রকিবুল-ঝড়ে হারল জাতীয় দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝোড়ো ব্যাটিং করেও রোববারের অনুশীলন ম্যাচে ৩ রানের আফসোস ছিল সাকিব আল হাসানের। তবে রকিবুল হাসান সেই আফসোসের সুযোগই রাখলেন না। ২০ ওভারের ক্রিকেটে কাল সেঞ্চুরি করে ফেললেন ‘এ’ দলের এই ব্যাটসম্যান। সেই সেঞ্চুরিও অনেক বড়—১৪০ রানের! আয়ারল্যান্ডে যাওয়ার আগে ‘এ’ দলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ৯ উইকেটে ২৪৩ রান করেও তাই ৮ উইকেটে হেরে গেছে জাতীয় দল।শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠের পরিচর্যা চলছে বলে প্রস্তুতি ম্যাচ হচ্ছে একাডেমির ছোট মাঠে। প্রচুর রান পাচ্ছেন ব্যাটসম্যানরা। তবে সেঞ্চুরি যেকোনো মাঠেই একটা ব্যাপার, তার ওপর সেটা যদি হয় টি-টোয়েন্টি ম্যাচে। ২ রানে ওপেনার মোহাম্মদ মিঠুন আউট হয়ে গেলেও ‘এ’ দলকে তাই আর তাকাতে হয়নি পেছন ফিরে। তাকাতে দেননি আরেক ওপেনার শাহরিয়ার নাফীস ও রকিবুল।১৭.৪ ওভার স্থায়ী দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে রান ২৩৩! ৫০ বলে ৮ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৮৫ রান করে অপরাজিত ছিলেন শাহরিয়ার। রকিবুল অবশ্য আউট হয়ে গেছেন। যেনতেন আউটও নয়, আলাউদ্দিন বাবুর বলে ডিপ মিড উইকেটে জহুরুল ইসলামের দুর্দান্ত ডাইভে নেওয়া এক ক্যাচে। তবে মাঠ ছাড়ার আগে যা করে গেছেন, তা রীতিমতো চোখধাঁধানো।৬১ বলে ১৪০—১৪ বাউন্ডারি, ১১ ছক্কা। কেউ একাডেমির ছোট মাঠকে এর কৃতিত্ব দিতে পারেন। কিন্তু মাঠ ছোট কেবল উইকেট সোজাসুজিই। উইকেটের আড়াআড়ি ঝুঁকিমুক্ত ছক্কা নিশ্চিত করতে শটগুলো বড় মাঠের মতোই জোরালো হতে হয়। চার-ছক্কার মারগুলোতে রকিবুল সেরকম শটই খেলেছেন বেশির ভাগ। হাঁটু গেড়ে মারা একটা কভার ড্রাইভ তো রীতিমতো চোখে লেগে থাকার মতো।রকিবুলের ব্যাটিংয়ের কাছে ম্লান হয়ে গেছে জাতীয় দলের জিয়ার ২৭ বলে ৬৮, অধিনায়ক মুশফিকের ২৬ বলে ৫৯। সাকিব (১৩ বলে ২৮), নাসিররা (১১ বলে ২০) রান বেশি না করলেও টি-টোয়েন্টির মেজাজই ছিল ব্যাটিংয়ে। ‘এ’ দলের বোলাররাও যথারীতি নির্যাতিত ছোট মাঠের টি-টোয়েন্টিতে। জাতীয় দলের বোলারদের অবস্থা তো আরও খারাপ। ৩ ওভারে ৪০ রান দিয়েছেন শফিউল। তাঁর তৃতীয় ও শেষ ওভারটা তো শেষই হতে চাইছিল না একের পর এক ওয়াইড বলে। প্রথম পাঁচটা বলই করলেন ওয়াইড। দুই বল বিরতি দিয়ে আরেকটা। এই ছয়টি ওয়াইডসহ ইনিংসের এই ১৬তম ওভারেই ২৬ রান দিয়েছেন শফিউল।