যোগ্য দল বায়ার্ন মিউনিখই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শুরু হওয়ার ৩০ সেকেন্ডর মাথায় গোল খেয়েই জুভেন্টাসের সর্বনাশের শুরু। শুরুর ধাক্কা ম্যাচের বাকি সময়ে আর কাটিয়ে উঠতে পারেনি ইতালীয় জায়ান্টরা। যোগ্যতম দল হিসেবেই বায়ার্ন মিউনিখ কাল জিতেছে ২-০ গোলে। অথচ, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের যে লাইনআপ, তাতে এই দুই দলের মোকাবিলায়ই সবচেয়ে বেশি লড়াইয়ের প্রত্যাশা ছিল ফুটবলামোদীদের। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত জুভেন্টাসের ওপর আধিপত্য বজায় রেখে সেমির পথে এক পা বাড়িয়েই রাখল জার্মান জায়ান্টরা।খেলা শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সবচেয়ে বড় ভুলটি করে বসেন জুভেন্টাসের প্লেমেকার আন্দ্রেয়া পিরলো। একেবারে স্বভাববিরুদ্ধ এক ভুল পাসে তিনি বল তুলে দেন বাস্তেইন শোয়েনস্টাইগারের পায়ে। শোয়েনস্টাইগার তা ঠেলে দেন ডেভিড আলবার পায়ে। ৩৫ গজ দূর থেকে নেওয়া আলবার নিরীহ গোছের শটটি জুভ মিডফিল্ডার ভিদালের গায়ে লেগে বোকা বানায় জিয়ানলুইগি বুফনকে। অভাবিত এই দুর্ভাগ্য জুভেন্টাসকে অবশ্য পুরোপুরি পর্যুদস্ত করে ফেলতে পারেনি। বরং ইতালীয় জায়ান্টরা ম্যাচে ফিরে আসার লক্ষ্যে আক্রমণে ঝাঁপায়। ভিদালের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পিরলোর এক ফ্রি-কিক বারের ওপর দিয়ে যায়।ম্যাচের ১৬ মিনিটে টনি ক্রুসের চোট মাঠে নামায় আরিয়েন রোবেনকে। রোবেন নেমেই বায়ার্নকে প্রায় এগিয়েই দিয়েছিলেন। তাঁর একটি ভলি কোনোমতে রক্ষা করেন বুফন। ফ্রাঙ্ক রিবেরির একটি শট বনুচ্চির গায়ে লেগে প্রতিহত হয়। এ সময় রিবেরি-আলবা জুটি বারবারই জুভেন্টাসের রক্ষণব্যূহে আতঙ্ক তৈরি করছিল।দ্বিতীয়ার্ধের শুরুতে মানজুকিচের একটি শট রক্ষা করেন বুফন। এর আগে অবশ্য একটি আক্রমণ থেকে আলবা প্রায় গোল করেই বসেছিলেন। কিন্তু এবার তাঁর নিচু হয়ে যাওয়া ফ্রি-কিকটি প্রতিহত করেন সেই বুফন। ম্যাচের ৬৩ মিনিটে জুভেন্টাসের জালে দ্বিতীয়বার বল জড়ায় বায়ার্ন মিউনিখ। লুইস গুস্তাভোর একটি ফ্রি-কিক বুফন ফিরিয়ে দিলে ফিরতি বল পেয়ে যান মানজুকিচ। মানজুকিচ সেই বল টমাস মুলারের দিকে ঠেলে দিলে তা থেকে সহজেই গোল করেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়ার পর একটি গোল ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছিল জুভেন্টাসের সামনে। ভিদালের একটি শট প্রতিহত করেন ম্যানুয়েল নুয়্যার। জুভদের জালে আরও একটি বল ঠেলতে গিয়েও ব্যর্থ হন মুলার। তৃতীয় গোলটি না হওয়ায় হতাশার এক রাতে আরও বড় সর্বনাশের হাত থেকে রক্ষা পায় জুভেন্টাস। সেমিতে উঠতে গেলে নিজের মাঠে পরবর্তী লেগে দুই গোলের ঘাটতি পূরণ করতে হবে জুভেন্টাসকে। সেমিতে উঠতে গেলে অনতিক্রম্য এক বাধাই পেরোতে হবে সিরি ‘আ’ শিরোপাধারীদের। রয়টার্স।