যেভাবে জেগে উঠল জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আধমরাদের ঘা মেরে তুই বাঁচা’—রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিশ্চয়ই পড়েননি জুভেন্টাসের ফুটবলাররা। তবে পথ হারানো ক্লাবটির প্রয়োজন ছিল এমনই এক ঘা। নিজেদের অজান্তেই প্রতিদ্বন্দ্বীদের জাগিয়ে তোলার এ কাজটা করেছেন এসি মিলানের ফুটবলাররা। জিয়ানলুইজি বুফন জানাচ্ছেন, সেই আঘাতেই জেগে উঠে শিরোপা জিতেছে জুভেন্টাস!২০০৬ সালের ম্যাচ পাতানো বিতর্কে টালমাটাল ইতালিয়ান ফুটবলে সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল জুভেন্টাসের গায়েই। সিরি ‘বি’ ঘুরে সিরি ‘আ’-তে ফিরে এলেও নিজেদের হারিয়ে খুঁজছিল। সর্বশেষ দুই মৌসুমে তো ছিল ৭ নম্বরে। গত আগস্টে জুভেন্টাসের নতুন স্টেডিয়ামের উদ্বোধনের সময় বুফনের মনে হলো, এবার সময় হয়েছে ঘুরে দাঁড়ানোর।শিরোপা জয়ের পর নিজেদের ফিরে পাওয়ার গল্প শোনালেন বুফন, ‘জুভেন্টাস স্টেডিয়াম উদ্বোধনের পরদিনই আমি অনেককে বলেছিলাম, আমরাই এবার স্কুডেট্টো জিতব। নতুন স্টেডিয়ামে আমি মোহিত হয়ে গিয়েছিলাম, এটা ছিল বড় একটা অনুপ্রেরণা। জাতীয় দলের ম্যাচের সময় মিলানের কয়েকজনকেও বলেছিলাম একই কথা, ওরা হেসে উড়িয়ে দিল! ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছিল। অনুভব করেছিলাম, আমরা ইতিহাস গড়া এক ক্লাবের অংশ, এভাবে পেছনে পড়ে থাকলে চলবে না। আগস্টেই আমি বলেছিলাম, স্বপ্নের খোঁজ পেয়ে গেছি। আর সেটা হওয়া মানে, অন্যদের বিপদ!’বুফনকে খোঁচা দিয়ে পরোক্ষে নিজেদের সর্বনাশ ডেকে আনা মিলান অভিনন্দন জানিয়েছে চ্যাম্পিয়নদের। শিরোপা হারানোর যন্ত্রণা তীব্র হয়েছে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে। বুকে সেই যন্ত্রণা পুষেই জুভেন্টাসকে অভিনন্দন জানিয়েছেন মিলান গোলকিপার মার্কো অ্যামেলিয়া, ‘একই সঙ্গে ডার্বি হারা ও স্কুডেট্টো হারানো আমাদের যথেষ্টই পোড়াচ্ছে। তবে জুভেন্টাস এ মৌসুমে অসাধারণ খেলেছে এবং শিরোপা ওদের প্রাপ্য।’ অভিনন্দন জানিয়েছেন সিলভিও বেরলুসকোনিও। তবে মিলান প্রেসিডেন্টের কণ্ঠে ছিল নিজেদের নিয়ে আক্ষেপ, ‘শিরোপাটা আমরা হাত থেকে ফেলে দিয়েছি। তবে জুভেন্টাস যে অধ্যবসায় দেখিয়েছে এবং যেভাবে পুরো লিগে অপরাজেয় থেকেছে, শিরোপাটা ওদের প্রাপ্য।’ম্যাচ পাতানোর অভিযোগে কেড়ে নেওয়া দুটি শিরোপার আক্ষেপ অবশ্য ভুলতে পারছে না জুভেন্টাস। বুফন আবারও বলেছেন, ‘আমরা ২৮ না ৩০টি শিরোপা জিতেছি, এই বিতর্ক মনে হয় কখনোই শেষ হবে না, চলতেই থাকবে।’ বিতর্কের আঁচ একটু হলেও বেশি লাগছে ইন্টার মিলানের। জুভেন্টাসের দুই শিরোপার একটি দেওয়া হয়েছিল ইন্টারকেই। জুভেন্টাসের পতন থেকেই ইন্টারের সুসময়ের শুরু, ওই শিরোপাসহ জিতেছে টানা পাঁচটি সিরি ‘আ’। ইন্টার প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তি জুভেন্টাসকে অভিনন্দন জানাতে গিয়ে একটা খোঁচাও দিয়েছেন, ‘শিরোপা জুভেন্টাসের প্রাপ্য ছিল। তবে আশা করি, ওরা আর কোনো বিতর্কের জন্ম দেবে না।’ ওয়েবসাইট।