যেমন কর্ম তেমন ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের আঁচ গিয়ে লাগল শারজাতেও! সেখানেই খেলছে পাকিস্তান দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গত পরশু দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে টেস্ট ক্রিকেটে নয় হাজার রান করার পর সংবাদ সম্মেলনে কুমার সাঙ্গাকারাকেও উত্তর দিতে হলো তিন পাকিস্তানি ক্রিকেটারের কারাবাস নিয়ে প্রশ্নের। পাকিস্তান ও শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে সাঙ্গাকারাই প্রথম এ ব্যাপারে কথা বলেছেন। রায়কে স্বাগতই জানিয়েছেন তিনি, ‘এ রকম কিছু খেলাটির জন্য অনেক ক্ষতিকর। তবে যে রায় দেওয়া হয়েছে, সেটি অনেক কঠোর হলেও তা ক্রিকেটকে এ থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এ ঘটনার পর আমরা বলতে পারি, আমরা এ ব্যাপারে (ফিক্সিং) কিছু করছি এবং আমরা কোনো ধরনের ফিক্সিংই, তা সেটা স্পট ফিক্সিং হোক বা ম্যাচ ফিক্সিং অথবা প্রতারণা সহ্য করব না।’তিন ক্রিকেটারের পরিবারের প্রতি অবশ্য সমবেদনা জানিয়েছেন ৩৪ বছর বয়সী সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক, ‘তাঁদের প্রতি সমব্যথী হতেই হবে। কারণ পরিবার, সমর্থক ও খেলাটির প্রশাসকদের জন্য এটা খুব কষ্টকর একটা ব্যাপার। তবে এটা দুর্ভাগ্যজনক হলেও সবার কাছে এই বার্তা পৌঁছাবে, অন্যায় করলে সেটার শাস্তি আপনাকে পেতেই হবে।’এ ঘটনা ক্রিকেটের আবেদনে ছায়া ফেলবে না বলেই আশা সাঙ্গাকারার, ‘আশা করি, ক্রিকেট সব মানমর্যাদা হারিয়ে ফেলেনি। তবে সুনামে একটু কালি তো অবশ্যই লেগেছে। এখন খেলোয়াড়, সমর্থক ও প্রশাসকদের ওপর সব সময় সঠিক কাজটি করার অনেক বড় দায়িত্ব বর্তেছে।’যে টেস্টে এই কেলেঙ্কারি হয়েছিল, সেই লর্ডসে ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। ওই সিরিজের সময় দুই দলের মধ্যে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। এর পর এই ঘটনা। ইংল্যান্ড-পাকিস্তান আবার মুখোমুখি হচ্ছে। আগামী জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলবে দুই দল। তবে স্ট্রাউস মনে করেন না, এ ঘটনার কোনো প্রভাব পড়বে ওই সিরিজে।ওদিকে ব্রেট লি বলছেন, ম্যাচ পাতানোর সমস্যাটি এখন আর শুধু ভারতীয় উপমহাদেশকেন্দ্রিক নয়; এটি এখন গোটা ক্রিকেট-বিশ্বেরই সমস্যা। এসব ঘটনায় ক্রিকেটাররা এখন অপরিচিত কারও সঙ্গে কথা বলতেই অস্বস্তিতে ভুগছেন বলে উপলব্ধি লির। অধিনায়ক সালমান বাটকেই ‘নাটের গুরু’ বলেছেন লন্ডনের আদালত। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনুসও তা-ই মনে করেন। তিনি বলেছেন, বাটই ভুল পথে নিয়ে গেছে আমিরকে। আর সদ্যই অবসর ভেঙে জাতীয় দলে ফেরা শহীদ আফ্রিদি জানিয়েছেন, মাজহার ও তাঁর ভাই আজহার মজিদ অনেক সময়ই তাঁর সঙ্গে সুসম্পর্ক তৈরির চেষ্টা করেছেন। কিন্তু এই দুজনের ব্যাপারে সন্দেহ হওয়ায় তাঁদের এড়িয়ে চলেছেন তিনি। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।