যেভাবে বাদ মৌমিতা-মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিল টেনিসের মহিলা এককের বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মৌমিতা আলম (রুমি)। অথচ তাঁকে ছাড়াই বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে খেলতে জাপান যাবে বাংলাদেশ দল। ২৮ এপ্রিল টোকিওতে শুরু হবে এই প্রতিযোগিতা।
মৌমিতার অভিযোগ, কোনো এক ফেডারেশন কর্মকর্তার ব্যক্তিগত ঈর্ষার বলি হয়েই তিনি বাদ পড়েছেন। একই কারণে পুরুষ দল থেকে বাদ পড়েছেন তাঁর স্বামী সাবেক চ্যাম্পিয়ন মাহবুব বিল্লাহও!
চূড়ান্ত বাছাইয়ে টিকে যাওয়ার পরও টিটির এই দম্পতি বাদ পড়েছেন। মৌমিতাকে ফেডারেশন যে অব্যাহতি পত্র দিয়েছে, তাতে চোটকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর মাহবুব বাদ পড়েছেন শৃঙ্খলাভঙ্গের কারণে। এ ব্যাপারে জানতে চাইলে ফেডারেশন সাধারণ সম্পাদক জোবেরা রহমান লিনু কাল বললেন, ‘এই সিদ্ধান্ত আমার একার নয়। এটা ইসির সভার সিদ্ধান্ত। রুমি পিঠের ব্যথার কারণে খেলতে পারছিল না। অনুশীলন ক্যাম্পেও যোগ দেয়নি। ওর দেওয়া চিকিত্সাপত্রেও লেখা আছে, চিকিত্সক তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। এর পরও ও ক্যাম্পে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেছে। এর পরই সবাই এই সিদ্ধান্ত নিয়েছে।’
ফেডারেশন সম্পাদকের বক্তব্য জেনে মৌমিতা বলেছেন, ‘আমি এখন পুরো সুস্থ। খেলার মতো ফিট। আমি ফিটনেস সার্টিফিকেটও দিয়েছি ফেডারেশনকে। কিন্তু তাঁরা আমাদের কোনো কথা শুনছেন না। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই আমাকে বাদ দেওয়া হয়েছে।’
খেলাটা দলগত চ্যাম্পিয়নশিপের। কিন্তু মাত্র দুজন মহিলা খেলোয়াড়কে জাপানে পাঠাচ্ছে ফেডারেশন। সেখানে গিয়ে কেউ চোটে পড়লে তো আরও বড় সমস্যা হবে বাংলাদেশ দলের!
সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর এভাবে বাদ পড়ায় বিস্মিত মাহবুব বিল্লাহ, ‘আমি প্রথমে জাপানে খেলতেই যেতে চাইনি। কিন্তু ফেডারেশনের অনুরোধে গত মাসে ঢাকায় এসে ভিসা করিয়েছি। এখন বলা হচ্ছে, শৃঙ্খলাভঙ্গের কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টা চূড়ান্ত হাস্যকর। আমাদের মতো খেলোয়াড়দের সামনে রেখেই তাঁরা জাপানে যাওয়ার ভিসা করিয়েছেন। এখন আমাদেরই বিদেশে খেলতে যেতে দেবেন না!’