যেন শুরুই হয়ে গেল এসএ গেমস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বরে ঢোকার মুখে বাধা পেলেন এক ভদ্রলোক। ব্যবসায়িক প্রয়োজনে তাঁর এখানে আসা শুনে নিরাপত্তারক্ষী সাফ জানিয়ে দিলেন, ‘আপনি আছেন ব্যবসা নিয়া। আমরা আছি সারা দেশ নিয়া। এশিয়ার সাফ গেমস হইতেছে এখানে...ভেতরে যাওয়া যাবে না।’নিরাপত্তারক্ষী তাঁর মতো করেই ব্যাপারটা বোঝালেন। তবে স্টেডিয়াম চত্বরে এখন ঢোকা আসলেই দায়। ২৯ জানুয়ারি উদ্বোধন হচ্ছে গেমস, এর আগে এখন গোটা এলাকা চলে গেছে নিরাপত্তাকর্মী আর হাজার হাজার ছেলেমেয়ের দখলে। স্কুলের পোশাক পরা একটা গ্রুপ স্টেডিয়ামের ভেতর থেকে বেরোচ্ছে, তো আরেক গ্রুপ ঢুকছে। সে এক এলাহি কাণ্ড!এটুকু বললেই এলাহি কাণ্ডের ছবিটা পরিষ্কার হয় না। ৯-১০ হাজার পারফর্মারের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়ার ব্যাপ্তিটা এত বড় যে, সুসজ্জিত একেকটি গ্রুপ রিহার্সেল দিয়ে যাচ্ছে কখনো গানের তালে, কখনো বাদ্যের তালে। ‘ও আমার মাইঝ্যা ভাই...সাইঝ্যা ভাই...কই গেলা রে...বাংলাদেশে কোনো আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে গানের অবধারিত এই পর্বটার কালকের অনুশীলন পর্ব ছিল দেখার মতো।কয়েক দিন আগেও বোঝা যায়নি, বাংলাদেশে এত বড় একটা আয়োজন হতে চলেছে। তবে যতই দিন যাচ্ছে, ততই উত্তাপ ছড়িয়ে আগমনী বার্তা ঘোষণা করছে একাদশ দক্ষিণ এশীয় গেমস। শহরের রাস্তায় রাস্তায় গেমসের বড় বড় ব্যানার-ফেস্টুন। গেমস-টেমসের খোঁজ যাঁরা রাখার প্রয়োজন বোধ করেন না, সেসব মানুষের কাছেও পৌঁছে যাচ্ছে এই আয়োজন। মোট কথা, এসএ গেমস নিয়ে এখন গোটা ক্রীড়াঙ্গনই বুঁদ হয়ে আছে। এত দিন যাঁরা আগ্রহ পাচ্ছিলেন না, এখন তাঁরা এগিয়ে এসেছেন। যুক্ত হয়েছেন নানাভাবে। ১৬ বছর পর এই আয়োজনটা সত্যিই যেন নতুন প্রাণের সঞ্চার করল ক্রীড়াঙ্গনে; যা দেখে এক সংগঠক বললেন, এই গেমসটা নানাভাবে গুরুত্বপূর্ণ। এখানে মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই সফল হওয়ার চ্যালেঞ্জ আছে। এই গেমসে সাফল্য না পেলে ক্রীড়াঙ্গনটা আরও মরেই যাবে!ভেন্যুগুলোতে এখন চলছে শেষ সময়ের রঙের প্রলেপ। বিওএ ভবনে সারা দিন অফিস করছেন বিওএর প্রধান জেনারেল আব্দুল মুবীন। ক্রীড়া প্রতিমন্ত্রীর কথাটা বলা দরকার আলাদাভাবে। সেদিন স্টেডিয়াম এলাকায় এক কর্মী বললেন, ‘মন্ত্রী ঘুরতেছেন...ঘুরে ঘুরে সব দেখতেছেন। এখন তো দেখি সারা দিনই তিনি এই হানে পইড়া থাকেন...।’চলে আসছে দলগুলো। পরশু রাত সাড়ে আটটায় আসার কথা থাকলেও ভিসাসংক্রান্ত জটিলতায় সময়মতো আসতে পারেনি মালদ্বীপের অ্যাথলেটিকস দল। এসেছে কাল। এদিন নেপালের শেফ ডি মিশনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চলে এসেছেন। পাকিস্তানের একটি টেকনিক্যাল দলও এসে গেছে। আজ নেপালের একটি বড় দল এসে যাচ্ছে। কাল পাকিস্তানের পুরো দলই। ২৮ তারিখ বিশেষ বিমানে আসছে শ্রীলঙ্কা দল। ভুটান ফুটবল দলও এরই মধ্যে পৌঁছে যাওয়ার কথা বাংলাদেশে।শ্রীলঙ্কা থেকে গেমসের মশালও এসেছে। ওটা রাখা হয়েছে বনানী আর্মি স্টেডিয়ামে। কলম্বোর মেয়রের তা হস্তান্তর করার কথা ঢাকার মেয়রের কাছে। ২৮ ফেব্রুয়ারি মেঘনা ঘাটে মশাল প্রজ্বালন করা হবে, ওই অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে আজই বাংলাদেশ দলের ক্রীড়াবিদদের গণভবনে নিয়ে যাওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে।