
৬ ফুট ৪ ইঞ্চি লম্বা, সুগঠিত শরীর। সব মিলিয়ে দেখতে দারুণ সুদর্শন। বল হাতে নিলে চাইতেন একেকটি গোলায় ব্যাটসম্যানকে উড়িয়ে দিতে, ব্যাটিংয়ে নামলে চাইতেন বোলারদের পিটিয়ে ছাতু বানাতে। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে যখন জায়গা পেতে লড়ছে দক্ষিণ আফ্রিকা, তিনি সেই যুগের নায়ক। জিমি সিনক্লেয়ারকে বলা যায় দক্ষিণ আফ্রিকার প্রথম তারকা। দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট সেঞ্চুরির কীর্তিটাও তাই অনায়াসেই মানিয়ে যায় তাঁর পাশে।মজার ব্যাপার হলো, ১৮৯৯ সালের ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউন টেস্টে যখন সেঞ্চুরিটা করলেন, দেশের হয়ে নয়, একটা জায়গায় টেস্ট ইতিহাসেরই ‘প্রথম’ হয়ে গেলেন সিনক্লেয়ার। ব্যাট হাতে ওই সেঞ্চুরির আগে যে বল হাতেও ‘সেঞ্চুরি’ করে এসেছেন! বল হাতে ৫ উইকেট নেওয়া তো ব্যাটিংয়ে সেঞ্চুরির সমানই! ১০৬ রানের ওই ইনিংসটির আগে প্রথম ইনিংসে বোলিংয়ে নিয়েছেন ৬ উইকেট। জন্মের ২২ বছর পর, ৫৯ নম্বর ম্যাচে এসে টেস্ট ক্রিকেট প্রথম দেখল একই ম্যাচে কোনো একজনের সেঞ্চুরি ও ৫ উইকেট।এমনিতে কাজটা খুব একটা কঠিন মনে না-ও হতে পারে। অলরাউন্ডারদের কাজই তো রান করা ও উইকেট নেওয়া। কিন্তু বাস্তবে কাজটা কতটা কঠিন, সেটার প্রমাণ পরিসংখ্যানেই। যুগে যুগে কত অলরাউন্ডারই তো এসেছেন ক্রিকেটে, কিন্তু ১৩৬ বছরের ইতিহাসে একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নিতে পেরেছেন মাত্র ২১ জন! টেস্টে ৮টি সেঞ্চুরি আছে কপিল দেবের, ইনিংসে ৫ উইকেট ২৩ বার, কিন্তু একবারও এই দুটি একসঙ্গে নয়। এই তালিকায় নাম লেখাতে পারেননি আশির দশকের আরেক বিখ্যাত অলরাউন্ডার রিচার্ড হ্যাডলিও। পারেননি অ্যালান ডেভিডসনসহ আরও অনেক নামী অলরাউন্ডার।কীর্তিমান ২১ জন, তবে কীর্তি ২৮টি। ইয়ান বোথাম এই ‘ডাবল’ করেছেন সর্বোচ্চ পাঁচবার। যেখানে গ্যারি সোবার্স, মুশতাক মোহাম্মদ ও জ্যাক ক্যালিস ছাড়া আর কেউ দুবারের বেশিই তা করতে পারেননি। সর্বশেষ এই কীর্তিটা বাংলাদেশের জন্য বড় একটা গর্ব হয়ে এসেছিল। ২০১১ সালে ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রান করার পর ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। ওই পারফরম্যান্সই তাঁকে ওয়ানডের পর টেস্ট র্যাঙ্কিংয়েরও শীর্ষে তুলে দিয়েছিল। বাংলাদেশ বলতে পেরেছিল—বিশ্বসেরা অলরাউন্ডার আমাদের! ২১ কীর্তিমানের মধ্যে বোথাম যেমন আলাদা হয়ে আছেন পাঁচবার করেছেন বলে, তেমনি একবার করেই আলাদা হয়ে আছেন একজন। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি ও ৫ উইকেটের কীর্তি যে একজনেরই। ১৯৬৫ সালে ইডেনে যখন টেস্ট অভিষেক হলো ব্রুস টেলরের, সম্বল শুধু ১০টি প্রথম শ্রেণীর ম্যাচের অভিজ্ঞতা। সেই টেলরই আটে নেমে নাদকার্নি-গুপ্তে-ভেঙ্কটরাঘবন স্পিনত্রয়ীকে তুলোধোনা করে ১০৫ রান করলেন মাত্র ১৫৮ মিনিটে। মূল কাজ যেটি, পরে সেই বোলিংয়ে নিলেন ৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন পরের টেস্টেও। এমন একটা শুরুর পর নিউজিল্যান্ড তাঁর মাঝে দেখছিল ভবিষ্যৎ এক গ্রেটের প্রতিচ্ছবি। তবে সেই কলি ফুল হয়ে ফুটতে পারেনি। ৩০টি টেস্ট খেলেছেন, পরে আরেকটি সেঞ্চুরির পরও ব্যাটিং-গড় ২০.৪০, উইকেট ১১১টি। সম্ভাব্য ‘গ্রেট’ ক্রিকেট ইতিহাসে রয়ে গেছেন গড়পড়তা মানের এক অলরাউন্ডার হিসাবে। তবে অভিষেকের ওই ‘ডাবল’ দিয়ে একটা জায়গায় তিনি এখনো অনন্য।
আজকের এই লেখার মূল অনুঘটকও আসলে তিনিই। অনন্য সেই টেলর জীবনের ইনিংসে ‘৭০’ পূর্ণ করছেন আজ। শুভ জন্মদিন ব্রুস টেলর!