যেন পাশের বাড়ির মেয়ে
কেমন জানি লাজুক লাজুক। এলো চুলে পদকমঞ্চে দাঁড়িয়ে যখন লাজরাঙা হাসিটা দেন, রেবেকা সনিকে দেখে মনে হয়, পাশের বাড়ির মেয়ে। এতটাই আপন।সেই পানিতে নামলে একই মেয়েরই যেন অন্য মূর্তি। রীতিমতো তোলেন ঝড়। দুই দিন ধরে মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক এই ঝড়ই দেখল। প্রথম সেমিফাইনালে ২ মিনিট ২০ সেকেন্ড টাইমিং গড়ে ভাঙলেন আগের বিশ্ব রেকর্ড। নিজের গড়া সেই বিশ্ব রেকর্ডের আয়ু এক দিনের বেশি থাকল না। নিজেই থাকতে দিলেন না। ফাইনালেই আবার নতুন বিশ্ব রেকর্ড। প্রথম নারী হিসেবে মিনিটের পর সেকেন্ডের কাঁটাটা নামিয়ে আনলেন ২০-এর নিচে। ২ মিনিট ১৯.৫৯ সেকেন্ড টাইমিং গড়ে সোনা জিতলেন রেবেকা সনি।মনে হতেই পারে, যেন পরিকল্পনা করেই এসেছিলেন এমন কিছু করবেন। সনি অবশ্য বললেন একেবারে উল্টো কথা, ‘রেকর্ড, মেডেল বা অন্য কোনো কিছুতেই আমি মনোযোগ দিইনি। আমি শুধু আরও একবার নিজের সাঁতারটাই সাঁতরাতে চেয়েছি।’ সঙ্গে যোগ করলেন, তবে স্বীকার করলেন, ‘সেই ছোটবেলা থেকেই আমি এটা ২.২০-এর নিচে নামিয়ে আনতে চেয়েছি। আমার কোচ প্রায়ই বলতেন, আমিই হতে পারি বিশ্বের প্রথম নারী যে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২.১৯-এ সাঁতরাতে পারে। তখন থেকেই আমি এটার পেছনে ছুটছি। অবশেষে এটা করতে পেরে খুবই ভালো লাগছে।’আগের রাতেই রেকর্ড ভেঙেছিলেন। পরদিনও রেকর্ড ভাঙবেন—এতটা প্রত্যাশা করা বাড়াবাড়িই ছিল। নিজেকেও সেই প্রত্যাশার চাপে ফেলে দিতে চাননি যুক্তরাষ্ট্রের ২৫ বছর বয়সী এই সাঁতারু, ‘আমি জানতামই না রেকর্ডটা আমার নাগালের মধ্যে আছে। আমি বরং ভাবছিলাম, “ঠিক আছে, আগের রাতে রেকর্ড গড়েছি, আজ বরং সোনাটাই জিতি।” দর্শকেরা খুব হইচই করছিল। তবে এটাতে বেশি মনোযোগ দিইনি। আমি শুধু দ্রুত শেষ করতে, দেয়ালটা ছুঁয়ে দিতে চেয়েছিলাম।’সাঁতার ভালোমতোই শেষ করেছেন। কিন্তু ঘড়ির দিতে তাকাতে নাকি ভয়ই পাচ্ছিলেন, যদি দেখেন প্রথম হননি! যখন তাকালেন, যুগপৎ আনন্দ ভিড় করল মনে। শুধু সোনাই জেতেননি, গড়েছেন নতুন বিশ্ব রেকর্ডও। একই ইভেন্টে সনি সোনা জিতেছিলেন গত অলিম্পিকেও। জিতেছেন গত বিশ্ব চ্যাম্পিয়নশিপও। পরশু এই ইভেন্টে রুপা জিতেছেন জাপানের সাতোমি সুজুকি। ব্রোঞ্জ রাশিয়ার ইউলিইয়া এফিমোভা। ‘কেমন অনুভব করছি, সেটা বলে বোঝাতে পারব না। কারণ এটাই আমার প্রথম অলিম্পিক। আর এবারেই দুটি পদক জেতা আমার প্রত্যাশার বাইরে’—বলেছেন সুজুকি। তবে এসবই আড়ালে পড়ে গেল রেবেকার অনন্য কীর্তিতে। এএফপি।