যেভাবে চিনছি বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল
বল

বল
ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ছিল বোসা নোভা, ব্রাজুকা ও কানাভালেসকা। বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম বেছে নিতে এরপর নেওয়া হলো অনলাইন ভোট। প্রায় ৭৭ শতাংশ ভোট পেয়ে ভূমিধস জয় যে ব্রাজুকার, সেটা না বললেও চলে। এক শব্দে ব্রাজিলিয়ানদের জীবনযাপনের রীতিটাকে বলা হয় ‘ব্রাজুকা’। ফুটবলের প্রতি ব্রাজিলিয়ানদের দৃষ্টিভঙ্গি, গর্ব, শুভকামনারও প্রকাশ এই শব্দ। ৪৩৭ গ্রাম ওজনের ফিফার দ্বাদশ বিশ্বকাপ অফিশিয়াল বলটাকে এবার মুড়ে দেওয়া হয়েছে প্রপেলার আকৃতির ছয়টি পলিইউরেথেন প্যানেল দিয়ে। এই প্যানেলের কারণেই বলটা একটু বেশি গোল, যে জন্য বাতাসে এর গতিও হবে বেশি। তবে গতবারের জাবুলানির মতো অননুমেয় আচরণ করবে না ব্রাজুকা।

মাসকট
মাসকট

মাসকট
হলুদ-নীল শরীরের সঙ্গে বড় বড় দুটি চোখ। চোখজোড়ায় খেলা করছে রাজ্যের বিস্ময়। এই হলো ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মাসকট ফুলেকো। দুই বছর আগে রীতিমতো ভোটাভুটি করেই বেছে নেওয়া হয়েছে ফুলেকো নামটা। প্রতিদ্বন্দ্বিতায় থাকা অন্য দুটি নাম ছিল জুজেকো ও আমিজুবি। ফুলেকো আরমাডিল্লো গোত্রের একটি স্তন্যপায়ী প্রাণী। যেটির অস্তিত্ব এখন হুমকির মুখে। ফুলেকো নামটা এসেছে পর্তুগিজ শব্দ ‘ফুটেবল’ (ফুটবল) ও ‘ইকোলোজিয়া’ (পরিবেশ) থেকে। ফুলেকো শুধু ফুটবল সৌন্দর্যের জয়গানই গাইবে না, বিপন্ন প্রজাতির আরমাডিল্লোসহ হুমকির মুখে পড়া অন্য সব প্রাণীর অস্তিত্ব রক্ষার জন্য সচেতনতা তৈরিরও কাজ করবে।

লোগো
লোগো

লোগো
সোনালি সৈকত ও মহাবন আমাজন। ব্রাজিল নামের বিশাল দেশটির দুটি প্রতীক। আমাজনের সবুজ ও সোনালি সৈকতের হলুদ, ব্রাজিলের জাতীয় পতাকার প্রধান দুটি রংও। এবারের বিশ্বকাপের লোগোর নকশায় এই দুটি রংই স্থান পেয়েছে। ১২৫টি নকশা থেকে নির্বাচিত লোগোয় বিশ্বকাপকে উঁচিয়ে ধরেছে তিনটি হাত। প্রতীকটির অনুপ্রেরণা বিখ্যাত এক আলোকচিত্র। বিশ্বকাপ ট্রফিতে আঁকা পরস্পর সংযুক্ত হাতগুলো ঊর্ধ্বে তুলে ধরেছে বিশ্বমানবতাকে। বিভিন্ন রঙের সমারোহ ব্রাজিলের আধুনিক বহুজাতিক সমাজের ছবিটাকেও ফুটিয়ে তুলেছে খুব সহজে।