যোসেফ যেন একের ভেতর তিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কত রকম বিদেশিই ফুটবলারই আসছেন। চুকুইমেকা যোসেফ আফুসি একটু আলাদাই। বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামালে তিনি সহকারী কোচ হিসেবে কাজ করছেন। মধ্যবর্তী দলবদলে খেলোয়াড় হিসেবেও নিবন্ধন করানো হয়েছে তাঁকে। যোসেফকে আসলে বলা উচিত একের ভেতর তিন। খেলোয়াড়দের এজেন্ট হিসেবে কাজ করছেন। বিভিন্ন দেশে খেলোয়াড় পাঠান। শেখ জামাল মধ্যবর্তী দলবদলে যে চারজন আফ্রিকান নিয়েছে, তার মধ্যে সিয়েরা লিওনের তিনজন এসেছে তাঁরই মাধ্যমে। নাইজেরিয়ান হলেও ব্রিটিশ নাগরিকত্ব আছে। আছে কোচিং সনদও। বাংলাদেশে এসেছিলেন মূলত ফুটবলার হিসেবেই। কিন্তু সব দেখেশুনে কোচিংয়ে যুক্ত করে দেওয়া হয়েছে। শেখ জামালের মূল কোচ হিসেবে আবু ইউসুফই আছেন। যোসেফ তাঁর সহকারী। নতুন সহকারীর ওপর বেশ খুশিই ইউসুফ, ‘কোচিংটা সে ভালোই জানে মনে হচ্ছে। যে কাজ দিই তা ভালোভাবেই করে দেয়। তা ছাড়া সে ফুটবলারও। তাই ক্লাব ওকে নিবন্ধন করিয়ে রেখেছে। প্রয়োজনে যাতে খেলানো যায়।’আগামী নভেম্বরে ৩০ পূর্ণ হবে। এখনো তরুণ। খেলাও ছাড়েননি। কিন্তু একই সঙ্গে কোচিংয়ে ঢুকে পড়লেন কেন? যোসেফ বললেন, ‘কোচিং এবং স্পোর্টস ম্যানেজমেন্টের ওপর আমার পড়াশোনা আছে। তা ছাড়া কোচিং আমার ভালো লাগে।’তবে কোচ নয়, এখনো ফুটবলার (স্ট্রাইকার) পরিচয়ই সবকিছুর আগে রাখছেন, ‘আমি রোমানিয়া, পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস, সৌদি আরব, বাইরাইনে খেলেছি। এখন যদিও ইংল্যান্ডে আমার একটা একাডেমি আছে, তবে আমি ফুটবলার হিসেবেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসি।’ ঢাকার মাঠে নামতে উদ্গ্রীব হয়ে আছেন। বললেন, ‘আমি মাঠে নামার জন্য সদা প্রস্তুত। কোচ যদি মনে করেন আমাকে খেলাবেন অবশ্যই তাঁর আস্থার মূল্য দিতে চাইব।’একই সঙ্গে ফিফা এজেন্ট হিসেবে শেখ জামালের জন্য যে তিনজন আফ্রিকান এনেছেন, তাঁরা ভালো ফুটবলার প্রমাণ করারও একটা চাপ আছে যোসেফের ওপর। যদিও ট্রায়াল দেখেই ওই খেলোয়াড়দের নিয়েছে শেখ জামাল। তার পরও যোসেফ চান তাঁর আনা খেলোয়াড়েরা শেখ জামালকে সামনের দিকে ভালোভাবে নিয়ে যাক। ‘আমি আসলে অল্প বয়সে অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়ে পড়েছি। প্রায় ১৪ বছর ধরে ফুটবল খেলছি। অনেক দেশ গিয়েছি। সেই সূত্রে অনেক মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে। এখন বাংলাদেশে এসে একটা জিনিসই বেশি করে চাই। সেটা হলো, মাঠে যাতে ভালো পারফর্ম করতে পারি’—যোগ করলেন যোসেফ।