যেভাবে মিলল ডাচ-অঙ্ক

লোডভিক ডি ক্রুইফের পছন্দ ডাচ ছন্দ। সবাই ওঠো, সবাই রক্ষণ করো। আধুনিক ফুটবল আসলে এমনই। বাংলাদেশ দলের সেই সামর্থ্য আসলে নেই। আক্রমণে উঠলে রক্ষণ আলগা হয়ে পড়ে, রক্ষণব্যস্ততা আক্রমণের গতি করে শ্লথ। সেই অবস্থাটা বুঝি বদলাতে শুরু করেছে ডাচ কোচের ছোঁয়ায়।
দ্রুতগতির থাইল্যান্ড যুব দলকে হারাতে বাংলাদেশ খেলেছে কুশলী ফুটবল। নিজেদের সীমানায় ধীরস্থির থেকে প্রতিপক্ষকে থামানো, কর্নার-ফ্রিকিক না দেওয়া, অহেতুক ফাউল করে বিপদ ডেকে না আনা...বাংলাদেশ দল অতিরিক্ত সতর্কই থাকল।
মামুনুলরা কোচের পরিকল্পনা অনুযায়ীই খেলেছেন। বেশির ভাগ সময়ই যেটি তাঁরা পারেন না। সুখবর অবশ্যই, শ্রীলঙ্কা ম্যাচের উজ্জীবনী শক্তিতে কাল আরও কম ভুল করেছে বাংলাদেশ। ভুল কম মানেই তো ম্যাচ জেতার সম্ভবনা!
প্রতিপক্ষ বল পেলে দ্রুতই তা কেড়ে নেওয়ার যে পরিকল্পনা ছিল, সেটিতে বাংলাদেশ প্রায় শতভাগ সফল। বল পজেশনে বাংলাদেশ ৫১, থাইল্যান্ড ৪৯। দুই দলই সমানভাবে বল পায়ে রেখেছে। কিন্তু আক্রমণ গড়ায় এগিয়ে ছিল বাংলাদেশ।
সেটির মূল কৃতিত্ব সক্রিয় মাঝমাঠের। বাঁ দিকে সোহেল রানা, ডানে জাহিদ। মাঝখানে মামুনুল, হেমন্ত। সোহেল-জাহিদ প্রচুর ক্রস তুলেছেন। জাহিদ বলের কাছে ছিলেন অন্যদিনের তুলনায় বেশি, মাঠে তাঁর নড়াচড়া বেশ কাজে দিয়েছে। ম্যাচসেরার পুরস্কারটা উঠল জাহিদের হাতে, তবে বরাবরের মতো আড়ালে সেই একজন—জামাল ভূঁইয়া। আসল ম্যাচসেরা তো ডি ক্রুইফের বিশেষ পছন্দের এই তরুণই।
সত্যি বলতে, বাংলাদেশ দলে ডেনমার্কপ্রবাসী জামালের অন্তর্ভুক্তি আশীর্বাদের মতোই। সেটিও ডাচ কোচের কল্যাণেই। শুরুর দিকে সতীর্থদের অনেকে মনে করতেন, উড়ে এসে জুড়ে বসলেন বুঝি। কিন্তু বাংলাদেশ দলের জার্সিতে প্রায় গোটা বিশেক ম্যাচ খেলে জামাল প্রমাণ দিয়েছেন রক্ষণ ও আক্রমণে সেতু গড়তে দলে তাঁর বিকল্প নেই। জামালকে তো দক্ষিণ এশিয়ার সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার এমনিতেই বলে যাননি শ্রীলঙ্কার কোচ!
থাইল্যান্ডের প্রতিটি আক্রমণ নস্যাৎ করতে সক্রিয় ছিলেন জামাল। সব সময়ই বলের পেছনে ছিলেন। বল কেড়ে নিয়ে মাথা ঠান্ডা রেখে আক্রমণে বাড়িয়েছেন। মামুনুল, হেমন্তের পা ঘুরে সেগুলো কখনো ডান বা কখনো বাঁ প্রান্তে গেছে।
আক্রমণে এমিলির খেলাটা চোখ কাড়ে না হয়তো, ধারাবাহিকভাবে গোল বের করতে পারেন না। জাতীয় দলে ৫৫টির ওপরে ম্যাচ খেলে এমিলির নিজের হিসাবেই গোল মাত্র ১৮টি। তবে এমিলিকে প্রতিপক্ষ পাহারায় রাখা মানে অন্যদের সামনে ফাঁকা জমি। এই সুবিধাটা পাচ্ছে বাংলাদেশ। কাল অবশ্য এমিলি নিজেও প্রচুর পরিশ্রম করেছেন, তাঁর দুটি ভালো হেড আটকেছেন থাই গোলরক্ষক।
নাসিরের নামটা আসতে পারত আরও আগেই। সেনাবাহিনীর চাকরি ছেড়ে পেশাদার ফুটলার হয়েছেন। গোল প্রয়োজন হলেই ‘ডিফেন্ডার’ নাসির আছেন।
এই নাসির সত্যিই অনন্য। কদিন আগেই ভুটানের কিংস কাপের ফাইনালে তাঁর গোলেই ট্রফি জিতেছিল শেখ জামাল ধানমন্ডি। কাল নাসিরের মহামূল্যবান গোলটি বাংলাদেশকে নিল বঙ্গবন্ধু কাপের ফাইনালে। নাসিরকে প্রথম ম্যাচে কোচ বসিয়ে মিশুকে নামিয়েছিলেন, সেটি দলের জন্য ভালো ফল আনেনি। পরের ম্যাচেই নাসিরকে জায়গা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন কোচ।
অভিজ্ঞ নাসির-মামুনুল-এমিলিদের পাশে একঝাঁক তরুণ রক্তই বাংলাদেশ দলে এনেছে নতুন প্রাণ। সোহেল রানা, রায়হান, ইয়ামিন, ইয়াসিনদের শুরু বেশি দিন হয়নি। গতি আর শক্তির মিশেল আছে এঁদের মধ্যে। লেফটব্যাক রায়হান আলাদা করে চোখ কেড়েছেন বারুদে ঠাসা সেমিফাইনালে। দুটি অসাধারণ ট্যাকল করেছেন প্রতিপক্ষ খেলোয়াড়কে, প্রকারান্তরে দুটি গোলই বাঁচিয়েছেন।
গোল বাঁচানোর চেয়ে গোল করার সুযোগই বেশি গড়েছে কাল বদলে যাওয়া বাংলাদেশ। থাইল্যান্ড বাংলাদেশের পোস্টে শট নিয়েছে ৭টি, বাংলাদেশ ১২টি! বাংলাদেশ দলের বড় দুর্বলতা গোল না পাওয়া, কিন্তু এদিন পোস্টে গোল হওয়ার মতো শটই ছিল চারটি।
ডাচ কোচের ছকের সফল বাস্তবায়নই দেখল বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভরা গ্যালারি। কোচের পরিকল্পনা ঠিকঠাক মাঠে বাস্তবায়ন করতে পারাই একটা দল হয়ে ওঠার লক্ষণ। অভিনন্দন বাংলাদেশ!