যেখানে ১ নম্বর শারাপোভা
গত কয়েক বছর র্যাঙ্কিংয়ে উত্থান-পতন তাঁর। কখনো পাঁচে, কখনো নয়ে, কখনো বা চৌদ্দ কিংবা আঠারোতেও। কিন্তু একটা র্যাঙ্কিংয়ে তিনি সবচেয়ে ধারাবাহিক। ওই র্যাঙ্কিংয়ে তিনিই এক নম্বর—আয়ের র্যাঙ্কিং। বাজার বিশেষজ্ঞদের পূর্বাভাস, ২০১১-তেও মারিয়া শারাপোভা র্যাকেট হাতে টেনিস কোর্টে সফল হন কিংবা ব্যর্থ, অর্থ উপার্জনে তাঁকে টপকে যেতে পারবে না কেউই!২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন শিরোপা জিতে নজর কেড়েছিলেন সবার। কিন্তু একই সঙ্গে একটা অভিশাপও লেগেছিল তাঁর। শুরুতেই শারাপোভাকে শুনতে হয়েছিল নতুন ‘আনা কুর্নিকোভা’র উপমা। ক্যারিয়ারে কখনোই গ্র্যান্ড স্লাম শিরোপা না জিতেও বরাবরই মিডিয়ার আলো ছিল কুর্নিকোভার ওপর। শারাপোভা বারবার বলেছেন তিনি কুর্নিকোভা হতে আসেননি। কিন্তু ২০০৪ সালের পর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে দুই বছরের অপেক্ষা, তৃতীয়টি আসতে আরও দুই বছর—এই অধারাবাহিকতাই বারবার উসকে দিয়েছে আলোচনা। জোড় বছরে গ্র্যান্ড স্লাম জেতেন বলে ২০১০-এর দিকে অনেকেই আশা নিয়ে তাকিয়েছিলেন। শারাপোভা নিজে তো অবশ্যই। কিন্তু গ্র্যান্ড স্লাম তো দূর অস্ত, বছরজুড়ে শারাপোভার শো-কেসে ট্রফি জমা পড়েছেই মাত্র দুটো—মেমফিস আর স্ট্রাসবুর্গে।গত বছর প্রাইজমানি বাবদ আয় তাই মাত্র ৭ লাখ ডলার। কিন্তু ফোর্বস-এর হিসাব বলছে, ওই একই বছরে সব মিলে শারাপোভার আয় ২ কোটি ২৪ লাখ ডলার। যোগ-বিয়োগ নিশ্চয়ই আপনার জানা। হিসাব কষেই বের করে ফেলুন, কোর্টের বাইরে থেকে শারাপোভার আয়ের অঙ্কটা কত ছিল। কোর্টের আয়ের তুলনায় সেটি কত গুণ!মজার ব্যাপার হলো, ২০০৮ থেকেই শারাপোভার ফর্ম পড়তির দিকে। এবং ওই বছর থেকেই তাঁর আয়ের গতি ঊর্ধ্বমুখী, ২০১০-এ এসে তুলনামূলকভাবে আয়টা কমেছে। তাতে কোর্টে শারাপোভার ফর্ম-মন্দা নাকি অর্থনৈতিক মন্দা বেশি প্রভাব ফেলেছে, সেটাও গবেষণার বিষয়। ২০০৮ সালের শুরুটা অবশ্য দারুণ করেছিলেন। সরাসরি সেটে জিতে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু এর পর থেকেই পতনের শুরু। কাঁধের চোটের কারণে তো বছরের শেষার্ধটা খেলতেই পারেননি। শারাপোভা এরপর অন্তত কোর্টের কারণে আলোচনায় এসেছেন খুব কমই। সর্বশেষ তাঁকে নিয়ে বড় খবরটাও যেমন হয়েছে বাস্কেটবল খেলোয়াড় শাশা ভুয়াচিচের সঙ্গে বাগদানের কারণে।বিপণন পৃথিবীর কোর্টটা যে শারাপোভা বেশ ভালোমতোই দাপিয়ে বেড়াচ্ছেন, তা নিয়ে সন্দেহ নেই কারোই। এতেই যদি তিনি খুশি থাকতে চান, তাহলে তো কথাই নেই। তবে ২০০৮ সালে ফোর্বস-এর তালিকায় সেরা হওয়ার পর শারাপোভা নিজে যে মন্তব্যটি করেছিলেন, সেটি মনে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে শারাপোভাকেই। তিনি বলেছিলেন, ‘সবার আগে আমি একজন অ্যাথলেট’।মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ শারাপোভার তা ভালোই মনে আছে। নইলে সম্প্রতি এক অনুষ্ঠানে কেন বলবেন, ‘যখন ছোট ছিলাম, আমার স্বপ্ন ছিল গ্র্যান্ড স্লাম জিতব, এক নম্বর হব। এর সঙ্গে এসবও যে আসবে, সেটি কিন্তু কখনোই ভাবিনি।’অনুষ্ঠানটির আয়োজকের নাম জানতে চান? অবশ্যই শারাপোভার অনেক স্পনসরের একটি! ওয়েবসাইট।