কে ভেবেছিল আসল শুরুর আগেই এতটা রং ছড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ! কে ভাবতে পেরেছিল ঘটন-অঘটনে ক্রিকেট-বিশ্বকে চমকে দেবে সূচনাপর্বটা।
ছোট বিশ্বকাপের যে অংশটাকে মনে হয়েছিল নিতান্তই অপ্রয়োজনীয় সেই প্রথম পর্বটাই শেষ হলো চমক দিয়ে। কমলার রঙে রাঙিয়ে হল্যান্ডই দিল তুলির শেষ পরশ। সিলেটে নয়নাভিরাম স্টেডিয়ামে মারকাটারি ব্যাটিংয়ের নতুন উদাহরণ গড়ে ‘ফ্লাইং ডাচম্যানরা’ একই সঙ্গে বিদায় করে দিল আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে। পেয়ে গেল ক্রিকেট পরাশক্তিদের পাশে একই কাতারে বসার অধিকার।
ডাচ ও আইরিশরা তবুও কাছাকাছি মানের দল। কিন্তু বাংলাদেশকে হারিয়ে হংকং তো গড়ল নতুন ইতিহাস। টুর্নামেন্ট শুরুর আগে এক আফগানিস্তানকে নিয়ে যা একটু ভয় ছিল বাংলাদেশের। নেপাল ও হংকংকে দুধভাত মনে করা স্বাগতিকেরা আবারও টের পেয়েছে ক্রিকেটে ঘটতে পারে যেকোনো কিছুই। বাংলাদেশ তা-ও মূল পর্বে উঠে মান বাঁচিয়েছে, আরেক টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ে সেই সান্ত্বনাও পায়নি। আয়ারল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারের মূল্যই দিল দলটি। আইরিশরা তো দেশে ফিরছে ঘোরলাগা অবস্থাতেই।
প্রথম পর্বের আট দলের মধ্যে একমাত্র সংযুক্ত আরব আমিরাতই ফিরেছে শূন্য হাতে। হল্যান্ড তো বটেই প্রত্যাশা ছাড়িয়েছে প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরে খেলা নেপালও। তিন ম্যাচে দুই জয়, হিমালয়কন্যা নেপালের ক্রিকেটাররা দেশে ফিরে কাল পেলেন বীরোচিত সংবর্ধনা।
প্রথম পর্বের ১২ ম্যাচের দুটি নিষ্পত্তি হয়েছে শেষ বলে। দুটি ম্যাচেই ছিল জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের কাছে প্রথমটি হারলেও সিবান্দার বিশাল ছক্কায় দ্বিতীয়টিতে হল্যান্ডকে হারায় জিম্বাবুইয়ানরা। ছয় মেরেই জয়ই ছিল প্রথম পর্বের সবচেয়ে পরিচিত দৃশ্য। ১২ ম্যাচের অর্ধেকই শেষ হয়েছে ছক্কায়। আফগানিস্তান ও নেপালের বিপক্ষে বাংলাদেশের এনামুল হক ও সাকিব আল হাসান, এরপর সিবান্দার ওই ছক্কার পর হংকংয়ের হাসিব আমজাদ, জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা ও হল্যান্ডের ওয়েসলি বারেসিও ছয় মেরেই শেষ করেছেন ম্যাচ।
ছক্কাবৃষ্টিই দেখেছে প্রথম পর্ব। ছক্কাসংখ্যা ১০০ থেকে মাত্র ছয়টা কম। অবশ্য এক হল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচই তো দেখেছে বিশ্ব রেকর্ড ৩০টি ছক্কা। ৯টি ছয় নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে হল্যান্ডের স্টেফান মাইবুর্গ। আরেক ডাচ টম কুপার মেরেছেন আটটি। বিতর্ক মাথায় নিয়ে যিনি বিশ্বকাপে এসেছেন, সেই কুপারই প্রথম পর্বের সেরা ব্যাটসম্যান। ১৫১.০০ গড়ে ১৫১ রান করা অস্ট্রেলীয় বংশোদ্ভূত কুপারের স্ট্রাইক রেট ১৫২.৫২।
উইকেট শিকারে সবার ওপরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তাঁর সমান ৬ উইকেট নিয়েছেন হংকংয়ের নাদিম আহমেদ ও হল্যান্ডের আহসান মালিকও। তবে ৬.৫০ গড় নিয়ে সাকিবই ওপরে। ৩.৪৯—বাংলাদেশের অলরাউন্ডারের ইকোনমিটাও ঈর্ষণীয়।