রংপুরের জয়, আশরাফুলের সেঞ্চুরি
পঞ্চম ম্যাচে এসে জাতীয় লিগে প্রথম জয় পেয়েছে নবাগত রংপুর। সেটিও লিগের শীর্ষ দল খুলনাকে হারিয়ে। যশোরে এই ৫ উইকেটের জয়টা এসেছে মাত্র তিন দিনেই, এবারের লিগে এ পর্যন্ত সবচেয়ে বড় রান (২২৩) তাড়া করে। ফলে বিফলেই গেল ম্যাচসেরা মুরাদ খানের ম্যাচে ১১ উইকেটে পাওয়া। রংপুরের পক্ষে ফিফটি করেছেন রবিউল ইসলাম ও অধিনায়ক তারিক আহমেদ।রংপুরের জয়ের মতোই কালকের দিনের বড় ঘটনা মোহাম্মদ আশরাফুলের রানে ফেরা। আগের ছয় ইনিংসে করেছিলেন মাত্র ৯৩ রান। কাল সিলেটে চট্টগ্রামের বিপক্ষে ঢাকা মহানগরের অধিনায়ক দিনশেষে অপরাজিত ১১৬ রানে। প্রথম শ্রেণীর ম্যাচে ১৫তম সেঞ্চুরিটি ওপেনারের ভূমিকায়। ২১৩ বলের ইনিংসে ১২টি চার ও ৩টি ছয় মেরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। জাতীয় দলে ফেরার জন্যই ওপেনিংয়ে ফেরা কি না—এ প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘আমি এভাবে ভাবছি না। জাতীয় দল নিয়ে না ভেবে আমার লক্ষ্য, এখন ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে ভালো খেলা।’ ৪ উইকেটে ২৭৫ রান করে মহানগর এগিয়ে আছে ৩৬৪ রানে। এর আগে ৩০৪ রানেই ইনিংস ঘোষণা করে ৯ উইকেট হারিয়ে ফেলা চট্টগ্রাম। বগুড়ায় জিততে হলে আজ শেষ দিনে রাজশাহীকে করতে হবে আর মাত্র ৫৬ রান, হাতে ৫ উইকেট। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা রাজশাহীকে ম্যাচে ফিরিয়েছে পঞ্চম উইকেটে আনিসুর ও হামিদুরের ৮৬ রানের জুটি। এর আগে সিলেট রাজশাহীর সামনে ২২৪ রানের টার্গেট দিতে পারে শেষের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায়। সিলেটের শেষ চার জুটিতে এসেছে ১৪২ রান। ৯-এ নেমে ৫৯ রান করেছেন তাপস বৈশ্য।বরিশালে ঢাকা বিভাগকে জিততে শেষ দিনে করতে হবে আরও ২০৮ রান, হাতে উইকেট আছে ৮টি। এর আগে সৈয়দ রাসেলের ৯১ রানের ক্যারিয়ার-সেরা ইনিংসে ২৬৩ রানের লিড পায় বরিশাল। শেষ ৪ উইকেটে বরিশাল তুলেছে ১৭৭ রান। রাসেলের ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছয়।