যৌন কেলেঙ্কারি মামলায় ফাঁসতে পারেন রিবেরি-বেনজেমা

বছর চারেক আগে জাহিয়া দেহার নামের অপ্রাপ্তবয়স্ক এক যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ ওঠে ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা ও ফ্রাঙ্ক রিবেরির বিরুদ্ধে। এখন প্যারিসের ‘সংশোধনমূলক আদালতে’ অভিযুক্ত দুই ফুটবলারের বিরুদ্ধে মামলা চলছে। চলতি সপ্তাহে শুনানি মুলতবি ঘোষণা করেছেন আদালত। ফের শুনানি হবে আগামী বৃহস্পতিবার।
দেহারের অভিযোগ, রিবেরি ও বেনজেমা যখন তাঁর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন, তখন তাঁর বয়স ছিল ১৬। ফ্রান্সে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক গড়ে তোলা বৈধ হলেও অপ্রাপ্তবয়স্কের সঙ্গে (১৮-এর নিচে) এ ধরনের সম্পর্ক গড়ে তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
অবশ্য যৌন সম্পর্কের কথা স্বীকার করলেও ওই সময় মেয়েটির বয়স কত ছিল—সেটি জানতেন না বলেই দাবি করেছেন রিবেরি। তবে বেনজেমা বরাবরই বিষয়টি অস্বীকার করেছেন।
অভিযুক্ত দুই ফুটবল তারকার কৌঁসুলি জাঁ জুলিয়েন জেভিয়ার রোলাই এ অভিযোগ থেকে দুজনকে অব্যাহতি দেয়ার আবেদন করেছেন। আদালতে তিনি বলেছেন, ‘ফ্রাঙ্ক রিবেরি তাঁর (মেয়েটি) বয়সের ব্যাপারে সচেতন ছিলেন, এটি প্রমাণ করা অসম্ভব।’ এর আগে উল্লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। রয়টার্স ও ওয়েবসাইট।