যেন স্বপ্ন দেখছিলেন শিরীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াইল্ড কার্ড নয়, যেন ‘চাঁদ’ হাতে পেলেন মেজবাহ আহমেদ-শিরীন আক্তার। দেশের দ্রুততম মানব-মানবীর এই হাসিই তো বলে দিচ্ছে সব। কাল অ্যাথলেটিকস ফেডারেশনের বারান্দায় l প্রথম আলো
ওয়াইল্ড কার্ড নয়, যেন ‘চাঁদ’ হাতে পেলেন মেজবাহ আহমেদ-শিরীন আক্তার। দেশের দ্রুততম মানব-মানবীর এই হাসিই তো বলে দিচ্ছে সব। কাল অ্যাথলেটিকস ফেডারেশনের বারান্দায় l প্রথম আলো

পরশু রাতে মুঠোফোন পাশে রেখে ঘুমাচ্ছিলেন। হঠাৎই অ্যাথলেট শিরীন আক্তারের সেই ফোনটা বেজে ওঠে। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস টেলিফোনে দেশের দ্রুততম মানবীকে দিলেন সুসংবাদ, ‘তুমি ব্রাজিল যাচ্ছ।’ খবরটা শোনার পর কিছুক্ষণ চুপ করে বসে ছিলেন শিরীন। নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছিল না! ভেবেছিলেন ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেছেন। পরে মুঠোফোনের কললিস্ট আবারও চেক করে নিশ্চিত হলেন, ব্যাপারটা সত্যি।
অবশেষে ওয়াইল্ড কার্ড নিয়ে রিও অলিম্পিকে যাচ্ছেন দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও মানবী শিরীন আক্তার। এ পর্যন্ত সব অলিম্পিকেই ‘মাদার গেম অব স্পোর্টস’-খ্যাত অ্যাথলেটিকস থেকে বাংলাদেশের কোনো না-কোনো প্রতিযোগী অংশ নিয়েছেন। এবারও যাবে না তা কি হয়! শেষ পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) পরশু রাতে বাংলাদেশের অ্যাথলেটিকসের জন্য দুটি ওয়াইল্ড কার্ড বরাদ্দ করেছে।
১৪ জুলাইয়ের মধ্যেই ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়েছিল শুটার আবদুল্লাহ হেল বাকি, আর্চার শ্যামলী রায়, সাঁতারু মাহফিজুর রহমান (সাগর) ও সোনিয়া আক্তারের (টুম্পা)। কিন্তু ওয়াইল্ড কার্ড পাওয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন অ্যাথলেট মেজবাহ-শিরীন। এরপরই ফেডারেশন থেকে ইব্রাহিম চেঙ্গিস মেইল করেন আইএএএফের (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক ফেডারেশন) সভাপতি সেবাস্তিয়ান কোকে। পরশু রাতে কোই চেঙ্গিসকে আশ্বস্ত করেন, বাংলাদেশকে ওয়াইল্ড কার্ড দেওয়া হবে। এরপর ওই দিন বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় আয়োজকদের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় সুসংবাদটা।
খবরটা শোনার পর থেকেই রোমাঞ্চিত শিরীন, ‘এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। তখন আমি ঘুমাচ্ছিলাম। এরপর উঠে চোখে-মুখে পানি দিয়ে কললিস্ট চেক করি। মনে হচ্ছিল, সত্যিই কথা বলেছি, নাকি স্বপ্ন দেখলাম? এরপর ইন্টারনেটে ঢুকে দেখি সত্যি আমার নাম রয়েছে ওয়াইল্ড কার্ডের তালিকায়। আমার একটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে।’
শিরীন ক্যারিয়ারের সেরা টাইমিং করেছিলেন গুয়াহাটিতে সর্বশেষ এসএ গেমসে। ১০০ মিটার স্প্রিন্টে সময় লেগেছিল ১১.৯৯ সেকেন্ড। এবারের অলিম্পিকে এই টাইমিং টপকে যেতে চান শিরীন।
দেশের টানা চারবারের দ্রুততম মানব মেজবাহও প্রথম ব্রাজিলে যাওয়ার খবরটা শোনেন সতীর্থ শিরীনের কাছে। গত কয়েক দিন সংবাদমাধ্যমের খবর দেখে একরকম আশা ছেড়েই দিয়েছিলেন নৌবাহিনীর অ্যাথলেট। কাল মেজবাহর কণ্ঠে ছিল বিস্ময়, ‘খবরটা শুনে একটু অবাকই হয়েছিলাম। গত লন্ডন অলিম্পিকে যেতে পারিনি। তবে ওই সময়ই প্রতিজ্ঞা করেছিলাম, পরের অলিম্পিকে আমিই যাব। শেষ পর্যন্ত যাওয়া হচ্ছিল না দেখে খুব মন খারাপ হয়েছিল। তবে এখন যেতে পারছি ভেবে ভীষণ আনন্দ হচ্ছে।’
আগামী ১ আগস্ট সাঁতার দলের সঙ্গে ব্রাজিল যাবেন মেজবাহ ও শিরীন। এবারের অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সাতজন খেলোয়াড়।