রকিবুল ও শুভাগতর সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের সর্বশেষ আসরটা শেষ হয়েছিল কবে, সেটা অনেকেই হয়তো ভুলে গেছেন। ভোলারই কথা, সময় তো কম গড়ায়নি। তবে ২০১২ সালের ডিসেম্বরকে ভোলেননি রকিবুল হাসান। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে একমাত্র ইনিংসে ১৬০ রান করেছিলেন ঢাকা বিভাগের এই ব্যাটসম্যান। প্রায় ১৪ মাস পর কাল আবার শুরু হয়েছে জাতীয় লিগ। ঢাকা বিভাগ এবার প্রথম ম্যাচটা খেলছে রাজশাহীর সেই স্টেডিয়ামে। প্রতিপক্ষ বদলে রংপুর বিভাগ। কিন্তু রকিবুল যেন ১৪ মাস আগের রকিবুলই। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান কালও পেয়েছেন সেঞ্চুরি।
১৫৪ রানে অপরাজিত আছেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান। ১০১ রান করে ক্রিজে আছেন সতীর্থ শুভাগত হোমও। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ২০৪ রান হয়ে গেছে। ঢাকা বিভাগ প্রথম দিনটা শেষ করেছে ৪ উইকেটে ৩৫৭ রান তুলে। ২২৫ বলে ১৫৪ রান করা রকিবুল প্রথম শ্রেণীর ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটা ছুঁয়েছেন ১৪১ বলে, মেরেছেন ২৩টি চার ও ১টি ছয়। শুভাগত তাঁর চতুর্থ সেঞ্চুরিটি করেছেন ১১৫ বলে।
খুলনার আবু নাসের স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা দিন শেষে করেছে ৬ উইকেটে ২৫২ রানে। ৮ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলার পর দ্বিতীয় উইকেটে ৯৭ রান যোগ করেন রবিউল ইসলাম রবি ও এনামুল হক বিজয়। ফিফটি পেরিয়েই আউট হয়েছেন এই দুজন। পরে ৬১ রান করেছেন পুরোনো সৈনিক তুষার ইমরানও।
ফতুল্লায় পেসার আবু জায়েদ (৫/৫৮) ও বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের (৪/৫৭) বোলিংয়েই জেরবার রাজশাহী অলআউট হয়েছে ২১৭ রানে। ইনিংস সর্বোচ্চ ৬৩ রান জুনায়েদ সিদ্দিকের। দিন শেষে প্রথম ইনিংসে সিলেটের সংগ্রহ বিনা উইকেটে ৯৫ রান। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মহানগরকে ২২১ রানে অলআউট করার পর ৩ উইকেট হারিয়ে ৮৪ রান করেছে চট্টগ্রাম। ৬০ রানে অপরাজিত আছেন নাফিস ইকবাল।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা-বরিশাল, খুলনা
খুলনা ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫২/৬ (তুষার ৬১, এনামুল ৫৫, রবিউল ৫১, মিঠুন ৩২; ফজলে রাব্বী ৩/২৫, কবির ১/৩২, নুরুজ্জামান ১/৩৯, কামরুল ১/৫৯)।
ঢাকা বিভাগ-রংপুর, রাজশাহী
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৯১ ওভারে ৩৫৭/৪ (রকিবুল ১৫৪*, শুভাগত ১০১*, রনি ৭৩; সাজেদুল ২/৪২, আরিফুল ২/৫৩)।
ঢাকা মহানগর-চট্টগ্রাম, বগুড়া
ঢাকা মহানগর ১ম ইনিংস: ৫৯ ওভারে ২২১ (সৈকত ৫৬, শরীফউল্লাহ ৩৯, বক্কর ৩৩; মনিরুজ্জামান ৪/৪৯, আকবর ২/৩৫, ইয়াসিন ২/৫৩, ফয়সাল ১/১২, সাদ্দাম ১/৪৮)। চট্টগ্রাম ১ম ইনিংস: ২৮ ওভারে ৮৪/৩ (নাফিস ৬০*, মাহাবুবুল ৫; শহীদ ২/১৯, শরীফউল্লাহ ১/১০)।
রাজশাহী-সিলেট, ফতুল্লা
রাজশাহী ১ম ইনিংস: ৬৫ ওভারে ২১৭ (জুনায়েদ ৬৩, হামিদুল ৩৩; জায়েদ ৫/৫৮, এনামুল জু. ৪/৫৭, নাজমুল ১/২৮)। সিলেট ১ম ইনিংস: ২৩ ওভারে ৯৫/০ (সায়েম ৬১*, ইমতিয়াজ ২৩*)।