যেভাবে আলোয় ‘অন্ধকার অধ্যায়’
মাজহার মাজিদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের ঘনিষ্ঠ মেলামেশা নিয়ে হেডিংলি টেস্টের সময় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল পাকিস্তানের একটি শীর্ষ দৈনিকে। ব্যাপারটা অনুসন্ধানে আটঘাট বেঁধে নামে নিউজ অব দ্য ওয়ার্ল্ড। কেভিন পিটারসেনের সঙ্গে সেই সময়ের কোচ পিটার মুরসের ঝামেলা, সাঁতারু মাইকেল ফেল্পেসর গাঁজা-কেলেঙ্কারি, ডেভিড বেকহামের পরকীয়া, শেন ওয়ার্নের ‘কুকীর্তি’সহ বেশ কটি বোমা ফাটানো খবর ফাঁস করে দারুণ অলোচনার জন্ম দিয়েছিল ট্যাবলয়েডটি। হাঁড়ির খবর বের করতে জুয়াড়ির ছদ্মবেশে তাদের এক প্রতিবেদক ঘনিষ্ঠতা গড়েন মাজিদের সঙ্গে। ওয়েবসাইট।প্রথমে মধ্যপ্রাচ্যে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে মাজিদের সহযোগিতা চান বড় একটা জুয়াড়ি দলের প্রধান হিসেবে পরিচয় দেওয়া ওই প্রতিবেদক। পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক আছে জানিয়ে মাজিদ আশ্বস্ত করেন, টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে ক্রিকেটারদের রাজি করাতে পারবেন। তবে প্রথম দিকে ভেতরের কথা কিছুই বলছিলেন না সতর্ক মাজিদ।সাংবাদিকটিও হাল ছাড়ার পাত্র নন। পিছু লেগে থেকে একসময় মাজিদের বিশ্বাস অর্জন করেন। ওভাল টেস্টের প্রথম দিন শেষে মাজিদ জানান, খেলাটায় এখনো অবৈধ পথে অনেক টাকার ছড়াছড়ি। ‘আমি তো জানতাম, এখন আর ওসব হয় না’—বিস্ময়ের ভান করেন ওই সাংবাদিক। মাজিদ উত্তর দেন, ‘কমেছে, তবে এখনো বন্ধ হয়নি। যার-তার সঙ্গে ক্রিকেটাররা এখন আর ওসব করে না। আমার সঙ্গে করে, কারণ আমি পেশাদার। তারা আমাকে অনেক দিন ধরে চেনে। পাকিস্তান দলের সঙ্গে আমি এসব করছি আড়াই বছর ধরে, কত টাকা যে আমরা বানিয়েছি হিসাব নেই।’ভারতীয় একটি গ্রুপের সঙ্গেও নাকি আঁতাত আছে মাজিদের। তথ্য দেওয়ার জন্য ওই গ্রুপটি মাজিদকে প্রচুর অর্থ দেয়, একবারে সাড়ে চার লাখ পাউন্ড দেওয়ার ঘটনাও আছে। ঘনিষ্ঠতা আরও বাড়ার পর প্রতিবেদক তাঁর মোক্ষম চালটি চালেন। পাকিস্তান দলে সত্যিই প্রভাব আছে, এটা প্রমাণ করতে বলেন মাজিদকে। ১০ হাজার পাউন্ডের বিনিময়ে প্রমাণ দেখাতে রাজি হন মাজিদ। ৫০ পাউন্ডের ১০টি বান্ডিলে অর্থ দেন প্রতিবেদক, প্রমাণও দিয়ে দেন মাজিদ। আসিফ-আমিরের ওই তিনটি নো-বলই সেই প্রমাণ। প্রমাণ দেওয়ার জন্য প্রতিবেদকের সামনে আমিরের সঙ্গে ফোনে কথাও বলেছেন মাজিদ। একটি ভারতীয় রেস্তোরাঁয় পরিচয় করিয়ে দিয়েছেন বাট, ওয়াহাব রিয়াজ ও উমর আমিনের সঙ্গে।মাজিদ ওই প্রতিবেদককে বলেছিলেন, ম্যাচের প্রথম ওভারটি করবেন আমির, ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলটি করবেন নো। ঠিক তাই হয়েছিল, বিশাল নো-বল করেছিলেন আমির। কথা ছিল দশম ওভারটি করবেন আসিফ ও শেষ বলটি হবে নো। হয়েছেও তাই। কথা ছিল, ইংল্যান্ডের দুই বাঁহাতি ওপেনার আউট হওয়ার পর ডানহাতি ব্যাটসম্যানকে প্রথম ওভারেই নো-বল করবেন আমির। কিন্তু ডানহাতি ট্রট নামার পর ওই দিন বৃষ্টিতে খেলা হয়নি। পরে ঠিক হয়, দ্বিতীয় দিনে নিজের তৃতীয় ওভারের প্রথম বলটি নো করবেন আমির এবং কথা রেখেছেন। এরপর আরও বড় কিছুর জন্য মাজিদকে দেড় লাখ পাউন্ড দেন প্রতিবেদক। পুরো ঘটনাই ভিডিওতে ধারণ করা হয় গোপন ভিডিও ক্যামেরায়।