যেভাবে ‘আনসার’ হচ্ছেন খেলোয়াড়েরা
‘আগে আনসার তারপর খেলোয়াড়।’ সম্প্রতি আনসারের এক প্রশাসনিক সিদ্ধান্তে এই বাহিনীর খেলোয়াড়দের এভাবেই গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। প্রথাগত আনসার হওয়ার নিয়মনীতির সঙ্গে সফিপুর আনসার একাডেমিতে এখন পরিচিত হচ্ছেন সংস্থার খেলোয়াড়েরা। অনেকের কাছেই যা ভিন্ন এক অভিজ্ঞতা।একটা বাহিনী চলে তার নিজস্ব নিয়মে। তবে খেলোয়াড় হিসেবে নিয়োগপ্রাপ্তরা সংস্থার প্রচলিত কাজগুলো করা থেকে সাধারণত অব্যাহতি পান। খেলাই খেলোয়াড়ের কাজ। এত দিন অন্যান্য সংস্থার মতো আনসারের খেলোয়াড়দেরও কাজ ছিল শুধু অনুশীলন আর প্রতিযোগিতায় অংশ নেওয়া। কিন্তু নতুন নিয়মে ‘আগে আনসার’ হওয়ার প্রশিক্ষণ নিতে হচ্ছে। আপাতত এই রোজার মাসে খেলা না থাকায় অনুশীলনের বাইরে রাখা হয়েছে আনসারের খেলোয়াড়দের।নতুন দিনলিপিতে ভোর সাড়ে পাঁচটায় উঠতে হয় খেলোয়াড়দের, ছয়টা থেকে সাতটা পর্যন্ত শরীরচর্চা। সাতটায় কক্ষে এসে পোশাক পাল্টে ‘কম্বাইন্ড ড্রেস’ পরতে হয়। আটটায় লাইনআপ, সাড়ে ১২টা পর্যন্ত প্যারেড। রোজায় অবশ্য শরীরচর্চা নেই, তবে প্যারেড আছে। আনসারে খেলোয়াড়দের তিনটি বিভাগ আছে। ভাতা, মহিলা আনসার ও ব্যাটালিয়ন। ভাতাভিত্তিক খেলোয়াড়েরা শুধু খেলার সময় খেলেন যান। তাঁরা বাড়িতে থাকেন। প্রায় ৫০ খেলোয়াড়ের মহিলা ব্যাটালিয়নে বিভাগে কাউকে ঘাস কাটতে হয়, ড্রেন পরিষ্কার করেন কেউ, কেউ পেয়েছেন ‘মেস ডিউটি’, মানে বাবুর্চি বা রান্নার পর খাবার পরিবেশনে সহায়তা। অনেক খেলোয়াড়কে প্রহরীর কাজ করতে হয়। কখনো রাত দুইটা থেকে ছয়টা, কখনো সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এই কাজগুলো বর্তেছে ব্যাটালিয়নের বিভাগের পুরুষ-নারী খেলোয়াড়দের ওপরও। ১০৩ জনের মহিলা আনসার বিভাগে অবশ্য প্রহরীর দায়িত্ব নেই। তাঁদের কাজ ঘাস কাটা, সকালে শরীরচর্চা আর প্যারেডেই সীমাবদ্ধ।এসব কাজের সঙ্গে পরিচয় না থাকায় খেলোয়াড়েরা পড়েছেন অস্বস্তিতে। এরই মধ্যে শ্যুটার শারমিন আক্তার রত্নাসহ কয়েকজন খেলোয়াড় আনসার ছেড়েছেন। কিন্তু সবাই চাইলেই চাকরি ছাড়তে পারেন না। চাকরিটা যে দরকার। তাই নতুন জীবনের সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন ওই খেলোয়াড়েরা। আনসারের খেলোয়াড়-কোচদের সফিপুর আনসার একাডেমিতে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। দু-চারজন বাদে সবাই যোগ দিয়েছেন। অনেকে যোগ দিয়েই ছুটি নিয়েছেন। তাঁরা নতুন জীবনের সঙ্গে পরিচিত হতে সময় চান। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, বর্তমান নিয়ম-কানুনের মধ্যেই থাকতে হলে ঈদের পর খেলোয়াড়দের অনেকে বিদায় বলবেন বাংলাদেশ গেমসের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আনসারকে।এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনসারের মহাপরিচালক মেজর জেনারেল নাজিমউদ্দিন বলেছেন, আনসার জীবনের সঙ্গে খেলোয়াড়দের পরিচিত করাই সংস্থার লক্ষ্য। আনসার কী, আনসারের দায়িত্ব কী, এসব আগে জানতে হবে খেলোয়াড়দের। খেলোয়াড়দের প্রহরীর কাজ করতে হচ্ছে, ঘাস কাটা, ‘মেস ডিউটি’ নিয়ে খেলোয়াড়দের অস্বস্তির ব্যাপারটা তুললে আনসারের মহাপরিচালক বলেন, ‘প্রহরী হতে অসুবিধা কী? খিলগাঁওয়ে আনসার হোস্টেলে খেলোয়াড়েরা নিজেরা রান্না করে খায় না? তাহলে এখানে মেস ডিউটিতে দোষ কোথায়?’ঘাস কাটার ব্যাপারে তাঁর কথা, ‘নিজের ঘর নিজে পরিষ্কার করার মধ্যে খারাপ তো কিছু নেই। এসব কাজ আনসার সম্পর্কে স্রেফ ধারণা দেওয়া, অন্য কিছু নয়।’আনসারের মহাপরিচালক জানালেন, রোজার মাসে খেলাধুলা তেমন একটা নেই বলে আনসার সম্পর্কে ধারণা দেওয়ার কাজটা হচ্ছে এখন। ঈদের পর সব খেলোয়াড়-কোচকে একত্র করে খেলার ব্যাপারে ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া হবে। তাঁর কথা, ‘আনসার একাডেমিতে ২০ হাজার স্কয়ার ফিটের শেড তৈরি করেছি এরই মধ্যে। সব ইনডোর গেমসের সুযোগ-সুবিধা রাখা হবে তাতে। প্রয়োজনে আরও দুটি শেড তৈরি করব। আনসারের খেলোয়াড়েরা ভালো আছে এবং তাদের আগামীতে যোগ্য খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।’তত দিনে ‘আনসার হওয়ার’ পথ পাড়ি দেওয়া খেলোয়াড়-কোচদের কাছে বড় এক চ্যালেঞ্জ হয়ে থাকবে।