র ং বে র ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন ও বরফ!
একটা সময় ছিল, আফতাব আহমেদ ব্যাটিংয়ে নামলেই দর্শক নড়েচড়ে বসতেন গ্যালারিতে, টিভি পর্দার সামনে। আফতাবের কাছে আক্রমণই ছিল ব্যাটিংয়ের শেষ কথা। আশরাফুলও তখন খেলতেন চোখ ধাঁধানো সব শট। প্রথম ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে আফতাব (৪৯ বলে ৬২*) ও আশরাফুলের (২৭ বলে ৬১) ব্যাটিং-ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের ১৬৪ রান বাংলাদেশ পেরিয়ে গিয়েছিল ১৮ ওভারেই। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হলো যেন ওখান থেকেই। শন পোলকের করা প্রথম ওভারেই দুটো চার তামিম ইকবালের। এনটিনির করা পরের ওভারের প্রথম বলেই আউট নাজিমউদ্দিন। আফতাব এসে দুটো বল দেখলেন, পরের দুই বলে দুটি ছয়, শেষ বলে চার। পোলকের করা পরের ওভারের প্রথম বলে আউট তামিম। আশরাফুল নেমে প্রথম বলেই ছয়, পরের বলে চার। পরের বলেই আকাশে তুলে আউট। স্ট্রাইক পেলেন আফতাব, আবার চার। দলের প্রথম ৩৮ রানই বাউন্ডারি থেকে, ২.৫ ওভারে! পরের ওভারে আবার এনটিনি। এবার দুটি চার মারলেন আফতাব, একটি সাকিব। ৪ ওভার শেষে ৫৪! বল পেলেন মরনে মরকেল, আফতাব স্বাগত জানালেন দুর্দান্ত এক চারে। পরের বলেই মরকেলের ঘণ্টায় ১৫০ কিলোমিটারের গোলায় ক্রস খেলে বোল্ড আফতাব (১৪ বলে ৩৬), রোমাঞ্চকর অভিযানেরও সমাপ্তি। উন্মত্ত এক ঝড়ের পর হঠাৎই যেন সব শান্ত। ৪.১ ওভারে ৫৮ তোলা দল শেষ পর্যন্ত খেলতে পারল না ২০ ওভারও, ১৪৪ রানে গুটিয়ে ম্যাচ হারল ৭ উইকেটে।

৪৫৪৯
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট চার হয়েছিল ৫৬৯টি, ছয় ২৬৫ আর উইকেটের পতন হয়েছিল ৩০৭টি। পরের আসরে সংখ্যাগুলো যথাক্রমে ৬৬৭, ১৬৭ ও ৩১৪। ২০১০ আসরে চার ৫০৪, ছয় ২৭৮ ও উইকেট ৩১৮টি। আর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬৪৫, ২২৩ ও ২৯২। সব মিলিয়ে সংখ্যাটা ৪৫৪৯। তা খেলা হলে চার-ছক্কা হবেই, উইকেটও পড়বে। তবু এই পরিসংখ্যান দেওয়ার একটাই কারণ। ৪ হাজার ৫৪৯—একবার ভেবে দেখুন চিয়ারলিডারদের কী ব্যস্ত সময়ই না কাটাতে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে!

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিখ্যাত সেই ‘দিলস্কুপ’
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিখ্যাত সেই ‘দিলস্কুপ’

দিলস্কুপ
স্কুপ—বইপ্রেমীদের কাছে এলভিন ওয়াহর ব্যঙ্গাত্মক উপন্যাস আর চলচ্চিত্রপ্রেমীদের কাছে উডি অ্যালেনের রোমান্টিক কমেডি সিনেমা। ক্রিকেটপ্রেমীরাও শব্দটির সঙ্গে একটু-আধটু পরিচিত ছিলেন। ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকর একটি শট ‘স্কুপ’। আন্তর্জাতিক আঙিনায় শটটা প্রথম খেলেছিলেন সম্ভবত জিম্বাবুয়ের ডগ ম্যারিলিয়ার, ২০০২ সালে ভারতের বিপক্ষে। তবে বিশ্বমঞ্চে প্রথম এই শটের কার্যকারিতা দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল, ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৩ বলে ৮৭ রানের ম্যাচজয়ী ইনিংসের পথে এনটিনি-ল্যাঙ্গেভেল্টদের হতভম্ব করে দিয়েছিলেন দারুণ সব স্কুপে। পরের দুই বছরও টুকটাক অনেকেই খেলেছেন। তবে ২০০৯ বিশ্বকাপে যেন শটটাকে নতুন এক মাত্রা দিলেন তিলকরত্নে দিলশান। সদ্য ওপেনিংয়ে উঠে আসা দিলশান স্কুপে দিশেহারা করে ছাড়লেন পেসারদের। এর আগে স্কুপের জন্য সাধারণত বেছে নেওয়া হতো ফুল লেংথ বল, কিন্তু দিলশান গুড লেংথ বলও অনায়াসে পাঠিয়ে দিচ্ছিলেন উইকেটকিপারের মাথার ওপর দিয়ে! ধারাভাষ্যকারেরা শটের নাম দিয়ে দিলেন ‘দিলস্কুপ’, ব্যস ওই নামই স্থায়ী হয়ে গেল!

ছয় ছক্কা
ছয় ছক্কা

ছয় ছক্কা
১৯৬৭ সালে টেক্সাসের আর্নি টেরেল ৪০ বছর পর জোহানেসবার্গে ফিরে এলেন যেন স্টুয়ার্ট ব্রডের রূপ নিয়ে! এক, দুই, তিন, চার...পঞ্চম ছক্কাটা হজমের পর ব্রডের চেহারাটা হলো দেখার মতো। দৃষ্টিই বলে দিচ্ছিল চোখে ঘোলা দেখছেন! ব্রডের অসহায় চেহারা মনে করিয়ে দিচ্ছিল টেরেলকে। মোহাম্মদ আলী একেকটা বজ্রমুষ্টি বসিয়ে দিচ্ছিলেন টেরেলের দুগালে আর বলছিলেন, ‘হোয়াটস মাই নেম আঙ্কেল টম, হোয়াটস মাই নেম?’ টেরেলের অসহায়ত্বে সেদিন মায়া হয়েছিল আলীর, নকআউট পাঞ্চটা আর মারেননি। তবে ব্রডের অসহায়ত্বে কোনো মায়া হয়নি যুবরাজ সিংয়ের, ষষ্ঠ বলটাও পাঠিয়ে দিলেন গ্যালারিতে! এর কদিন আগেই ইংল্যান্ডেরই মাসকারেনহাসের কাছে বোলার যুবরাজ হজম করেছিলেন এক ওভারে পাঁচ ছক্কা, ব্যাটসম্যান যুবরাজ সেটারই নির্মম প্রতিশোধ নিলেন যেন ছয় ছক্কায়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে গড়া যুবরাজের দ্রুততম ফিফটির রেকর্ড জায়গা পেয়ে গেছে ক্রিকেটের প্রায় চিরস্থায়ী রেকর্ডগুলোর তালিকায়। ১২ বলে ফিফটির রেকর্ড ভাঙা কি সহজ কথা!

.
.

দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর
ছয় ছক্কার বিভীষিকা তত দিনে অনেকটাই পেছনে ফেলে এসেছিলেন। কে জানত, আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্টুয়ার্ট ব্রডের জন্য বয়ে আনবে দুঃস্বপ্নের নতুন প্রহর! অভিশপ্ত এক ওভার দিয়ে শেষ হয়েছিল ২০০৭ আসর, ব্রডের জন্য পরের আসরটি শুরু হলো দুঃসহ যন্ত্রণায়। তাঁর ভুলেই পুঁচকে হল্যান্ডের কাছে হেরে বসল ইংল্যান্ড! শেষ বলে ২ রান দরকার ছিল ডাচদের। রায়ান সাইডবটমের বল কোনো রকমে মিড অনে ঠেলেই রানের জন্য ছুটলেন ব্যাটসম্যান এডগার শিফারলি। মিড অনে ফিল্ডার ব্রড ছিলেন স্টাম্পের খুব কাছেই, বল ধরলেনও ঠিকঠাক। স্টাম্পে ছুঁড়লেনও, লাগলেই রানআউট। কিন্তু ব্রডের থ্রো স্টাম্পে তো লাগলই না, ধরতে পারলেন না কোনো ফিল্ডারও। ১ রানও যেখানে হয় না, সেখানে ২ রান নিয়ে জিতে গেল হল্যান্ড। এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন বলা যায় এটিই।

.
.

‘দ্য লাস্ট স্কুপ’
সাফল্য আর ব্যর্থতার ব্যবধান কখনো কখনো চুল পরিমাণ। ক্রিকেটের এই কঠিন বাস্তবতা মিসবাহ-উল-হকের চেয়ে ভালো আর কে জানেন! সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধান, টাইমিং সামান্য এদিক-সেদিক হলেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস লেখা হতে পারত অন্যভাবে। ট্র্যাজেডির নায়ক নন, মিসবাহ হয়ে যেতেন সত্যিকারের নায়ক। ৩৩ বছর বয়সী মিসবাহর ক্যারিয়ার পুনরুজ্জীবিত করেছিল ওই টুর্নামেন্ট, অভাবনীয়ভাবে হয়ে উঠেছিলেন পাকিস্তানের নায়ক। কিন্তু আসল সময়েই পাকালেন গুবলেট, গ্রুপ পর্বের মতো ভারতের বিপক্ষে ফাইনালেও বীরোচিত ব্যাটিংয়ের শেষটা মোড়ানো থাকল হতাশায়। ৪ ওভারে ৫৪ রানের সমীকরণ নামিয়ে এনেছিলেন ৫ বলে ১২-তে। সেখান থেকে ঠান্ডা মাথায় শ্রীশান্তকে ছয়, ৪ বলে ৬। উইকেটে শেষ জুটি। স্কুপ শটটি সেবার খুব ভালো খেলছিলেন মিসবাহ। কিন্তু শেষ স্কুপটিই হয়ে থাকল আজীবনের আক্ষেপ! আগেই ঠিক করেছিলেন ওই বলে স্কুপ করবেন, বোলার যোগিন্দর শর্মা করলেন স্লোয়ার। মিসবাহর স্কুপে টাইমিং গড়বড়, বল জমা পড়ল শর্ট ফাইন লেগে শ্রীশান্তের হাতে। বিশ্বজয়ের উৎসবে মাতল ভারত। হতাশায় মাথা নুইয়ে মিসবাহ তখন বসে হাঁটু গেড়ে। যেন সেই নাবিক, ডুবতে থাকা জাহাজকে দারুণ দক্ষতায় যিনি টেনে আনছিলেন তীরে। কিন্তু ডুবে গেল তীরের খুব কাছে এসেই!

.
.

৩: ০!
ফল যখন ৩-০, সেটিকে ফুটবল ম্যাচ বলে ধরে নিতেই পারেন কেউ। কিন্তু ক্রিকেটেও একটি ম্যাচের ফল লেখা আছে ৩-০! ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ কিংসমিডে। মাত্র ৩ ওভারের মধ্যে ম্যাচের রং পাল্টে দিয়েছিলেন মিসবাহ। ৪ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯, মিসবাহর ঝড়ে সেটাই হয়ে গেল ৬ বলে ১২। শ্রীশান্তের বলে আরও দুই বাউন্ডারিতে ১১ চলে এল ৪ বলেই। শেষ দুই বলে প্রয়োজন ১। পঞ্চম বলে ব্যাট ছোঁয়াতে পারলেন না মিসবাহ। শেষ বলে ব্যাট ছুুঁইয়েই পড়িমরি দৌড়ে রান নিতে গিয়ে রানআউট। ম্যাচ টাই! আসল নাটক শুরু এর পরই। সেবারই প্রথম টাইব্রেকার চালু করেছিল আইসিসি। প্রতি দলের পাঁচজন করে ক্রিকেটার বোলিং করবেন ফাঁকা স্টাম্পে, যে দল বেশিবার স্টাম্পে লাগাবে, জয়ী তারাই। নাম ‘বোল আউট’। বুদ্ধি করে ভারত শুরুতে পাঠিয়েছিল স্লো বোলারদের, পাকিস্তান ডুবল পেসারদের পাঠিয়ে। দুই পা দৌড়ে প্রথম বল স্টাম্পে লাগালেন শেবাগ, লম্বা রান আপে বোলিং করে অফ স্টাম্পের বাইরে মারলেন ইয়াসির আরাফাত। একইভাবে পরের বলে স্টাম্পে লাগালেন হরভজন, আবারও বাইরে মারলেন উমর গুল। তৃতীয় বলে স্টাম্পে লাগালেন রবিন উথাপ্পা, আফ্রিদির বল গেল লেগ স্টাম্পের বাইরে। ৩-০ তে জিতল ভারত! ওই টুর্নামেন্টে আর বোল আউটের প্রয়োজন হয়নি। অনেক সমালোচনার মুখে নিয়মটা পরে বাতিল হয়ে যায়। এখন টাইব্রেক হয় সুপার ওভারে। ক্রিকেট ইতিহাসে তাই ওই একবারই ফল হয়েছে ফুটবলের মতো!

.
.

আফ্রিদি-উদ্যাপন
চাইলে ক্রিকেটারদের উদ্যাপন নিয়েই একটি মহাকাব্য লেখা যায়। বৈচিত্র্যময় সব উদ্যাপনে যুগে যুগে ক্রিকেটকে রাঙিয়েছেন কতজন! তবে একটা জায়গায় সাধারণত মিল আছে সবারই, একটা পর্যায়ে সবাই ছুটে যান সতীর্থদের দিকে। শহীদ আফ্রিদি ভাবলেন অন্য রকম, ‘মুহূর্তের নায়ক আমি, আমি কেন ছুটে যাব? অন্যরাই ছুটে আসবে আমার দিকে!’ গ্যালারির দিকে তাকিয়ে দুই পা দুই দিকে ছড়িয়ে, দুই হাত দুই দিকে উঁচিয়ে দাঁড়ানো আফ্রিদি। ক্রিকেটের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি এখন এটি। যেন কলোসিয়ামে দাঁড়ানো কোনো যুদ্ধজয়ী রোমান বীর! সতীর্থরা ছুটে আসেন তাঁকে আলিঙ্গনে জড়াতে। কেতাবি নাম হয়ে গেছে ‘স্টার ম্যান সেলিব্রেশন’। বিখ্যাত এই উদ্যাপনের জন্ম ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে দিলশানের উইকেট পাওয়ার পরই সম্ভবত প্রথম দেখা গিয়েছিল ওই উদ্যাপন, জয়াসুরিয়ার উইকেট নেওয়ার পর আবার। তবে উদ্যাপনটা সবার নজর কাড়ল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে, অনেকটা দৌড়ে স্কট স্টাইরিসের দুর্দান্ত এক ক্যাচ নেওয়ার পর। সেই যে মজলেন এই উদ্যাপনে, এখন সেটি একরকম হয়ে উঠেছে আফ্রিদির প্রতিশব্দ।

.
.

গেইল-তাণ্ডব
প্রথম বলে চার মিড অফ দিয়ে। তৃতীয় বলে পয়েন্ট দিয়ে। সেটা ছিল কেবলই পূর্বাভাস। খানিক পর যে ঝড় উঠল তাতে তছনছ অস্ট্রেলিয়ান বোলিং। লি-জনসনদের হাত থেকে বেরোচ্ছিল একেকটি গোলা। ক্রিস গেইল ও আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে সেই গোলাগুলো যেন আবার দ্বিগুণ গতিতে ছুটে যাচ্ছিল বাউন্ডারিতে। ব্রেক থ্রুর আশায় প্রথম ২ ওভারে ২৪ দেওয়া লিকে আরেকটি ওভার দিলেন অধিনায়ক রিকি পন্টিং। ফল হলো আরও ভয়াবহ। লির প্রথম বলছি ছিল ঘণ্টায় দেড় শ কিলোমিটার গতির এক গোলা, গেইল ব্যাট চালালেন যেন প্রচণ্ড আক্রোশে। বল যেন মেলে দিল পাখনা, ওভালের মাঠ ছাড়িয়ে উড়ে গিয়ে পড়ল পাশের আর্চবিশপ টেনিসন স্কুলে! আরেকটি ছয়ে বল আশ্রয় নিল বেডসার স্ট্যান্ডের ছাদে। তিন ছয়, দুই চারে ওই ওভার থেকে এল ২৭। পাওয়ার প্লের ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮৩! উদ্বোধনী জুটিতে ৬৯ বলে ১৩৩। গেইল ৫০ বলে ৮৮, ফ্লেচার ৩২ বলে ৫৩। ১৬৯ তাড়া করে ২০০৯ বিশ্বকাপের ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতল ১৫.৫ ওভারেই!
 আরিফুল ইসলাম