যোগ হলো ব্যাটিং-বোলিংও

‘ফিটনেস ট্রেনিং কেমন চলছে?’ প্রশ্নটা শুনেই দুষ্টুমির হাসি খেলে গেল নাসির হোসেনের চোখে-মুখে। হাতের পেশি ফুলিয়ে দেখিয়ে দিলেন ফিটনেস ট্রেনিংয়ের অবদান! শরীরটা লিকলিকে হলেও নাসিরের পেশি যথেষ্টই সুগঠিত। বিশাল সব ছক্কা তো আর এমনি এমনি মারেন না!
নাসিরের ‘পেশি প্রদর্শন’ তাঁর স্বভাবসুলভ দুষ্টুমির খানিকটা নমুনা। তবে নাসিরসহ ক্যাম্পের সবার কণ্ঠেই একই কথা—ফিটনেস ট্রেনিংটা খুব কাজে দিচ্ছে। জিম্বাবুয়ে সফরের পর পাওয়া ছুটিতে অনেকের শরীর ঝিমিয়ে পড়েছিল। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ফিটনেস ছিল আন্তর্জাতিক মানের অনেক নিচে। সপ্তাহ দুয়েকের নিবিড় ফিটনেস ট্রেনিংয়ের পর সবাই এখন মোটামুটি ফিট। যে দু-একজনের একটু ঘাটতি আছে, কয়েক দিনের মধ্যে সেটাও থাকবে না বলে বিশ্বাস ট্রেনার ডেভিড ডয়ারের। অস্ট্রেলিয়ান এই ট্রেনারের সঙ্গে কাল থেকে ব্যস্ততা শুরু হয়ে গেল জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনেরও। ফিটনেস ট্রেনিংয়ের সঙ্গে ব্যাটি-বোলিং অনুশীলনও যোগ হলো।
আষাঢ় কদিন ধরে তার উপস্থিতি জানান দিচ্ছে প্রবলভাবে, ব্যাটিং-বোলিং অনুশীলনের প্রথম দিনটা তাই মিরপুরের ইনডোরেই কাটল। পূর্ব ঘোষণা অনুযায়ী ১ জুলাই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হলে হয়তো ফিটনেস ট্রেনিংয়েই শেষ হতো ক্যাম্প। তবে জার্গেনসেন জানালেন, স্কিল ট্রেনিংয়ের ব্যাপারটাও আগে থেকেই ভাবনায় ছিল তাঁদের, ‘টুকটাক স্কিল ট্রেনিং আমাদের পরিকল্পনাতে ছিলই। সুযোগ যখন এসেছে, রমজানের আগ পর্যন্ত ফিটনেসের পাশাপাশি এখন স্কিল ট্রেনিংও চলতে থাকবে।’
ইনডোরের নেটে কাল ৪০ মিনিট করে ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা। বোলিং মেশিনে কখনো টানা ফুল লেংথ, কখনো টানা শর্ট পিচ ও লেংথ বোলিং খেলানো হলো মেহরাব হোসেন জুনিয়র, নাজমুল হোসেন (মিলন), মার্শাল আইয়ুবদের। জার্গেনসেন পরে ব্যাখ্যা দিলেন ওই অনুশীলনের, ‘মেহরাব-মিলনদের আগে সেভাবে দেখা হয়নি। একটু দেখে নিলাম ওরা সামনের পায়ে, পেছনের পায়ে কেমন খেলে। স্কিল ট্রেনিংটা আমি এ জন্যই খুব করে চাইছিলাম। জাতীয় দলের আশপাশে থাকা অনেককেই দেখা যাবে।’ তো কেমন দেখলেন কোচ? ‘খারাপ নয়। মূল জায়গাগুলোয় তো সবাই অনেকটা কাছাকাছিই। তবে ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যটা ওদের বুঝতে হবে। টানা অফ স্টাম্পে বোলিং বা ওভারের পর ওভার বাজে বল না পাওয়া, এই ব্যাপারগুলোয় ওদের অভ্যস্ত হতে হবে।’
ইনডোরে কি আর পুরো রানআপে তেড়েফুঁড়ে বোলিং করা যায়! অনুশীলনটা তাই মূলত ছিল ব্যাটসম্যানদেরই। মাশরাফি বিন মুর্তজার তাই মন ভরেনি, ‘ইনডোরে কি আর বোলিং হয়! হাত ঘোরালাম আর কী!’ স্পিনারদের অবশ্য খুব একটা সমস্যা নেই, সোহাগ গাজী তাই বোলিংটা উপভোগই করেছেন, ‘সেই জিম্বাবুয়ে সফরের পর থেকে সেভাবে বোলিং করা হয়নি। আজ বল হাতে নিয়ে তো মনে হলো বোলিং করাই বুঝি ভুলে গেছি!’
মাশরাফি-সোহাগরা অবশ্য ফিটনেস ট্রেনিংয়ে দারুণ খুশি। ‘দুই কেজি ওজন কমেছে, আরও কমবে’—পেটে হাত বুলিয়ে বললেন মাশরাফি। দুই কেজি কমেছে ইলিয়াস সানিরও। বোর্ডের কাছে বাঁহাতি স্পিনারের অনুরোধ, ‘ফিটনেস ট্রেনিংটা যেন বন্ধ না হয়।’ টেস্ট খেলুড়ে দেশ হয়েও বাংলাদেশে সুযোগ-সুবিধার এমনই দুরবস্থা, জাতীয় দলের বাইরে চলে গেলে ফিটনেসের বারোটা বাজে। জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য এটি ছিল তাই দারুণ এক সুযোগ। মেহরাব যেমন বললেন, ‘জাতীয় দলে ফিরে আসি বা না আসি, আগামী মৌসুমে ঘরোয়া ক্রিকেটেও দারুণ ফিট থাকব।’ ইমরুল কায়েসের কণ্ঠেও একই কথা, ‘দারুণ ফিট হয়ে উঠেছি। জাতীয় দলে ফেরার লড়াইটা এখন ভালোভাবে করতে পারব।’
শিষ্যদের ফিটনেস নিয়ে কোচ জার্গেনসনও দারুণ খুশি, ‘ডেভ (ডয়ার) দারুণ কাজ করেছে। অনেকের অনেক জায়গায় ঘাটতি ছিল, দুর্বলতা ছিল। সেগুলো প্রকাশ্য হয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে ছেলেরা যেভাবে এটাকে সাদরে গ্রহণ করেছে।’ এই ‘সাদরে গ্রহণ করা’ মনে ধরেছে ট্রেনার ডেভিড ডয়ারেরও, ‘শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক সহ্যক্ষমতা বাড়ানোর ব্যাপারগুলোও ছিল। ছেলেরা আমার ট্রেনিংকে ইতিবাচকভাবে নিয়ে কষ্ট করেছে। এখান থেকে যারা ইংল্যান্ডে যাবে (‘এ’ দলের হয়ে) বা সামনের সিরিজগুলোয় খেলবে, আশা করি পরিবর্তনটা সবাই দেখতে পাবে।’