রইলেন শুধু নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেরা চারের’ একজনের ওঠা হচ্ছে না সিনসিনাটি মাস্টার্সের সেমিফাইনালে, ড্রতেই নিশ্চিত হয়েছিল সেটা। দেখার ছিল শেষ চারে নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারের সঙ্গী হচ্ছেন কে? রজার ফেদেরার না রাফায়েল নাদাল? হলো ঠিক উল্টোটা, ফেদেরারকে হারিয়ে নাদাল সেমিফাইনালে উঠলেও তাঁর সঙ্গী হতে পারেননি জোকোভিচ ও মারে। পরশু অঘটনের এক দিনে কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন বিশ্বের এক ও দুই নম্বর খেলোয়াড়। একই দিনে ফেদেরার, জোকোভিচ ও মারের হার, ভূমিকম্পেরই সাক্ষী হলো ওহাইওর সিনসিনাটি।বছরের শেষ গ্র্যান্ড স্লাম শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। আর এই সময়েই এই অঘটন। লিন্ডনার ফ্যামিলি টেনিস সেন্টারে ‘ম্যারাথনম্যান’ জন ইসনারের শিকার জোকোভিচ। বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় হেরেছেন ৭-৬ (৭/৫), ৩-৬, ৭-৫ গেমে। একই সময়ে পাশের গ্র্যান্ডস্ট্যান্ড কোর্টে টমাস বার্ডিচের কাছে সরাসরি ৬-৩, ৬-৪ গেমে হেরেছেন উইম্বলডন ও ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন মারে। শীর্ষ দুইয়ের বিদায়ে আরও জোরালো হলো নাদালের সম্ভাবনা। চিরপ্রতিদ্বন্দ্বী ও পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরারকে ৫-৭, ৬-৪, ৬-৩ গেমে হারানো নাদালের সেমিফাইনাল প্রতিপক্ষ বার্ডিচ। শেষ চারের অন্য ম্যাচে ইসনারের মুখোমুখি আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো। ৩১তম মুখোমুখি লড়াইয়ে ২১তম হার, পরবর্তী র‌্যাঙ্কিংয়ে ২০০২ সালের পর প্রথমবারের মতো সাতে নেমে যাচ্ছেন ফেদেরার। তবে দারুণ খেলে ফেদেরার প্রমাণ করেছেন নাদালের বিপক্ষেই যেন নিজের সেরাটা বের করে আনতে পারেন। হার্ডকোর্টে এ বছর দুর্দান্ত পারফরম্যান্স নাদালের, মন্ট্রিয়ল মাস্টার্স জিতেই এসেছেন সিনসিনাটিতে। অন্যদিকে পিঠের ব্যথায় ভোগা ফেদেরারকে সংগ্রাম করতে হচ্ছে ফর্ম ফিরে পেতে। তাই হেরেও খুশি রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘যেভাবে উন্নতি করছি তাতে আমি খুশি। আজ রাতে আমি জিতেও যেতে পারতাম।’ফেদেরার হেরেও খুশি, তবে নিজের খেলায় পুরোপুরি হতাশ নোভাক জোকাভিচ, ‘যেভাবে খেললাম সেটা হতাশাজনক। এটা খুবই হতাশাজনক।’ জোকোভিচের হতাশা বোঝাতে এই তথ্যটাই যথেষ্ট, মাস্টার্সের মধ্যে শুধু এই সিনসিনাটির শিরোপাটাই তাঁর কাছে অধরা। এএফপি, রয়টার্স।