যোগ্যতা প্রমাণে মরিয়া কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর ধরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকার। ২০১০ বিশ্বকাপে সফলতার দেখা তো পাননি, উল্টো ইনজুরির কবলে পড়ে দীর্ঘদিন কাটাতে হয়েছে মাঠের বাইরে। ২০০৯ সালে এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদে আসার পর ক্লাব ফুটবলের অঙ্গনেও নিজের সেরা খেলাটা সেভাবে দেখাতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। এবারের মৌসুমটাকে ক্যারিয়ারের অন্যতম কঠিন মৌসুম বলেও স্বীকার করেছেন তিনি। তবে এবার নিজের যোগ্যতা প্রমাণের জন্য মরিয়া হয়েই লড়বেন বলে জানিয়েছেন কাকা।স্প্যানিশ একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে কাকা বলেছেন, ‘ব্যক্তিগতভাবে এটা ছিল আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন মৌসুম। আমরা বার্সেলোনাকে হারিয়ে কিংস কাপের শিরোপা জিতেছি, স্প্যানিশ লিগ শেষ করেছি দ্বিতীয় স্থান নিয়ে, চ্যাম্পিয়নস লিগেও গিয়েছি সেমিফাইনাল পর্যন্ত। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবের জন্য এটা মোটেও যথেষ্ট না। আমার জন্য এটা মেনে নেওয়া খুবই কঠিন। চোটের কারণে আমি দীর্ঘদিন মাঠে নামতে পারিনি। জানুয়ারিতে ইনজুরি কাটিয়ে ফিরলেও মার্চে এসে আবার আমাকে থেমে যেতে হয়েছে। শুধু শেষ দুই মাসই আমি খেলতে পেরেছি। তবে ভবিষ্যতে আমি রিয়ালের হয়ে আমার সেরা খেলাটাই খেলার চেষ্টা করব।’ ইএসপিএন।