যোগ্যতার প্রমাণ রেখেছে মিলিতো : ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি, হিগুয়েইনদের মতো স্ট্রাইকারদের ভিড়ে আর্জেন্টিনার হয়ে মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল ডিয়েগো মিলিতোর। তবে গত শনিবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সব সমীকরণকেই উল্টে দিয়েছে। আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা এখন নতুন করে ভাবছেন মিলিতোকে নিয়ে । বিশ্বকাপ জয়ের মিশনে মিলিতো হতে যাচ্ছেন ম্যারাডোনার নতুন অস্ত্র। কোচ ডিয়েগো ম্যারাডোনা যখন মিলিতোকে দলে নিয়েছিলেন, তখন থেকেই তাঁর সঙ্গী সমালোচকদের ভ্রুকুটি। তবে ইন্টার মিলানের হয়ে এই মৌসুমটি মোটামুটি ভালোই কেটেছে মিলিতোর। ম্যারাডোনাও বিশ্বকাপ দল গঠনের সময় তাঁর ওপর রেখেছেন আস্থা, সেই আস্থার প্রতিদান মিলিতো দিতে শুরু করেছেন বলেই মনে করছেন ম্যারাডোনা। আর তাঁর ব্যাপারে নিজের সিদ্ধান্তটি যে ভুল ছিল না তা জানিয়ে দিতে ভোলেননি ফুটবলের এই জীবন্ত কিংবদন্তী। ম্যারাডোনা বলেছেন মেসি, হিগুইয়েনদের সঙ্গে মিলিতোরও মাঠে নামার জোর সম্ভাবনাই রয়েছে। ম্যারাডোনা মনে করেন পারফরম্যান্স দিয়েই মিলিতো নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন।শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মিলিতো জোড়া গোলে ইন্টার মিলান ২-০ গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপ সেরার মর্যাদা লাভ করে। এই ম্যাচের পর বার্তা সংস্থা রয়টার্সকে ম্যারাডোনা বলেছেন, ‘মিলিতোর এই পারফরম্যান্সে আমি মোটেই অবাক হইনি। সে যেভাবে খেলছে, তাতে এমন কিছুরই প্রত্যাশা ছিল তাঁর কাছে। সে নিজের যোগ্যতার দারুণ প্রমাণ রেখেছে।’ ফর্মে থাকা মেসি, তেভেজ, হিগুয়েইনদের ভিড়ে বিশ্বকাপের মূল আসরে মিলোতো জায়গা হবে কি না এ প্রশ্নে ম্যারাডোনা বলেন, ‘দলে কারো থাকাই নিশ্চিত নয়। যারা সেরা ফর্মে থাকবে তাদেরকেই দলে নেওয়া হবে। অন্যদের মতো মিলিতোরও সমান সম্ভাবনা রয়েছে।’১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বেই সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। মাঝে কেটে গেছে ২৪ বছর । সেই ম্যারাডোনা এখন দলের কোচ। তবে প্রস্তুতিতে ২৪ বছর আগের আর্জেন্টিনাকেই এগিয়ে রাখতে চান ম্যারাডোনা। তিনি বলেন, এবারের দলটির চেয়ে ১৯৮৬ সালে আর্জেন্টিনা অনেক বেশি সময় ধরে নিবিড় প্রশিক্ষণ নিয়েছিল। ১৯৮৬ সালে প্রস্তুতির জন্য আর্জেন্টিনা সত্তর দিনের মতো সময় পেয়েছিল। এবার দল পাচ্ছে মাত্র ২০ দিন। সব খেলোয়াড়কে এখনো একসঙ্গে পাননি বলে জানিয়েছেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘ইন্টার মিলানের হয়ে খেলা মিলিতো, ওয়াল্টার স্যামুয়েল ও বায়ার্নের মার্টিন ডেমিচেলিসকে এখনো পাই নি।’ তবে সব খেলোয়াড়কে একসঙ্গে না পাওয়ার জন্য প্রস্তুতি ব্যহত হচ্ছে না বলে অভয় দিয়েছেন আর্জেন্টাইন সমর্থকদের। এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ম্যারাডোনা বলেছেন ‘অভিজ্ঞতাই আমাদের বড় শক্তি। আমাদের আত্মবিশ্বাস, সামর্থ দুটিই রয়েছে। এখন প্রয়োজন শুধু নিজেদের মেলে ধরার।