রংপুর রাইডার্সের মালিক আই স্পোর্টস
বিপিএলের দ্বিতীয় আসরে যোগ হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি রংপুর। কাল দরপত্রের মাধ্যমে বিক্রি হয়ে গেল ফ্র্যাঞ্চাইজির মালিকানাও। ১.০১ মিলিয়ন ডলারে (প্রায় আট কোটি ৬০ লাখ টাকা) সেটি কিনে নিয়েছে ফ্লোরা গ্রুপের প্রতিষ্ঠান আই স্পোর্টস লিমিটেড। বিপিএলে এই ফ্র্যাঞ্চাইজির নাম হবে রংপুর রাইডার্স।আই স্পোর্টস ছাড়া আরও দুটি প্রতিষ্ঠান নিলামে অংশ নিয়েছে বলে জানিয়েছেন বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অন স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন গাঙ্গুলী। ‘হক ব্রাদার্স ও এএসএন স্পোর্টস নামে আরও দুটি প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়। হক ব্রাদার্স এক মিলিয়ন ডলার দাম হাঁকালেও অন্য প্রতিষ্ঠানটি নিলামের শর্ত পূরণ করেনি’—কাল টেলিফোনে বলেছেন অঞ্জন। বিপিএলের আগের ফ্র্যাঞ্চাইজি নিলাম সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে প্রকাশ্যে হলেও গতকাল ঢাকা ক্লাবে অনুষ্ঠিত রংপুরের নিলামে সংবাদমাধ্যমকে আমন্ত্রণই জানানো হয়নি।বিপিএল শুরুর সময় কথা ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবি ও গেম অনের ত্রিপক্ষীয় চুক্তি হবে। এক বিপিএল পেরিয়ে আরেক বিপিএল চলে এলেও সেই চুক্তি এখনো হয়নি। এবারের টুর্নামেন্ট শুরুর আগেই সেটি হয়ে যাবে বলে আশ্বাস দিচ্ছেন আয়োজকেরা। তবে অঞ্জন জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তির মুখে ত্রিপক্ষীয় চুক্তির জায়গায় এখন হবে দ্বিপক্ষীয় চুক্তি, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি হবে ১২ বছরের। অন্যদিকে বিসিবির সঙ্গে গেম অনের চুক্তি ছয় বছরের। ছয় বছর পর বিসিবি চাইলে নতুন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানও খুঁজে নিতে পারে। গেম অনের সঙ্গে চুক্তি হলে তখন ফ্র্যাঞ্চাইজিরা কোথায় যাবে? সে জন্যই ফ্র্যাঞ্চাইজিদের চুক্তিটা সরাসরি বিসিবির সঙ্গে হবে। গেম অন চুক্তিতে থাকবে না।’দ্বিতীয় বিপিএলের খেলোয়াড় নিলাম হওয়ার কথা ২০ ডিসেম্বর। আগামী ১৭ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের পর টুর্নামেন্টের খেলা শুরু হবে ১৮ জানুয়ারি থেকে।