যোগ দিচ্ছেন জিয়া-শফিউল, ফিরছেন শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিডে ইনের সাততলার করিডরে অদ্ভুত এক দৃশ্য দেখা গেল কাল সকালে। ছাদের সিলিংয়ের দুই জায়গা দিয়ে অঝোর ধারায় পানি পড়ে ভেসে যাচ্ছে কার্পেট। এর একটি আবার বাংলাদেশ কোচ শেন জার্গেনসেনের রুমের ঠিক সামনে। দরজাটা সামান্য খুলে মাথা বের করে জার্গেনসেন চিৎকার করছেন, ‘ম্যানেজার...প্রবলেম! প্রবলেম!’ বাংলাদেশ দলের ম্যানেজার তানজীব আহসানের রুম কোচের কয়েকটা রুম পরেই।প্রথমে নিচে ড্রাম দিয়ে কার্পেট ভেজা বন্ধ করা হয়েছে। পরে দূর হয়েছে ছাদ থেকে পানি পড়ার সমস্যাও। তবে বাংলাদেশ দলের আসল সমস্যা এখন অন্যখানে। শ্রীলঙ্কার পর জিম্বাবুয়েতেও হানা দিয়েছে চোটসমস্যা। পরশু রাতেই শোনা গিয়েছিল দুই পেসার রুবেল হোসেন ও শাহাদাত হোসেন চোটে ভুগছেন। প্রথম টেস্টে কাঁধে চোট পেয়েছেন রুবেল। এই ম্যাচে না খেললেও টেস্টের শেষ দিন বোলিং অনুশীলন করতে গিয়ে শাহাদাত চোট পেয়েছেন হাঁটুতে। ২৫ এপ্রিল থেকে হারারেতে শুরু দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তাদের কেউই।দলের সঙ্গে থাকা নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, বিমানের টিকিট পেলে আজকালের মধ্যেই দেশে ফিরে যাবেন শাহাদাত। তবে ওয়ানডে সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে রুবেল থেকে যাবেন। দল সূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্ট শুরুর আগে দেশে ফিরবেন আরও এক ক্রিকেটার। ওয়ানডে দলে থাকার সম্ভাবনা নেই বলে সেটা বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফীস বা বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের কেউই হবেন। শেষ পর্যন্ত কে যাবেন, সেটা নির্ভর করছে তামিম ইকবালের দ্বিতীয় টেস্টে খেলতে পারা না-পারার ওপর। হাতের ব্যথা ক্রমেই কমছে তামিমের। এখন খেলাটা নিশ্চিত হলেই শাহরিয়ার ফিরে যাবেন দেশে। নয়তো যাবেন এনামুল।শাহাদাত ফিরে যাচ্ছেন, রুবেল খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টে। সেজন্য কাল সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন দুই পেসার শফিউল ইসলাম ও জিয়াউর রহমান, আজই তাঁরা যোগ দেবেন দলের সঙ্গে। শফিউলের টেস্ট খেলার মতো ফিটনেস এখনো পুরোপুরি নেই। তাঁকে মূলত ওয়ানডের জন্য বিবেচনা করেই আনা বলে জানা গেছে। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টে তিন পেসার খেলানো হলে খেলবেন রবিউল, সাজেদুল আর জিয়াউরই। দ্বিতীয় টেস্টের দলে আরেকটা পরিবর্তনও মোটামুটি নিশ্চিত। প্রথম টেস্টের দুই ইনিংসে ৩ আর ২১ রান করা সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর জায়গায় সম্ভবত আসছেন মমিনুল হক।