যোগ্য দল বলেই জিতেছে ইতালি
গ্রুপ পর্বে রীতিমতো উড়ছিল ইতালি। তিন ম্যাচেই সহজ পেয়েছে দলটি। দুর্দান্ত গোছানো আক্রমণাত্মক ফুটবল খেলে চমকে দিয়েছে সবাইকে। এমনকি রবার্তো মানচিনির অধীনে ইতালি ইউরো জিতলে কেন ফুটবলের জন্য ভালো হবে-সে আলোচনাও হচ্ছিল।
নকআউটের প্রথম ম্যাচে বড় এক ধাক্কা খেয়েছে সে চিন্তা। প্রথমবারের মতো ইউরোপের গ্রুপ পর্ব পেরোনো অস্ট্রিয়ার বিপক্ষেই বড় পরীক্ষা দিয়েছে ইতালি। অতিরিক্ত সময়ে গড়ানো শেষ ষোলোর ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেলেও শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তায় ছিলেন মানচিনি।
ম্যাচ শেষে অবশ্য সব ভুলে গেছেন এই কোচ। তাঁর দাবি, যোগ্য দল হিসেবে আজ জয় পেয়েছে ইতালি।
নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোনো দল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ইতিহাস ছিল ইতালির বিপক্ষে। এর আগে কখনো অতিরিক্ত সময়ে গোল করার ইতিহাস নেই দলটির! ইতালি আজ রক্ষা পেয়েছে বদলি হিসেবে নামা দুই খেলোয়াড়ের সুবাদে। ৯৫ ও ১০৫ মিনিটে ফেদেরিকো কিয়েসা ও মাত্তেও পেসিনার গোল দুশ্চিন্তামুক্ত করেছে মানচিনিকে।
শেষ দিকে অস্ট্রিয়ার সাসা কালাইজিচ গোল করলেও ম্যাচের ফল বদলাতে পারেননি। ওয়েম্বলির এই ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানচিনি দলের প্রশংসাই করেছেন। ইতালির সংবাদমাধ্যম রাইকে বলেছেন, ‘আমরা এমন ফল পেয়েছি, কারণ এটা আমাদের প্রাপ্য। প্রথমার্ধেই একাধিক গোল পেতে পারতাম। দ্বিতীয়ার্ধে শারীরিকভাবে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম।’
এ ম্যাচ দিয়ে মানচিনির ইতালি টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকল। এতে ৮২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে ইতালি। নিজেদের ইতিহাসে এত দীর্ঘ সময় কখনো অপরাজিত থাকার রেকর্ড নেই দলটির। যদিও কালাইজিচের কারণে অনবদ্য আরেকটি রেকর্ড থেমে গেছে আজ। ১১৪ মিনিটে করা কালাইজিচের গোলে টানা গোল না খাওয়ার রেকর্ড ১৯ ঘন্টা ২৮ মিনিটে আটকে গেল ইতালির।
মানচিনি অবশ্য এ নিয়ে ভাবছেন না। ম্যাচের পরিস্থিতি বুঝে সঠিক খেলোয়াড় বদলি নামাতে পারায় তৃপ্ত সাবেক ম্যানচেস্টার সিটি কোচ, 'যারা বদলি নেমেছিল তারা সঠিক মানসিকতা ও সমস্যার সমধান করার চিন্তা নিয়ে নেমেছিল বলেই জয় পেয়েছি। আমি জানতাম এটা কঠিন হবে, এমনকি কোয়ার্টার ফাইনালের চেয়েও হয়তো বেশি।'
কোয়ার্টার ফাইনালের চেয়ে শেষ ষোলোর পরীক্ষাই কঠিন বলছেন মানচিনি। কিন্তু বাস্তবতা হলো কোয়ার্টার ফাইনালে ইতালির জন্য অপেক্ষায় থাকবে ফর্মে থাকা বেলজিয়াম বা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
আগামীকালই জানা যাবে, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন নাকি বিশ্ব র্যাঙ্কিংয়ের একে থাকা দলকে পাবে ইতালি। আগামী ২ জুলাই মিউনিখের ম্যাচের জন্য কৌশল সে অনুযায়ীই সাজাবেন মানচিনি।