যেন নিন্দুকদেরই রুখলেন সিজার

চার বছর আগে হল্যান্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনালে হেরে মাঠেই কেঁদেছিলেন ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজার। সেলেসাওদের বিদায় নিশ্চিত করে দেওয়া স্নাইডারের সেই গোলটি যে হয়েছিল তাঁরই এক ভুলে। চিলিকে টাইব্রেকার-লড়াইয়ে আটকে দেওয়া সিজার কেঁদে মাঠ ছাড়লেন কালও। কিন্তু সাফল্য আর ব্যর্থতার মধ্যে দূরত্বের পরিমাণ যতটুকু, সিজারের দুই কান্নার অনুভূতিতেও আছে একই রকম পার্থক্য। গত বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পুরো দায়ভার চাপানো হয়েছিল তাঁরই কাঁধে। সময়টা কাটছিল বিদ্রূপ আর অবজ্ঞার মাঝে। সাংবাদিকেরা তাঁর বিরুদ্ধে লিখছিলেন হাত খুলেই। ভবিষ্যতে কোনো দিন ব্রাজিলের গোলবার আগলাতে পারবেন কি না, সেই প্রশ্নটাও এসে যাচ্ছিল বারবার। চার বছর ধরে একটি ভুলের জের টেনেছেন। জাতীয় দলের পাশাপাশি ক্লাব দলেও হয়ে পড়ছিলেন অনাহূত। একসময়ের ইন্টার মিলান গোলরক্ষককে এবারের ইংলিশ মৌসুমটা কাটিয়ে দিতে হয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সের ডাগ আউটে বসেই । কাল চিলির বিপক্ষে দুটো পেনাল্টি ঠেকিয়ে কি নিন্দুকদেরই রুখে দিলেন সিজার?
চার বছর আগের সেই দুঃসময়ে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু স্কলারি কোচ হয়ে আস্থা রাখেন সিজারের ওপরই। সেই বিশ্বাসের প্রতিদান দিতে পারাটাই সবচেয়ে তৃপ্তিদায়ক লাগছে সিজারের, ‘গত বিশ্বকাপে আমরা বাদ পড়ার পর আমাকেই খলনায়ক হিসেবে দেখা হয়েছিল। কিন্তু তার পরও অনেকেই আমাকে উত্সাহ দিয়েছে। আমি তাদের জন্যই পরবর্তী বিশ্বকাপটা জিততে চেয়েছিলাম। আমি এখন শুধু সেই দিকে মনোযোগ ধরে রাখতে চাই।’
সিজার এবার ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখার নায়ক। এই সাফল্যকে নিজের অধ্যবসায়ের পুরস্কার হিসেবেই দেখেছেন ব্রাজিলের গোল-দুর্গের দ্বাররক্ষী, ‘এই ম্যাচেই আমি প্রমাণ পেয়েছি স্বপ্ন দেখলে অবশ্যই স্বপ্নকে তাড়া করা উচিত। হাল না ছাড়লে তা ধরা দেবেই।’
ম্যাচ শেষে সতীর্থেরা একে একে কাছে এসে স্তুতির বন্যায় ভাসিয়েছেন তাঁকে। সতীর্থদের ভালোবাসাই যেন অশ্রু হয়ে ঝরে পড়েছে তাঁর চোখজুড়ে। আবেগে ভেসে যাওয়ার সুযোগ অবশ্য এখন খুব বেশি নেই তাঁর। কাঁধে তাঁর দেশের মাটিতে বিশ্বকাপ জেতানোর গুরুদায়িত্ব। চার বছর আগের দুর্বিষহ দিনগুলোর প্রতিশোধ যে তিনি নিতে পারেন একমাত্র বিশ্বকাপ জিতেই।