রকিবুলের ফেরা, মুশফিকের চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবাল—তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন আলোচনার কেন্দ্রে ছিলেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। দু দলের অধিনায়কের মুখেই ছিল তাঁর নাম। ট্রেন্টব্রিজে কাল শুরুটাও দুর্দান্ত করেছিলেন তামিম, ম্যাচের প্রথম দুই বলে দুটো চার মেরে। তবে বাংলাদেশের আরেকটা ইনিংস এবার আর তামিমময় হয়ে ওঠেনি। ২২ বলে ২৮ রান করেই আউট হয়ে গেছেন তিনি। তামিম না পারলেও রকিবুল হাসানের বাংলাদেশ দলে প্রত্যাবর্তনটা ভালোই হয়েছে। ৭০ রানে ২ উইকেট হারানোর পরও যে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫০ রান তুলতে পারল, তা রকিবুল (৭৬) আর জুনায়েদ সিদ্দিকের (৫১) হাফ সেঞ্চুরির কল্যাণেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ওয়ানডের দলে জায়গা না পাওয়ার অভিমানে দেশের মাটিতে এই ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রকিবুল। সংক্ষিপ্ত অবসর কাটিয়ে ফিরলেন যেন যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই। এর পরও এ রিপোর্ট লেখার সময় রকিবুলের ফেরা ভালো হওয়া ছাড়া খুব ভালো কিছু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জন্য ঘটেনি। উইকেটকিপার মুশফিকুর রহিমকে মাঠ ছাড়তে হয়েছে চোখের চোট নিয়ে। ফয়সাল হোসেনের একটি বল ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে লেগেছিল গিয়ে মুশফিকের বাঁ চোখে। আর ২৫১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৮ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে ফেলেছে স্বাগতিক ইংল্যান্ড। ৩৭ ও ২৫ রান নিয়ে ব্যাট করছিলেন ইয়ান বেল ও পল কলিংউড। অথচ যেভাবে বাংলাদেশ শুরু করেছিল তাতে স্কোরটা আরেকটু বড় হতেই পারত। ২০ ওভার শেষে ২ উইকেটে ছিল ৯৯ রান। ৩০ ওভার শেষে এটা হলো ৩ উইকেটে ১৪২। ৪০ ওভার শেষে ৪ উইকেটে ১৮৭। ৬ উইকেট হাতে নিয়ে শেষের ১০ ওভার শুরু করা বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তুলতে পেরেছে মাত্র ৬৭ রান।