যেন ভিনগ্রহের ফুটবলার
ভিনগ্রহের মানুষ দেখতে চান? চলে যান স্পেনে। বার্সেলোনার ন্যু ক্যাম্পে দেখা মিলবে সেই ভিনগ্রহের আগন্তুকের। দেখতে আপনার আমার মতোই। দুটো হাত, দুটো পা। অবিকল মানুষ। কিন্তু বিভ্রান্ত হবেন না। মোটেও সে এই পৃথিবীর বাসিন্দা নয়। নাম তাঁর লিওনেল মেসি!কথাটা আর্সেন ওয়েঙ্গার ম্যাচের আগেও একবার বলেছিলেন। ম্যাচের পর সেই একই কথা একটু ঘুরিয়ে এবং জোর দিয়েই বলছেন, মেসি মোটেও রক্ত-মাংসের মানুষ নন। খুব সম্ভবত তিনি ভিডিও গেম থেকে উঠে আসা কোনো চরিত্র, ‘বার্সেলোনাকে অভিনন্দন। দুটি লেগেই যোগ্যতম দল ছিল ওরা। অসাধারণ একটা দল। কিন্তু মেসিই আসলে পার্থক্য গড়ে দেয়। যেকোনো মুহূর্তে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে ওর। ও যেন প্লে-স্টেশনের (ভিডিও গেম) খেলোয়াড়, যেকোনো সুযোগের সদ্ব্যবহার করার অদ্ভুত ক্ষমতা আছে তার।’মেসি ম্যারাডোনার মতো, কিংবা তাঁর চেয়েও ভালো কি না—এই বিতর্কে ওয়েঙ্গার যাননি। তবে ফরাসি এই কোচ জানিয়ে দিলেন, ‘এ মুহূর্তে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়, অন্যদের চেয়ে বিস্তর ব্যবধানে এগিয়েও। ও সব সময়ই ম্যাচে থাকে এমন নয়। কিন্তু যখন থাকে, ওকে থামানো যায় না। যেকোনো মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দিতে পারে ও। ফলে ওর মার্কার বা ডিফেন্ডার যে থাকে, দেখা যায়, সে পড়ে আছে মেসির উল্টো প্রান্তে, হাওয়ার সঙ্গে লড়ছে।’পরশু ন্যু ক্যাম্পে মেসির পাহারায় তিন-চারজনকে রাখিয়েও লাভ হয়নি। ওয়েঙ্গারের ধুরন্ধর ফুটবল-মস্তিষ্ক হার মেনে গেছে ২২ বছর বয়সী এক সদ্য তরুণের অসাধারণ ড্রিবলিং আর স্কিলের কাছে। বার্সেলোনার চার গোলের সব কটিই করেছেন মেসি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ম্যাচে চার গোল করার কৃতিত্ব আছে আর মাত্র পাঁচজনের। চ্যাম্পিয়নস লিগের আগের সংস্করণ ইউরোপিয়ান কাপকেও বিবেচনায় নিলে সংখ্যাটা মাত্র দুই বাড়ে।বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার কথা শুনে মনে হলো, বেচারা অকুল পাথারে পড়ে গেছেন। ভাষা খুঁজে পাচ্ছেন না। পাবেন কী করে? এক মেসির প্রশংসা হররোজ আর কত করা যায়! ফুটবল বিশ্ব বিশেষণ হারিয়ে ফেলছে, কিন্তু মেসি অক্লান্ত। লাপোর্তা শেষমেশ বলেছেন, ‘এই ম্যাচে অবিশ্বাস্য এক প্রতিভা খেলেছে, নাম লিও। কর্তৃত্বের সঙ্গে ও প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছে।’মেসি যেন নিজেকে নিরন্তর ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। ইউরোপ আর ফিফা বর্ষসেরার খেতাব জেতা গত মৌসুমে করেছিলেন ৩৮ গোল। এবার পরশুর ম্যাচ দিয়েই গোলসংখ্যা নিয়ে গেলেন ৩৯-এ। এখনো গোটা দশেক ম্যাচ বাকি। গত তিন মাসে চারটি হ্যাটট্রিক করা মেসি মৌসুমের শেষে সংখ্যাটা কোথায় নিয়ে যাবেন কে জানে!লাপোর্তার মতো একই সমস্যায় পেপ গার্দিওলা। এই ম্যাচে মেসির ওপর একটু বেশিই ভরসা করতে হয়েছিল কোচকে। জ্লাতান ইব্রাহিমোভিচ-আন্দ্রেস ইনিয়েস্তার (শেষ দিকে বদলি হিসেবে নেমেছেন) মতো দুই খেলোয়াড় ছিলেন না। কখনো মাঝমাঠে কখনো আক্রমণভাগে—মেসি একাই পূরণ করে গেলেন দুজনের অভাব। ‘লিওর সম্পর্কে সবাই যেসব প্রশংসা করছে, সবকিছুরই যোগ্য ও। (এই ম্যাচে) ও যেন পৃথিবীর বাইরের কেউ ছিল’—বলেছেন গার্দিওলা।দুর্ধর্ষ মেসিকে সবচেয়ে ভালো চিনেছেন ম্যানুয়েল আলমুনিয়া। আর্সেনালের স্প্যানিশ এই গোলরক্ষকই তো মেসি-জাদুর শেষ অঙ্কের শিকার। আরও গোটা তিনেক দুর্দান্ত সেভ না করলে ন্যু ক্যাম্প থেকে লজ্জা নিয়েই ফিরতে হতো ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে থাকা আর্সেনালকে। সেই আলমুনিয়া বলছেন, ‘দুর্দান্ত এক খেলোয়াড়। এই ম্যাচে তো ছিল অসাধারণ। গোলরক্ষক হলে আপনি সব সময়ই অনুমান করে নিতে চাইবেন ও কী করতে চাইছে। কিন্তু পারবেন না। ও যা করতে চায়, শেষ পর্যন্ত সেটা ঠিকই করে ফেলে। আমি যতজনের মুখোমুখি হয়েছি, তাদের মধ্যে ও সবচেয়ে ভালো খেলোয়াড়। আমার জন্য হয়তো আজকের রাতটা একটা দুঃসহ অভিজ্ঞতা হয়ে থাকবে। কিন্তু কোনো সন্দেহ নেই, ও-ই বিশ্বের সেরা খেলোয়াড়।’শেষ পর্যন্ত বড় পরাজয়ের লজ্জা নিয়ে ডোবা আর্সেনালই কিন্তু বেন্টনারের গোলে এগিয়ে গিয়েছিল ১৮ মিনিটের মধ্যে। সেই বেন্টনার পরাজয়ে হতাশ কিন্তু বিব্রত নন, ‘ম্যাচ যদি হারতেই হয়, তবে এমন একটা পারফরম্যান্সের কাছে হারতে রাজি আছি আমি। মেসি আসলেই একটা বিস্ময়।’যাঁকে নিয়ে এত তোলপাড়, সেই মেসি কী বলছেন? ‘আমাদের আরও ভালো খেলতে হবে। আরও ম্যাচ বাকি, কাজ বাকি।’ এ-ই হলেন লিওনেল মেসি! এএফপি।