যেতে হলো মানচিনিকেও
/>এফএ কাপের ফাইনালের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই যেন বেজে গিয়েছিল তাঁরও ‘শেষ বাঁশি’। বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটাই সত্যি হলো এরপর। ৪৪ বছর পর ম্যানচেস্টার সিটিকে লিগ শিরোপা জেতানোর পরের মৌসুমেই ছাঁটাই হলেন রবার্তো মানচিনি। এফএ কাপ শিরোপাটা জিতলেও হয়তো এই যাত্রা চাকরিটা টেকাতে পারতেন এই ইতালিয়ান কোচ। চ্যাম্পিয়নস লিগেও ব্যর্থ হয়েছেন। যদিও লিগে দুই নম্বরেই আছে সিটি। তবে ধৈর্যের দিক দিয়ে ‘নতুন আব্রামোভিচ’ শেখ মনসুর যে আসল আব্রামোভিচের মতোই, সেটাই যেন বুঝিয়ে দিলেন। এক বছরের ব্যর্থতাতেই মানচিনিকে বিদায়ের রাস্তা দেখিয়ে দিলেন আরব শেখ।
২০০৯ সালে মার্ক হিউজের জায়গায় এসেছিলেন কোচ হয়ে। একের পর এক তারকা খেলোয়াড় দলে টেনেছিল সিটি। ফলও পেয়েছিল। ২০১১ সালে মর্যাদার এফএ কাপ জিতেছিল তারা, ৩৫ বছরের মধ্যে যেটি ছিল প্রথম শিরোপা। আর গতবার তো ১৯৬৮ সালের পর প্রথম লিগও জেতালেন। এরপর খুশি হয়েই মানচিনিকে পাঁচ বছরের নতুন চুক্তি দিয়েছিল সিটি। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে বেতনের পেছনে সবচেয়ে বেশি টাকা ঢালা (যে অঙ্কটা ৩০ কোটি ডলারেরও বেশি) সিটি পর পর দুই বছর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়াটাই সম্ভবত হজম করতে পারেনি মালিকপক্ষ। সিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, রবার্তো মানচিনিকে ম্যানচেস্টার সিটির ম্যানেজারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মালিক, চেয়ারম্যান ও বোর্ডের জন্য এটা ছিল খুবই কঠিন একটা সিদ্ধান্ত।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বছরে ক্লাব যে লক্ষ্যগুলো স্থির করেছিল, তার কোনোটাই অর্জিত না হওয়াতেই নেওয়া হয়েছে এই কঠোর সিদ্ধান্ত। তাঁর উত্তরসূরির নাম এখনো ঘোষিত হয়নি। তবে মালাগার চিলিয়ান কোচ হোসে ম্যানুয়েল পেলেগ্রিনির নাম শোনা যাচ্ছে জোরেশোরে। সাধারণ একটা দল নিয়েও মালাগাকে এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ আটে নিয়ে গিয়েছিলেন পেলেগ্রিনি। তা ছাড়া রিয়াল মাদ্রিদের মতো ক্লাব সামলানোর অভিজ্ঞতাও আছে তাঁর। যদিও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি। কিন্তু কয়েকটি পত্রিকায় লেখা হয়েছে সিটির সঙ্গে নাকি চুক্তিও সই হয়েছে পেলেগ্রিনির। এটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও সিটির ব্যাপারে অনাগ্রহও কিন্তু প্রকাশ করেননি এই ৫৯ বছর বয়সী, ‘ম্যানচেস্টার সিটির কোচ হয়ে যাওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা। আমি কারও সঙ্গেই কোনো চুক্তি সই করিনি। তবে প্রতিবছরই বড় বড় ক্লাব আমার ব্যাপারে আগ্রহ দেখানোয় আমি খুবই সৌভাগ্যবান, গর্বিত।’ এএফপি, রয়টার্স।