রংধনু-জাতি শুনছে ঐক্যের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার কাছে এই বছরটার একটা ঐতিহাসিক গুরুত্ব থাকবে। এ বছরই পূর্ণ হবে তাঁর কারামুক্তির দুই দশক। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের একটি ফুটবল বিশ্বকাপ এ বছর নতুন রাঙাবে ‘রংধনু-জাতি’কে।দুটি বিষয়েরই একটি যোগসূত্র আছে। ১৯৯০ সালে কারামুক্তির পরও সাদা-কালোর মাঝখানের বিভেদ রেখাটি পুরো মুছে ফেলতে পারছিলেন না নেলসন ম্যান্ডেলা। অবশেষে দারুণ একটা ‘অস্ত্র’ খুঁজে পেলেন তিনি, ১৯৯৫ রাগবি বিশ্বকাপ। রাগবি-পাগল দক্ষিণ আফ্রিকানদের এক পতাকার নিচে নিয়ে আসতে এই আসরটাকেই বেছে নিলেন ম্যান্ডেলা। প্রথমবারের মতো ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। এলিস পার্কের ফাইনালে ৬২ হাজার সমর্থককে সঙ্গে নিয়ে খেলল নিউজিল্যান্ডের বিপক্ষে। জিতল শিরোপা। ম্যান্ডেলার হাত থেকেই চকচকে ট্রফিটা হাতে নিলেন রাগবি দলের অধিনায়ক ফ্রাঙ্কোইস পাইনার। এক সাংবাদিক অধিনায়ককে প্রশ্ন করেছিলেন, ৬২ হাজার সমর্থকের সামনে খেলার অনুভূতি কী? পাইনার উত্তর দিয়েছিলেন, ‘আমাদের তো ৬২ হাজার সমর্থক ছিল না, আমাদের পেছনে ছিল ৪ কোটি ৩০ লাখ দক্ষিণ আফ্রিকান!’বর্ণবাদের বিষবৃক্ষের শেকড়-বাকড় এখনো হয়তো কিছুটা রয়ে গেছে দক্ষিণ আফ্রিকায়। সেই শেকড় পুরোপুরি উপড়ে ফেলতে এবার আরেকটি বিশ্বকাপকে অস্ত্র বানাবেন ম্যান্ডেলা আর তাঁর উত্তরসূরিরা। রাজনীতি থেকে অবসর নিয়ে নিয়েছেন। কিন্তু তাঁর মতো বিশাল ব্যক্তিত্বের ছায়া তো থাকবেই। আফ্রিকা মহাদেশে প্রথম বিশ্বকাপ আয়োজনের স্বপ্নটা সফল করতে অনেক বড় অবদান রেখেছেন ম্যান্ডেলা নিজেও। বিশ্বকাপ এরই মধ্যে দেশটিতে অনেক পরিবর্তন এনেছে। নতুন সাজে সেজেছে বিমানবন্দর। রাস্তাঘাট ঝকঝকে-তকতকে। ঝলমলে স্টেডিয়াম। বস্তুগত পরিবর্তন শুধু নয়; দক্ষিণ আফ্রিকার আশা, ২০১০ বিশ্বকাপ আরও একটি জাতিগত ঐক্যবোধ ছড়িয়ে দেবে প্রায় ৫ কোটি জন-অধ্যুষিত দেশটিতে। ফ্রাঙ্কোইস পাইনারের মতো ১১ জুলাইয়ের ফাইনালে অ্যারন মোকোয়েনার হাতে হয়তো শিরোপা ওঠার স্বপ্ন দেখাটা দুঃসাহসই। কিন্তু ম্যান্ডেলার মতো স্বপ্নবাজ নেতা আছে যে দেশে, সেই স্বপ্নই বা দেখতে দোষ কী! ওয়েবসাইট।