যেন পুরোনো দিনে ফেরা
বাইরের উৎসুক দর্শক তখনো মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ভেতরে ঢোকার অপেক্ষায়। গ্যালারির টিকিট নয়, হাতে লাকি কুপন ধরিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। সেটা নিয়েই কী এক মধুর টানে দর্শকেরা ঢুকল স্টেডিয়ামে। টানটা আবাহনী-মোহামেডান প্রীতি ফুটবল ম্যাচের।প্রীতি ম্যাচের মোড়কে আসলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সত্তর-আশির দশকের খেলোয়াড়দের মিলনমেলাই বসিয়েছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। চ্যানেলটির ১২ বছর পূর্তি উপলক্ষে হকি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটি অবশ্য হলো মাত্রই ৫০ মিনিট। গান বাজল, ডিজের সঙ্গে নাচল সমর্থকেরাও। নিছক বিনোদনের এই ম্যাচ অনেক দিন পর এক জায়গায় মেলাল পুরোনো দিনের খেলোয়াড়-কর্মকর্তাদের।মোহামেডানের জনি, সাব্বির, কাননদের বিপক্ষে ভালোই জমে উঠেছিল আবাহনীর অমলেশ, মোতালেব, খোরশেদ বাবুল, জয়, মাসুদ রানাদের লড়াই। ম্যাচের ৩৮ মিনিটে পারভেজ বাবুর ক্রস থেকে আত্মঘাতী গোল হজম করে মোহামেডান। প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের নির্ধারিত নির্বাহী সভা পর্যন্ত স্থগিত রাখে গতকাল! খেলা শেষে সবার জন্যই ছিল সান্ত্বনা পুরস্কার। সবার হাতে যেটি তুলে দেন ইমপ্রেস টেলিফিল্মস পরিচালনা পর্ষদের সদস্য এনায়েত হোসেন সিরাজ। উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ।