যোগ-বিয়োগ শেষে আজ নতুন ‘এ’ দল
সাতজন গেছেন, ছয়জন এসেছেন। যোগ-বিয়োগের খেলা শেষে আজ চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড লায়ন্সের সামনে নামবে নতুন চেহারার বাংলাদেশ ‘এ’ দল। মাহমুদউল্লাহর পরিবর্তে এই ‘এ’ দলের নেতৃত্ব রকিবুল হাসানের কাঁধে।পরশু প্রথম ম্যাচ খেলে ওই রাতেই চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেছেন মাহমুদউল্লাহ, জহুরুল ইসলাম, ইমরুল কায়েস, নূর হোসেন, তাসামুল হক, আল আমিন ও আলাউদ্দিন বাবু। একই রাতে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে দলে যোগ দিয়েছেন নাজিমউদ্দিন, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, এনামুল হক জুনিয়র, রবিউল ইসলাম ও মাহমুদুল হাসান। চট্টগ্রামেই অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ওয়ানডের দলে যোগ দেবেন পেসার শফিউল ইসলাম, ফিরবেন ডলার মাহমুদ।এর আগে আজ ম্যাচ শেষে অবশ্য ঢাকা ফিরবেন ‘এ’ দলের প্রায় সব ক্রিকেটারই। কাল ও পরশু প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে পরশু রাতে আবার চট্টগ্রামে যাবেন তাঁরা। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেটি হবে ১৩ জানুয়ারি।