রকমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি হারালেন মুরস
খবরটা কয়েক দিন থেকেই ভেসে বেড়াচ্ছিল। কাল নিশ্চিত হলো, ইংল্যান্ডের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে পিটার মুরসকে। শুধু কোচ বদল নয়, ইংলিশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রাউস। সব মিলে ইংলিশ ক্রিকেটে পরিবর্তনের একটা ঝোড়ো হাওয়াই।
ইসিবির প্রধান নির্বাহী টিম হ্যারিসন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পিটার ইংলিশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আপাতত নিউজিল্যান্ডের সিরিজের জন্য দলের দায়িত্ব নিচ্ছেন সহকারী কোচ পল ফারব্রেস। ২১ মে লর্ডসে শুরু দুই টেস্টের প্রথমটি।
মুরস অবশ্য এ নিয়ে দুই দফা ইংল্যান্ড কোচের চাকরি হারালেন। ২০০৯ সালে কেভিন পিটারসেনের সঙ্গে বিবাদে জড়িয়ে প্রথমবার ছাঁটাই। গত বছর আবার দায়িত্ব পেয়ে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছেন। কিন্তু বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ইংল্যান্ডের বিদায়ের পর আবার প্রশ্ন উঠে যায় মুরসের জায়গা নিয়ে। ‘মিডিওকার’ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করে সেটিই নিশ্চিত হয়ে গেল। এএফপি।
কাভানির হ্যাটট্রিক
৬-০ ব্যবধানে গেঁগার বিপক্ষে হেসেখেলে জয়, ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপার পথে আরও এক ধাপ এগোল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নদের এমন গোল-উৎসবে সবচেয়ে উজ্জ্বল নাম এডিনসন কাভানি। উরুগুইয়ান স্ট্রাইকার হ্যাটট্রিক করেছেন। কম যাননি ইব্রাহিমোভিচও, পিএসজির মাঠে পরশু জোড়া গোল পেলেন এই স্ট্রাইকার। ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে পিএসজি আছে লিগ টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা অলিম্পিক লিঁওর পয়েন্ট ৩৬ ম্যাচে ৭১। রয়টার্স।
শিরোপার আরও কাছে বার্সা
৮৫ মিনিটে বাইসাইকেল কিকে অসাধারণ এক গোলে করেছেন পেদ্রো। এর আগে ৫১ মিনিটে নেইমার করেছেন প্রথম গোল। নেইমার-পেদ্রোর গোলেই কাল লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে ৩৬ ম্যাচে ৯০ পয়েন্ট হলো বার্সার। কাল রাতে আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেছে ভ্যালেন্সিয়া। রিয়াল হেরে গেলে দুই ম্যাচ হাতে রেখে ৫ পয়েন্টে এগিয়ে আছে বার্সা। এএফপি।
অলিম্পিক দলও দুঙ্গার হাতে
ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালের দুঃস্মৃতি এখনো হয়তো তাড়িয়ে বেড়ায় ব্রাজিলিয়ানদের। তবে ঘুরে দাঁড়াতে নতুন জাতীয় দলকে ভালোই উজ্জীবিত করে চলেছেন কোচ কার্লোস দুঙ্গা। এই মেয়াদে তাঁর অধীনে আট ম্যাচের সব কটিই জিতেছে ব্রাজিল। কোচের ওপর বেশ খুশি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন পরশু অলিম্পিক দলের দায়িত্বও দিয়েছে দুঙ্গাকে। রয়টার্স।
সেরেনা-শারাপোভার হার
পরশু মাদ্রিদ ওপেনের সেমিফাইনাল দেখল দু-দুটি অঘটন। একই দিনে সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভার মতো বড় দুই তারকা বিদায় নিলেন মঞ্চ থেকে। সেরেনা তো এক নম্বর র্যা ঙ্কিংধারী, ২৭ ম্যাচে অপরাজিত থাকা যুক্তরাষ্ট্রের এই তারকাকে বিদায়ের পথ দেখান চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা (৬-২, ৬-৩)। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শারাপোভার পথে কাঁটা বিছিয়েছেন স্বদেশি সভেতলানা কুজনেৎসভা। দুই রুশ কন্যার লড়াইয়ে শারাপোভা হেরেছেন ৬-২, ৬-৪ গেমে। এএফপি।