ভিনসেন্ট এনাইয়ামা কাল যেন জুং সাং-রিয়াংয়ের রূপ ধরে এলেন সকার সিটি স্টেডিয়ামে। আগের ম্যাচে নাইজেরিয়ার গোলরক্ষক পণ করেছিলেন মেসিকে গোল পেতে দেবেন না, তেমনই কালকের ম্যাচে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক গোল পেতে দিলেন না তাঁকে। গোলরক্ষকেরা বরাবরই প্রতিপক্ষের স্ট্রাইকারদের শত্রু, তাই বলে মেসির বোধ হয় এই বিশ্বকাপে এটা পাওনা ছিল না। গোলরক্ষক আর সঙ্গে ভাগ্য মিলে শত্রুতা করছে মেসির সঙ্গে।তাতে কীই-বা এসে গেল? মেসি একটা গোলও পাননি, চার গোলের ঝড়ে দক্ষিণ কোরিয়া যে উড়ে গেল, সব ঝড়েরই উৎসমুখের নাম তো মেসিই!হিগুয়েইনকে দিয়ে হ্যাটট্রিকও তো করিয়ে নিয়েছেন! এই বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, যে রকম গোল-খরা চলছে তাতে একমাত্র হিসেবেও এটি টিকে যেতে পারে।ম্যাচ শুরুর আগে গ্যালারির প্রবেশদুয়ারের এক পাশে যদি থাকে ‘লাল ঢেউ’, অন্যপাশে ‘আকাশি-সাদা’। আকাশি-সাদা আর্জেন্টাইনরা যদি থাকে একটু বেশি উচ্ছল, লাল কোরীয়রা অনেক বেশি প্রত্যয়ী। কাউকে কাউকে আঙুল তুলতেও দেখা গেল। আঙুল এখানে সংখ্যা বোঝাতে ব্যবহার করা হলো। তার মানে ‘এই কয় গোল’, কেউ তিন আঙুল দেখালেন, কেউ চার আঙুল। শান্ত কোরীয়দের মুখ গম্ভীর, যে গাম্ভীর্য ফুঁড়ে বেরোচ্ছিল তাদের প্রত্যয়, ‘আমরা এশিয়ার পতাকা নিয়ে এসেছি। গ্রিসকে ২-০ গোলে হারিয়ে আমরাই এখনো গ্রুপ শীর্ষে। দেখা হবে মাঠে।’দুই দলের মাঠে দেখা হলো। পার্ক জি-সুংয়ের দল স্রেফ মেসি-তেভেজ-হিগুয়েইন ত্রয়ীর দর্শক। সেবাস্তিয়ান ভেরন ছিলেন না বলে মেসিকে খেলতে হলো বাড়তি দায়িত্ব নিয়ে। সেই দায়িত্বের এমনই নমুনা যে তিনি নেমে আসতে লাগলেন অর্ধরেখার নিচে। বল কাড়লেন। কখনো কখনো রক্ষণেও সহায়তা করলেন। সঙ্গে সেই ভুবন ভোলানো দৌড়। মাঝমাঠ থেকে বল ধরে নিপুণ জাদুকরের মতো কোরীয় ডিফেন্ডারদের ছিটকে বল বানিয়ে তুলে দিলেন তেভেজের পায়ে, হিগুয়েইনের মাথায়, লেফট উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়ার বুকে। আবার গোলে শটও নিলেন, বুলেটের মতো। কে বলে মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে হারিয়ে যান?প্রথম ম্যাচকে মেসি যদি বলে থাকেন আর্জেন্টিনার হয়ে সেরা ম্যাচ, তাহলে দ্বিতীয় ম্যাচটা তাঁকে তুলে দিল আরও ওপরে। বাঁ প্রান্ত থেকে ফ্রি-কিকের মাধ্যমে ১৭ মিনিটে পাওয়া প্রথম গোলের উৎসমুখে ছিলেন মেসি। সেটি রুখতে গিয়ে পার্ক চু-ইয়ংয়ের পায়ে লেগে দিক বদলে সেটি ঢুকে যায় জালে (১-০)। ৩৩ মিনিটে আর্জেন্টিনার দ্বিতীয় গোলে চূড়ান্ত পাসটা দিয়েছিলেন ভেরনের বদলি মিডফিল্ডার ম্যাক্সি রদ্রিগেজ। আর হেডে ওই গোলের মাধ্যমেই হ্যাটট্রিকের রাস্তাটা পেয়ে যান হিগুয়েইন। যে রাস্তার শেষে পৌঁছেছেন ৮০ মিনিটে, আরেকটা হেডের মাধ্যমে। এর চার মিনিট আগে পাওয়া গোলটা রিয়াল মাদ্রিদের স্ট্রাইকারের নামেই চিরকাল লিখে রাখবে বিশ্বকাপ। কিন্তু গোলটার শতকরা ৯৫ ভাগের মালিকের নাম মেসি। সার্জিও আগুয়েরোর সঙ্গে মেসি ওয়ান-টু খেলে চলে গিয়েছিলেন কোরীয় পেনাল্টি বক্সের বাঁ প্রান্তে, সেখান থেকেই বাঁ পায়ে নিলেন তীব্র শট। গোলরক্ষক বসে পড়ে পায়ে ঠেকালেন, ফিরে গেল তা মেসির কাছে। আবারও শট করলেন আর্জেন্টিনার স্বপ্নবাহক। এবার তা বাঁ পোস্টে লেগে গেল ডান পোস্টের কাছে ফাঁকায় দাঁড়িয়ে থাকা হিগুয়েইনের কাছে। হিগুয়েনের কেবল প্লেস করতে হলো জালে।আগের ম্যাচে হ্যাটট্রিক হতে পারত মেসির। এ ম্যাচেও তাই। মেসির দেনা বাড়ছে। ফুটবল ঋণী হয়ে যাচ্ছে মেসির কাছে। তবে কি গ্রিসের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচেই সুদাসলে তুলে নেবেন সব! নিতেই পারেন, যদি না আবার গ্রিসের গোলরক্ষক আলেক্সান্ডার জোরভাস এনাইয়ামা বা জুং সাংয়ের সঙ্গে ‘জীবন’ বদল করেন।এই মেসি আসাধারণ, এই মেসি দুর্দান্ত, তাঁকে আটকানোর মতো ডিফেন্ডার এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। মেসি গতির জোগান দিচ্ছেন, সতীর্থদের অনুপ্রাণিত করছেন। আর ইস্পাতের ধারালো ফলার মতো মনে হচ্ছে আর্জেন্টিনাকে। ৭৫ মিনিটে তেভেজের জায়গায় আগুয়েরো দুটি গোলে অবদান রেখে আরও দুটি গোলের প্রায় কাছাকাছি গিয়ে বুঝিয়ে দিলেন এই আর্জেন্টিনার তূণে তীরের অভাব নেই। তবে ঘাটতি কেবল একটি জায়গাতেই—রক্ষণ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লি চুংয়ের পা থেকে একটা গোল হজম করে তারা খানিকটা কাঁপল, সে ওই রক্ষণের ভুলে। ডেমিচেলিস একেবারেই ছেড়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে! রক্ষণের সমন্বয়হীনতা ছাড়া এই দল প্রতিপক্ষের সামনে ভয় জাগানো। মাঠের বাইরে ম্যারাডোনা, ভেতরে আরেক ম্যারাডোনা—যুগলবন্দীটা একেবারে উচ্চগ্রামে গিয়ে পৌঁছেছে। না, মাঠের জনকে ম্যারাডোনা বলতে তো ম্যারাডোনাই নিষেধ করে দিয়েছেন। মেসিকে নিজেই স্বীকৃতি দিয়ে দিয়েছেন, ’৮৬-এর ম্যারাডোনার চেয়েও এই মেসি বড়।আপনারা কী বলবেন, সেটা আপনাদের দায়িত্ব, তবে দুটো ম্যাচে খেলেই তো মেসি ইঙ্গিত দিলেন ম্যারাডোনার ছায়া থেকে আর্জেন্টিনাকে অন্তত সরিয়ে নিয়ে যেতে চান তিনি। তা না হলে যে তৃতীয় শিরোপাটা আসছে না।শুধু মেসি আর মেসি। এই ম্যাচ রিপোর্টের কত জায়গায় মেসির নাম লেখা হলো সেই হিসাবটা রাখা গেল না। হ্যাটট্রিক করে হিগুয়েইন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, কিন্তু মেসি ছাড়া কাল সকার সিটি স্টেডিয়ামের মাঠে আর কেউ ছিলেন নাকি!