রইল বাকি ছয়
এবারের বিশ্বকাপে ইউরোপের শেষ ষোলোর ভাগ্য মোটেও ভালো হলো না। প্রথম রাউন্ডের সিঁড়ি ভাঙতেই ইউরোপের তেরোটি দল থেকে ঝরে গেছে ৭টি। রইল বাকি ছয়—যা কিনা সর্বকালের সর্বনিম্ন! তবে আজ সেখান থেকেও একটি ঝরে পড়তে যাচ্ছে, ইংল্যান্ড-জার্মানি যে মুখোমুখি দ্বিতীয় রাউন্ডেই!জার্মানির মুকুটে আছে বিশ্বকাপের দুটি পালক। আর ইংল্যান্ডের আছে একটি। তবে এবারের বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ইতালি হতাশ করেছে ইউরোপকে। ১৯৯৮-এর চ্যাম্পিয়ন ফ্রান্স তো মহা কেলেঙ্কারি করেই বিদায় নিল এবারের আসর থেকে!বাকি ইউরোপিয়ান দলগুলোর মধ্যে আছে—হল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন ও পর্তুগাল। এদের কেউই এ পর্যন্ত বিশ্বকাপ ছুঁয়ে দেখেনি। তবে ডাচরা ১৯৭৪ ও ১৯৭৮ সালে ফাইনালের মঞ্চে উঠেছিল। স্পেনকে নিয়ে ইউরোপ অবশ্য এবারও স্বপ্ন দেখছে। তবে শেষতক ইউরোপের বাকি ছয় দলের কয়টা টিকে থাকবে, এখন সেটা দেখারই অপেক্ষা। এএফপি।