যেমন বাবা তেমন ছেলে

ইউরোপের দেশগুলো আরও একবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে ইউরোর জানা-অজানা নানা গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাটা অনিল কুম্বলে বললেও সেটা তাঁর একার কথা নয়। সে কথা লিলিয়ান থুরামেরও, আরেকটু ওপর থেকে দেখলে সম্ভবত বেশির ভাগ বাবার কথাই মিলবে কুম্বলের সঙ্গে, ‘আমি চাই না আমার ছেলে বোলার হোক। সে ক্রিকেটে আসার আগেই হাতে ব্যাট তুলে দেব। ৬১৯ (টেস্ট) উইকেট নেওয়া ওর জন্য খুব কঠিন হবে। কিন্তু খুব সহজেই আমার ব্যাটিং গড়ের (১৮) চেয়ে ভালো করতে পারবে।’

লিলিয়ান থুরামও নিশ্চয়ই ছেলে মার্কাস থুরামকে এমন কিছু ভেবেই তৈরি করেছিলেন ফরোয়ার্ড হিসেবে। বাবা থুরামের কাজ ছিল গোল ঠেকানো, তবু সেমিফাইনালে জোড়া গোল করে তিনিই ফ্রান্সের ’৯৮ বিশ্বকাপ ফাইনালে ওঠার নায়ক, দুই বছর পর ইউরো জিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা ফ্রান্স দলেরও অবিচ্ছেদ্য অংশ। লিলিয়ান জানেন এই পথ হিরণ্ময় হয়েও কত কঠিন; তাঁর ছেলে মার্কাস সে জন্যই বুঝি ফরোয়ার্ড! এই ফাঁকে একটু জানিয়ে দেওয়া ভালো, ফ্রান্সের হয়ে ১৪২ ম্যাচে তাঁর বাবার গোলসংখ্যা মাত্র ২টি।

২৩ বছর বয়সী মার্কাসের এখনো গোলের খাতাই খোলা বাকি। বাবার মতো মণি-মুক্তো এখনো কুড়োনো হয়নি, তবে সে পথটা কেমন, তা রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছেন। জিয়ানলুইজি বুফনের প্রশংসাপত্র পেলেও এই ইউরোয় দিদিয়ের দেশমের একাদশে মার্কাসের জায়গা অনিশ্চিত। তবু এই ইউরোর পর বাবা-ছেলের এক জায়গায় মিলটাও নিশ্চিত—মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে থাকার গৌরবতিলক থাকবে দুজনের কপালেই।

মেজাজি পিটার স্মেইকেল শুনলে বলতে পারেন, এ আর এমন কী? থুরাম তো এই বিশ্বসংসারে ইউরোজয়ী একমাত্র বাবা নয়! ১৯৯২ সালে স্মেইকেল ছিলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) ব্রায়ান লাউড্রপ, লারস ওলসেনদের ডেনিশ রূপকথা গড়া দলটির গোলপোস্টে অতন্দ্র প্রহরী। আগ্রাসী ও মেজাজি এই কিংবদন্তি অবশ্য কুম্বলের কথাকেও তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন। ছেলে ক্যাসপার স্মেইকেল যে তাঁর চেয়ে এতটুকু আলাদা নয়!

যেমন বাবা, তেমন ছেলে।
ছবি: সংগৃহীত

লেস্টারের প্রিমিয়ার লিগ রূপকথার অন্যতম এই ভিত বাবার মতোই গোলপোস্ট সামলান। মার্কাসের মতো শুধু প্রতিশ্রুতি দিয়ে নয়, এবার ইউরোয় ক্যাসপার যাচ্ছেন ডেনিশদের ভরসা হয়ে। একেবারে যেমন বাবা তেমন ছেলে! গিওর্গি হ্যাজির তাতে মন খারাপ না হলেও ইউরো কড়া নাড়ায় মনটা কেমন করতেই পারে। রোমানিয়া এবার ইউরোর মূল পর্বে খেলার সুযোগ পেলে নিজের ছেলে ইয়ানিস হ্যাজিকেও সেখানে দেখতে পেতেন ‘কমান্ডার’।

হেনরিক লারসনকে অবশ্য তেমন ভাগ্য মেনে নিতে হয়নি। সুইডেনের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার তিনি। বিশ্বকাপ কিংবা ইউরোর মতো মঞ্চ দেখলেই অবসর ভেঙে ফিরে আসার সুখ্যাতি-কুখ্যাতি দুটোই ছিল। অবসর ভেঙে ২০০৪ ইউরোয় ফিরে সুইডিশ আক্রমণভাগে খেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে। সেই ইব্রা এবারের ইউরো সামনে রেখে ভেঙেছিলেন অবসর। প্রস্তুতি নিচ্ছিলেন ইউরোয় ফেরার। হঠাৎ এক চোট তাঁর কপাল পুড়িয়ে খুলে দেয় লারসনের কপাল!

না, না, সেই লারসন বার্সেলোনার সহকারী কোচের পদ রেখে আবারও ফিরছেন না সুইডেন দলে। এই লারসন ৪৯ বছর বয়সী সেই লারসনেরই উত্তরসূরি জর্ডান লারসন (৫ ম্যাচে ১ গোল) ; সুইডেন দলে ডাক পেয়েছেন ইব্রার জায়গায়। বাবার মতোই সামলাবেন আক্রমণভাগ। কিন্তু ম্যাচ (১০৬) ও গোলসংখ্যায় (৩৭) সিনিয়র লারসনকে জুনিয়র ছাপিয়ে যেতে পারবেন কি?

জর্ডানকে দেখে কুম্বলের মায়া লাগতেই পারে।