এমনিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম সেজেগুজেই আছে। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ছিল বলে ঝকঝকে এক স্টেডিয়ামই পেয়েছে ফুটবল। এখন মেসিদের সফর এটিকে দিচ্ছে নতুন রূপ। না, বাহ্যিক আবরণে কোনো পরিবর্তন নেই, যা আছে সব আগের মতোই। মানে, ক্রিকেট বিশ্বকাপের পর যেমন ছিল, তেমনই। তবে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ এই স্টেডিয়ামের অন্দরমহলে আনছে লক্ষণীয় কিছু পরিবর্তন। মেসিদের সহকারী কোচ জুলিয়ান কামিনো স্টেডিয়াম দেখে কিছু চাহিদাপত্র দিয়ে গিয়েছিলেন। এর মধ্যে ছিল ড্রেসিংরুম সংস্কার, নতুন বাথরুম বানানো, আইস বাথ, ড্রেসিংরুম থেকে মাঠ পর্যন্ত টানেল। এগুলো দ্রুত করে দেওয়ার যে প্রতিশ্রুত দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ, সে অনুযায়ী কাজ চলছে। আরও আগে কাজ ধরলে শেষ সময়ে এসে রাতদিন কাজ করার প্রয়োজনই হতো না। তবে এটা তো এ অঞ্চলের সংস্কৃতিরই অংশ। উপমহাদেশের ক্রীড়া সংস্কৃতির অংশ হিসেবে শেষ সময়ে রাতের ঘুম হারাম করে কাজ হয় এ দেশেও, এ আর নতুন কী!কাল সরেজমিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, দুটি ড্রেসিংরুমেরই খোলনলচে পাল্টে ফেলা হচ্ছে। ঝকঝকে কাঠের তৈরি মেঝে। খেলোয়াড়দের জন্য ছোট ছোট কেবিনেট বাসানো হয়ে গেছে। হ্যাঙ্গারও থাকছে। পাশেই অলস পড়ে থাকা ক্রিকেট বোর্ডের আগের অফিসের কিছু অংশ ভেঙে বাথরুম তৈরির কাজ এখন মাঝপথে। শ্রমিকেরা দ্রুত কাজ শেষ করার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তিন-চার দিনের মধ্যে নাকি সব শেষ হয়ে যাবে। তাড়াহুড়ো করলে কাজের মান নিয়ে প্রশ্ন থাকে, এখানেও যে থাকবে না, কে বলতে পারে?কামিনো শাওয়ার চেয়েছিলেন আটটি। কিন্তু শাওয়ার হচ্ছে চারটি। এটা নিয়েই যা একটু অতৃপ্তি আছে বাফুফের। ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক সেটিই বললেন, ‘সবকিছুই মোটামুটি ঠিক আছে। তবে শাওয়ারটা কম হয়ে গেছে। এর বেশি তো করতে পারছে না জাতীয় ক্রীড়া পরিষদ। আমার ধারণা, এটা “ম্যানেজ” করে নেওয়া যাবে।’সংস্কারের পর যা দাঁড়াচ্ছে—বেসিন ও কমোডও হচ্ছে চারটি করে। ইউরেনাল পাঁচটি। কামিনোর চাহিদা মেনে একটি করে আইস বাথ হচ্ছে। এসব সুবিধা আর যা-ই হোক, অখুশি করবে না সাবেলাদের—আনোয়ারুল হক মোটামুটি নিশ্চিত।বাংলাদেশের ফুটবলাররা এমন ড্রেসিংরুমের সুবিধা কল্পনাও করতে পারেন না। কিন্তু মেসিদের এই সফর আখেরে তাঁদের সুবিধাই করে গেল। অনেকে তো মজা করে বলেন, মাঠেও বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স এমন ঝকঝকে হবে তো? সে পরের কথা। তার আগে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমানের মুখে চওড়া হাসি। কাল তাঁর দেখা মিলল বাফুফে ভবনে। এসেছেন কী একটা কাজে। ওখানেই দরাজ গলায় নিজেদের কাজের অগ্রগতি নিয়ে তৃপ্তি ঝরালেন তিনি। পরে বাফুফে সভাপতির কক্ষে বসে বললেন, ‘শাওয়ার চারটির বেশি করতে পারছি না, জায়গা না থাকায়। এ ছাড়া আর সবই চাহিদা অনুযায়ী করা হচ্ছে। আইস বাথ করে দিয়েছি। আশা করি মেসিরা এই ড্রেসিংরুম এবং আনুষঙ্গিক সুবিধাটি দেখে অখুশি হবেন না।’ প্রেসবক্স সংস্কারও এগিয়ে চলেছে। ১৪০ জনের ব্যবস্থা থাকছে সর্বশেষ সংস্করণে। মোটামুটি চলনসই। আগে বসার স্থায়ী কোনো ব্যবস্থা ছিল না, এখন সেটি হচ্ছে। মাঠের ব্যাপারটা নিয়ে উদ্বেগ থাকলেও কামিনো সবুজসংকেতই দিয়ে যান। কাজেই মাঠ নিয়ে আর কোনো দোলাচল নেই বাফুফের। স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়ার কথা, ‘আমাদের তো ঈদের ছুটি থাকছে না। সবই বন্ধ। আগামী কয়েকটা দিন দিনরাত কাজ চলবে। আশা করছি, মেসিদের খেলার উপযোগী একটা মাঠই আমরা উপহার দিতে পারব।’