রকমাররি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

তাঁর নামে
ক্রিকেটে পুরো একটা যুগ আবর্তিত হয়েছে তাঁকে ঘিরে। চোখে মায়াঞ্জন বুলিয়ে যাওয়া একেকটি ইনিংস, একের পর এক রেকর্ড, সঙ্গে অনবদ্য পেশাদারি—ক্রিকেট খেলাটিকেই নতুন উচ্চতায় নিয়ে গেছেন শচীন টেন্ডুলকার! ভারতীয়দের মনে দেবতার আসন নিয়ে বসে আছেন এই ব্যাটিং কিংবদন্তি। দেবতাকে এবার অর্ঘ্যস্বরূপ কেরালার কোনো একটি স্টেডিয়ামকে শচীন টেন্ডুলকারের নামে নামকরণ করতে যাচ্ছে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ)। এর আগে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামের একটি প্যাভিলিয়ন পেয়েছে টেন্ডুলকারের নাম।
গতকাল কেসিএর সভাপতি টি সি ম্যাথ্যু বললেন, ‘এখনো কোন স্টেডিয়াম সেটি ঠিক করিনি। ওয়ানাড়ে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম হয়েছে, আরও কয়েকটির কাজ দ্রুতই শেষ হয়ে যাবে। শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। শচীনের পরামর্শও নেব আমরা।’
আপাতত টেন্ডুলকারেরও একটা পরিকল্পনা আছে। সেটি অবশ্য স্টেডিয়াম নিয়ে নয়। ইন্ডিয়ান সুপার লিগের দল কেরালা ব্লাস্টার্সের অন্যতম মালিক কোচিতে নির্মীয়মাণ একটি ‘ওয়াটার ফ্রন্ট ভিলা’ কিনতে যাচ্ছেন। আইএএনএস।
খরচ কমাতে
আর্থিক সংকট কাটিয়ে উঠতে খরচ কমিয়ে আনার উপায় খুঁজছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। অনেকগুলো উপায়ের একটি হচ্ছে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে আগামী মৌসুমে ম্যাচ রেফারি না রাখা। বিভিন্ন ভেন্যুতে আয়োজিত ম্যাচগুলোর প্রতিটিতে ম্যাচ রেফারিকে দেয় ভ্রমণ খরচ, আবাসন ও ফি বাবদ ভালো অঙ্কই দিতে হয় বোর্ডকে। ম্যাচ রেফারি না থাকায় সেই খরচটা অন্তত বাঁচবে। যে সিদ্ধান্তগুলো ম্যাচ রেফারিরা নিতেন, সেগুলো এখন থেকে নেবেন আম্পায়াররা। এনজেডসির প্রধান লিন্ডসে ক্রুকার বলেছেন, ‘এটা হতাশাজনক। কিন্তু আমাদের সামর্থ্য নেই এত ব্যয়ভার সামলানোর।’ বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে যে আয়টা হয়েছে, সেটা ভবিষ্যৎ নিরাপত্তার জন্য রাখা হয়েছে বলেও জানিয়েছেন ক্রুকার। ক্রিকইনফো।

ইব্রাহিমোভিচ
ইব্রাহিমোভিচ

ইব্রার দাবি
মাত্রই শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলেই ইব্রাহিমোভিচকে ফিরে পেতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছিল এসি মিলান! এমন দাবি করলেন প্যারিস সেন্ট-জার্মেইর সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। জাতীয় দলের হয়ে ইউরো বাছাইয়ের ম্যাচ খেলার জন্য ইব্রা এখন স্টকহোমে। সেখানেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘অন্যান্য দলেরও আগ্রহ ছিল, এটা আমার এজেন্ট মিনো জানে। আমি চাইলে একটা কিছু ঘটে যেত। কিন্তু সেটি ছেড়ে আমি বিশ্রামে থাকা, ছুটি উপভোগ করা এবং পরিবারের দেখভাল করার বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। কিন্তু আমি জানি, মিলান একটু মরিয়া হয়ে উঠেছিল।’ ইব্রার প্রথম মৌসুমেই (২০১০-১১) সাত বছর পর লিগ শিরোপা জেতে সান সিরোর ক্লাবটি। এএফপি।