রকমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শন অ্যাবট
শন অ্যাবট

অ্যাবটের প্রত্যাবর্তন
জীবন থেমে থাকে না। অনিঃশেষ এর পথচলা। চিরন্তন এই সত্যটাকেই নতুন করে মনে করিয়ে দিলেন শন অ্যাবট। সপ্তাহ দুয়েক আগে যে মাঠে তাঁর বলের আঘাতে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন ফিল হিউজ সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই (এসসিজি) যেন নবজন্ম হলো অস্ট্রেলীয় ফাস্ট বোলারের। কাল শেফিল্ড শিল্ডে অ্যাবটের বিধ্বংসী এক স্পেলেই কুইন্সল্যান্ডকে হারিয়ে দিয়েছে নিউ সাউথ ওয়েলস। ৭ ওভারের স্পেলে অ্যাবট সফরকারী কুইন্সল্যান্ডের মিডল অর্ডারকে ধসিয়ে দিয়েছেন ১৪ রানে ৬ উইকেট নিয়ে। ১৬ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২২ বছর বয়সী ক্রিকেটারের এটাই সেরা বোলিং।
হিউজের মৃত্যুতে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অ্যাবট। ভয়াবহ এই মানসিক ধকল কাটিয়ে অ্যাবট আবারও ক্রিকেটে ফিরতে পারেন কি না, তা নিয়ে সংশয় ছিল অনেকের। কিন্তু অবিশ্বাস্যরকমের মানসিক দৃঢ়তা দেখিয়ে অ্যাবট শুধু ফিরলেনই না, শেফিল্ড শিল্ডের ম্যাচটাকে ‘ওয়ান ম্যান শো’ বানিয়ে ফেললেন। মানসিক শক্তির পরিচয়টা অবশ্য ম্যাচের প্রথম দিনই দিয়ে রেখেছিলেন অ্যাবট। প্রথম ওভারের বাউন্সারই সেটার প্রমাণ। কাল শেষ দিনে প্রথম সেশনে ৪৪৭ রানে অলআউট হয়ে ১৭৯ রানের লিড পায় অ্যাবটের দল। এরপর অ্যাবটের বিধ্বংসী বোলিংয়েই কুইন্সল্যান্ডকে ৯৯ রানে অলআউট করে ইনিংস ব্যবধানে জয়। অ্যাডিলেড টেস্টের স্কোরবোর্ডে কাল যখন অ্যাবটের বোলিং বিশ্লেষণ দেখানো হলো, অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার হাততালি দিয়েই স্বাগত জানালেন সেটিকে। টুইটারেও অ্যাবটকে অভিনন্দন জানিয়েছেন ওয়ার্নার। এএফপি, ক্রিকইনফো।
হকির সেমিতে ভারত-পাকিস্তান
দুই গ্রুপে আট দল। গ্রুপপর্ব শেষে কোয়ার্টার ফাইনালেও উঠল আট দল। এবারের চ্যাম্পিয়নস ট্রফি হকির ফরম্যাটটাকে অদ্ভুতুড়েই বলতে হচ্ছে। আর সেই অদ্ভুতুড়ে ফরম্যাটের ফাঁদে পড়ে সেমিফাইনালের আগেই ঝরে গেল দুই গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপরা। আর আজ শেষ চারে মুখোমুখি তলানির চার দল। তাতে অবশ্য আয়োজক শহর ভারতের ভুবনেশ্বরের ক্ষতির বদলে লাভই হয়েছে। নাকের বদলে নরুন নয়, বরং বহুকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান সেমিফাইনালই পেয়ে গেছে শহরটি। ‘এ’ গ্রুপে তিনটি ম্যাচেই পরাজিত পাকিস্তান কোয়ার্টার ফাইনালে হারিয়েছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হল্যান্ডকে। ‘বি’ গ্রুপে তৃতীয় হওয়া ভারত জিতেছে বেলজিয়ামের বিপক্ষে। অন্য সেমিফাইনালে লড়বে জার্মানি ও অস্ট্রেলিয়া।
টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে শুরু থেকেই উদ্বিগ্ন ছিলেন হল্যান্ডের কোচ ম্যাক্স কালডাস, ‘আপনি তিনটি লিগ ম্যাচ হেরেও টুর্নামেন্টটা জিততে পারেন। আমি মনে করি এটা খারাপ।’ সেই খারাপের শিকার হয়ে বিদায় নিয়েছে তাঁর দল। তবে নতুন জীবন পাওয়ারা কিন্তু মুচকি হাসছেন। এঁদেরই একজন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম রিড পরশু বললেন, ‘যদিও আমি এর (ফরম্যাট) পক্ষে নই, তবে আজ এ নিয়ে আমার কোনো আপত্তি নেই।’ এএফপি।
মার্সেলোই বিশ্বসেরা!
ব্রাজিলে এখন ব্রাত্য, রিয়াল মাদ্রিদে অপরিহার্য। কার্লোস দুঙ্গার চোখে বাতিল, কার্লো আনচেলত্তির কাছে বিশ্বসেরা। নিজেকে নিয়ে এখন দ্বিধায় পড়তে পারেন মার্সেলো। ব্রাজিলিয়ান লেফটব্যাক বিশ্বকাপের পর থেকেই নেই ব্রাজিল জাতীয় দলে। দ্বিতীয়বারের মতো কোচ হওয়া দুঙ্গার মনই যে কাড়তে পারছেন না রিয়াল ডিফেন্ডার। গত সপ্তাহেই মার্সেলোকে রীতিমতো ধুয়ে দিলেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরপরই পরশু শিষ্যকে ‘বিশ্বের সেরা ফুলব্যাক’ ঘোষণা করে দিলেন আনচেলত্তি।
ব্রাজিল দলে মার্সেলো উপেক্ষিত কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দুঙ্গাই বলেছিলেন মার্সেলো বড্ড বেশি আক্রমণে ওঠে, ‘বিশ্বকাপে মার্সেলো কতবার আক্রমণে উঠেছে? ২০ বার। সে কতগুলো গোল করেছে কিংবা বানিয়ে দিয়েছে? একটিও না।’ আনচেলত্তি অবশ্য এসব যুক্তি মানেননি, ‘আমি মনে করি না মার্সেলোর কারণেই বিশ্বকাপটা বাজে গেছে ব্রাজিলের। আমি মনে করি মার্সেলোই বিশ্বের সেরা ফুলব্যাক। তবে এটা বোঝায় না যে তাকে ব্রাজিলের হয়ে খেলতেই হবে, সে এখানে থাকলেই আমরা খুশি।’ ইএসপিএন।