বাকি বোলাররাও দারুণ পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছেন গেইলের বিপক্ষে। ২৪, ১৯, ২৫, ২০*, ৩৫, ১৫—এই হলো এখন পর্যন্ত গেইলের ৬ ইনিংস!রান করতে না দেওয়া তো অবশ্যই, তবে বাংলাদেশের বোলারদের আরেকটি বড় কৃতিত্ব অন্য একটি জায়গায়। যাঁর বিপক্ষে লাইন-লেংথ খুঁজে পেতেই দিশেহারা হন বাঘা বাঘা বোলার, সেই গেইল যেন নিজেকে নিয়েই খানিকটা সংশয়ে পড়ে গেছেন। উদাহরণ গত ম্যাচটিই। বাংলাদেশ দলের দু-তিনজন ক্রিকেটারের দাবি, দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে স্ট্রাইক নিতে চেয়েছিলেন গেইল, বোলিং প্রান্তে সোহাগকে দেখে নাকি নন-স্ট্রাইকে চলে যান! এটা অনেকেরই চোখ এড়িয়ে গেছে। তবে আরেকটা অভাবনীয় দৃশ্য দেখা গেছে খানিক পর। পুরো ওভার গেইলকে বোলিং করেও মেডেন পেলেন সোহাগ। পাওয়ার প্লেতে সর্বশেষ কোন স্পিনারকে মেডেন দিয়েছিলেন গেইল, এটা গবেষণার বিষয়! ঝড় তুলে শুরু করেছেন, ঠান্ডা মাথায় শুরু করেছেন। কোনোভাবেই কাজ হয়নি। গেইলের মতো একজনের সঙ্গে এই মানসিক লড়াইয়ে জয়টাও সোহাগ ও বাংলাদেশের বোলারদের বড় প্রাপ্তি।টেস্ট সিরিজে ব্যর্থতার পরও দারুণ আশাবাদী ছিলেন ড্যারেন স্যামি। ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন গর্বভরে বলেছিলেন, ‘ক্রিস (গেইল) যেকোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। সীমিত ওভারের ক্রিকেটের সেরা ব্যাটসম্যান ও, আসলে সব সংস্করণেই সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান। ওকে নিয়ে আমার চিন্তা নেই। বড় ইনিংস পাওনা হয়ে গেছে, এটা বরং বাংলাদেশের জন্যই দুশ্চিন্তার!’কিন্তু রঙিন পোশাকেও তথৈবচ। দ্বিতীয় ম্যাচ শেষেই স্যামির কণ্ঠও কেমন মিইয়ে গেল, ‘ক্রিস কেন পারছে না, এই প্রশ্নের উত্তর আমি তো আর ওর হয়ে দিতে পারি না! সবাই রান করতে চায়। বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। গাজী-রাজ্জাক-মাশরাফি—ওরা সবাই পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে।’গেইলের সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠার প্রশ্নই আসে না। সুপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটতে পারে যেকোনো মুহূর্তে, তাণ্ডবলীলায় মুহূর্তেই ছারখার হতে পারে বাংলাদেশ। তবে অন্তত আজকের দিনটাও সুপ্ত থাকুক না! সিরিজ জয়টা হয়ে গেলে গেইল-ঝড় উঠুক চাই না উঠুক, বাংলাদেশের কার কী এসে যায়!নিষ্প্রভ ক্রিস গেইলঢাকা টেস্ট২৪ ও ১৯খুলনা টেস্ট২৫ ও ২০*ওয়ানডে৩৫ ও ১৫