রকমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বালোতেল্লির শুভাকাঙ্ক্ষী
লিভারপুলে হতাশার এক মৌসুম শেষেই আবার পুরোনো ক্লাব এসি মিলানে ফিরে গেছেন মারিও বালোতেল্লি। ক্যারিয়ারে প্রতিভার সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু অর্জন করার জন্য এটিকেই ইতালিয়ান স্ট্রাইকারের শেষ সুযোগ হিসেবে দেখছেন অনেকে। বালোতেল্লিকে তাই সতর্ক করে দিচ্ছেন কাকাও। ব্রাজিলিয়ান মিডফিল্ডার তাঁকে উদ্বুদ্ধ করছেন এই বলে, সম্ভাবনাকে পূর্ণতা দিয়ে সবাইকে দেখিয়ে দেওয়া উচিত বালোতেল্লির।
এসি মিলানে সাফল্যের রাস্তাটি বেশ ভালো চেনা আছে কাকার। ২০০৭ সালে ‘রোজোনেরি’দের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতে নিজেকে নিয়ে গেছেন ক্লাবের সেরাদের কাতারে। মিলানকে নিয়ে কিছু বলার অধিকারবোধ তো কাকার আছেই। সেই অধিকারবোধ থেকেই বালোতেল্লিকে ক্লাবটিতে সাফল্যের জন্য করছেন অনুপ্রাণিত। ইএসপিএন।
গোলকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেছেন, ‘মারিও অনেক প্রতিভাবান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ওর বোঝা উচিত, সময়টা ওর জন্য সহজ নয়। নিজের প্রতিভা দিয়ে দলকে সাহায্য করার জন্য নিজেকেই অনুপ্রাণিত করতে হবে ওকে।’
মেসির যন্ত্রণা বোঝেন মাচেরানো
অভিযোগটা পুরোনো—বার্সেলোনার মেসি কখনোই আর্জেন্টিনার জার্সিতে ঠিক ‘মেসি’ হতে পারেননি। কাতালান ক্লাবটির সমর্থকেরা যেভাবে এক দশক ধরে ভালোবাসায় ভরিয়ে রেখেছে মেসিকে, আর্জেন্টিনায় কখনোই সেই ভালোবাসা তিনি পাননি। বিশ্বকাপের পর কোপা আমেরিকার ফাইনালের পরাজয়েও নিজ দেশেই নিয়ত সমালোচনার তিরে বিদ্ধ হয়ে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এটিই বেশ চোখে লাগছে মেসির ক্লাব ও জাতীয় দল সতীর্থ হাভিয়ের মাচেরানোর। খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই বলছেন, সুযোগ পেলেও তিনি কখনো ‘মেসি’ হতে চাইতেন না।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচেরানো বলেছেন, ‘আমি মেসি হওয়াটা সহ্য করতে পারতাম না। ওর জায়গায় থাকতে হলে আপনাকে বিশেষ কিছু হতে হবে।’
ঈর্ষা নয়, বরং সব নিংড়ে দেওয়ার পরও মেসিকে যেমন চাপ ও সমালোচনা সহ্য করতে হচ্ছে সেটিই মাচেরানোকে বাধ্য করেছে এমন করে বলতে, ‘অন্যের বিষয়ে কথা বলা সহজ। যেটা আপনাকে ভাবতে হবে, সেটা হলো লিও বারবার আর্জেন্টিনা দলে ফিরে আসে, ও কখনো লুকিয়ে থাকে না। এমনকি ওর স্ত্রী যখন সন্তানসম্ভবা তখনো আর্জেন্টিনার হয়ে খেলতে এসেছে ও।’ গোলডটকম, ইএসপিএন।
ডি গিয়ার চুক্তি নবায়ন?
ডেভিড ডি গিয়াকে নিয়ে নাটকটা এখন অনেকটাই থিতিয়ে এসেছে। তবে আরেকটু নাটকীয়তা বোধ হয় এখনো বাকি। দলবদলের শেষ মুহূর্তের জটিলতায় ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু ইউনাইটেডে কি নিয়মিত খেলতে পারবেন স্প্যানিশ গোলরক্ষক? নাকি মৌসুমের প্রথম চার ম্যাচের মতো বাকি সময়টাও কাটাতে হবে বেঞ্চে? স্প্যানিশ দৈনিক এএস অবশ্য দাবি করেছে, ডি গিয়া মূল একাদশে ফেরার জন্য ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী।
স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক দুই দিন আগেই জানিয়েছেন, নিয়মিত না খেললে ডি গিয়ার পরের বছরে ইউরো খেলার সম্ভাবনা ক্ষীণ। ২৪ বছর বয়সী গোলরক্ষক নিজেও সেটা বোঝেন। কিন্তু নতুন চুক্তি না করলে ইউনাইটেডে লুইস ফন গাল তাঁকে খেলাবেন কি না, সেটা অনিশ্চিত। ডি গিয়া তাই চাইছেন নতুন চুক্তি করে গোলপোস্টের নিচে ফিরতে। এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে মাদ্রিদে এটি নিয়ে তিনি বৈঠকও করেছেন। এএস।