যেভাবে ফাঁদ পাতে জুয়াড়িরা

স্পট ফিক্সিং ধারণার সঙ্গে ক্রিকেট বিশ্বের পরিচয় হয়েছিল ২০১০ সালে, পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময়। স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছিল তিন পাকিস্তানি ক্রিকেটার—সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে। তিন বছর পর আবার ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে এই স্পট ফিক্সিং কেলেঙ্কারি। এবার ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলে স্পট ফিক্সিং করার দায়ে গ্রেপ্তার হয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার—শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভান।কীভাবে মাঠে সংকেতের মাধ্যমে ম্যাচ পাতানো হয়, কী পরিমাণ অর্থ লেনদেন হয়—এসব উদঘাটিত হয়েছে পুলিশি তদন্তে।এবার জানা যাচ্ছে জুয়াড়িরা ক্রিকেটারদের এই দুর্নীতির ফাঁদে কীভাবে জড়ান, কীভাবে তাঁদের পরিচয় হয় ইত্যাদিও।জুয়াড়িরা খুব ভালোভাবে যাচাই-বাছাই করে তারপর একজন ক্রিকেটারকে এই স্পট ফিক্সিং বা ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়। আইপিএলের ক্ষেত্রে জুয়াড়িরা টার্গেট করে মূলত দুই ধরনের খেলোয়াড়কে। এক. যাঁরা ভারতের ঘরোয়া ক্রিকেটার, কিন্তু নিলামের বাইরে। এ ধরনের খেলোয়াড়েরা আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে পান ২০ থেকে ৩০ লাখ টাকা। জুয়াড়িরা এই ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করেন যে, চাইলে এই পরিমাণ টাকা বা তার চেয়ে বেশি টাকা কামানো যায় এক-দুটো ম্যাচে দুর্নীতি করে। দ্বিতীয় টার্গেট হতে পারেন নিচের সারির বিদেশি ক্রিকেটাররা, যাঁদের নিজ দেশের হয়ে খেলার খুব একটা সম্ভাবনা নেই এবং আইপিএলেও খুব বেশি টাকা পাচ্ছেন না। তাঁরা প্রলুব্ধ হতে পারেন অল্প সময়ে অনেক বেশি টাকা কামিয়ে নেওয়ার জন্য।
জুয়াড়িদের সঙ্গে ক্রিকেটারদের পরিচয়টা বেশির ভাগ ক্ষেত্রেই হয়ে থাকে ব্রেকফাস্ট টেবিলে। যে হোটেলে ক্রিকেটাররা থাকেন, সেখানেই ঘর ভাড়া নেয় জুয়াড়িরা। তারপর ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য বা মনোভাব বোঝার জন্য তারা বেছে নেয় খাবার টেবিল। সেখানেই খেতে খেতে একে-অন্যের সঙ্গে পরিচিত হন জুয়াড়ি ও ক্রিকেটাররা। বেশির ভাগ ক্ষেত্রে পরবর্তী ধাপে যাওয়ার জন্য খাবার বিলটাও দিয়ে দেয় জুয়াড়িরা। এরপর তাদের চেষ্টা থাকে ঘনিষ্ঠতা বাড়ানোর দিকে। ব্রেকফাস্ট থেকে ধীরে ধীরে আলাপটা গড়ায় ডিনারের টেবিল পর্যন্ত।
নির্দিষ্ট ক্রিকেটারের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ হওয়া গেছে বুঝতে পারলে জাল বিস্তার শুরু করে জুয়াড়িরা। বেশির ভাগ ক্ষেত্রে সুন্দরী নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লোভ দেখানো হয় ক্রিকেটারদের। এমনকি স্পন্সর ধরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। আইপিএলের মতো প্রতিযোগিতায় ম্যাচ শেষের পার্টিতে ঢুকে এসব আলাপ শুরু করে জুয়াড়িরা।
তবে চট করেই কোনো ক্রিকেটারকে স্পট ফিক্সিং বা ম্যাচ পাতানোর প্রস্তাব দেয় না জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা। কারণ, তাদেরও ভয় থাকে, যদি বিশ্বস্ত না হয় বা ঠিকমতো মিলমিশ না হয়, তাহলে বিপাকে পড়ার আশঙ্কা থাকে। খুব বুঝেশুনে, বন্ধুত্ব দৃঢ় হলে তার পরই মনের কথাটা প্রকাশ করে তারা। প্রথমে হয়তো ওই ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্স, দলের অবস্থা ইত্যাদি নিয়ে আলাপ-আলোচনা হবে; তারপর সময় যত এগোবে, ততই সরাসরি প্রস্তাব আসতে থাকবে ম্যাচ পাতানোর। ওয়েবসাইট।