রংহীন ফেড কাপ টিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর রাহিমার বিপক্ষে আবাহনীর সোমার স্লাইস শট। আবাহনী ৩-১ সেটে সেনাবাহিনীকে হারিয়ে ফেডারেশন কাপ টিটির দলগত ইভেন্টে হয়েছে চ্যাম্পিয়ন। কাল পল্টন উডেন ফ্লোরে l প্রথম আলো
সেনাবাহিনীর রাহিমার বিপক্ষে আবাহনীর সোমার স্লাইস শট। আবাহনী ৩-১ সেটে সেনাবাহিনীকে হারিয়ে ফেডারেশন কাপ টিটির দলগত ইভেন্টে হয়েছে চ্যাম্পিয়ন। কাল পল্টন উডেন ফ্লোরে l প্রথম আলো

রংপুরের কিশোর মুহতাসিন আহমেদ হৃদয় দারুণ উচ্ছ্বসিত। ক্যারিয়ারে প্রথমবারের মতো ফেডারেশন কাপ টেবিল টেনিসে অংশ নিয়েই হারিয়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন মাহবুব বিল্লাহকে! নড়াইলের কিশোরী সাদিয়া রহমান মৌ হারিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন মৌমিতা আলম রুমিকে। এবারের ফেডারেশন কাপ যেন নতুনদের জয়জয়কার! পুরুষ বিভাগে পুরোনোদের মধ্যে শুধু মাহবুব বিল্লাহই অংশ নিয়েছেন সেনাবাহিনীতে চাকরির সুবাদে। কিন্তু গত পরশু থেকে শুরু হওয়া টুর্নামেন্টে খেলছেন না সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরীসহ সেরাদের অনেকে। সেই সুযোগেই নতুন মুখগুলো জ্বলে উঠছে দারুণভাবে।
সাধারণত লিগ শুরুর আগে ক্লাবগুলোর প্রস্তুতির জন্য ফেডারেশন কাপের আয়োজন করা হয়। প্রতিবার বেশ ঘটা করে বড় দলগুলো অংশ নিলেও এবার খেলছে না বর্তমান চ্যাম্পিয়ন অরুনিমা স্পোর্টস, রানার্সআপ শিশিরন টিটি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, পাললিক গ্রুপ, ওয়ারী, মেরিনার্স ও অ্যাজাক্স। এতগুলো বড় দল না খেলায় স্বাভাবিকভাবেই রং হারিয়েছে টুর্নামেন্ট।
কিন্তু হঠাৎ ফেডারেশন কাপে কেন এত অনীহা ক্লাবগুলোর? অরুনিমা স্পোর্টসের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদকের অধীনে আমরা খেলতে চাই না।’ ব্যাপারটা আরও খোলাসা করলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের টিটি সম্পাদক এনায়েত হোসেন মারুফ, ‘বিগত দিনগুলোতে লিগ হয়েছে দায়সারা গোছের। কোনো আকর্ষণ ছিল না। ফেডারেশনে বিভিন্ন কমিটি করা হলেও সেখানে বড় দলগুলোর কোনো প্রতিনিধি রাখা হয় না। একজন মাত্র ব্যক্তি বিশ্বকাপে, এশিয়ান গেমসে ও অলিম্পিকে প্রতিনিধিত্ব করেন। আমাদের কোনো মূল্যায়নই করা হয় না। এসবের প্রতিবাদ হিসেবেই এবার ফেডারেশন কাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। প্রতিষ্ঠান পরিচ্ছন্ন না হলে আর খেলায় আগ্রহ দেখাব না আমরা।’
বড় দলগুলো অংশ না নেওয়ায় স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে খেলোয়াড়দের ওপর। ফেডারেশন ও ক্লাবগুলোর এমন কাদা-ছোড়াছুড়িতে ভীষণ বিরক্ত মানস চৌধুরী, ‘ক্যারিয়ারে এবারই প্রথম ফেডারেশন কাপে দল পাইনি। এত বছর জমজমাট ফেডারেশন কাপ দেখেছি। এবারই ব্যতিক্রম। বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ দলগুলো অংশ না নেওয়া টিটির জন্য অশনিসংকেত। খেলাটা মরে গেলে এই ক্লাব কর্মকর্তাদের আসলে কি দাম থাকবে? আমি খুব হতাশ।’
ক্লাবগুলোর এভাবে পিছিয়ে যাওয়ায় হতাশ সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীরও। ক্লাব কর্মকর্তাদের দেওয়া অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য, ‘গত আট বছরে আমি একবার অলিম্পিকে গিয়েছি। সভাপতি সাহেব এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাবেন। এর আগে লিনু আপা (জোবেরা রহমান) বিশ্বকাপে গেছেন। তাই আমি বলব ওদের অভিযোগ সত্যি না।’ জমজমাট টুর্নামেন্ট করতে চেষ্টার কমতি নেই বলেই দাবি করলেন তিনি, ‘এই টুর্নামেন্টে কোনো পৃষ্ঠপোষকতা না পাওয়ায় নিজের ফার্মের নামে স্পনসর করেছি। তা ছাড়া সবাইকে অনুরোধও করেছি ফেডারেশন কাপে অংশ নেওয়ার। এখানে খেলার ব্যাপারে বাধ্যবাধকতা না থাকায় সেই সুযোগগুলো নিচ্ছে ক্লাবগুলো।’