রকিবুলের হাতেও স্ট্রোক আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তর আমাদের অহংকার। একাত্তর আমাদের গর্ব। একাত্তর রকিবুলের জার্সি নম্বরও!আমি জানি না ও ইচ্ছে করেই এই নম্বরটা বেছে নিয়েছে কিনা। তবে দূর থেকে ওকে যতটুকু দেখেছি বা চিনি, আমার মনে হয়, দেশের প্রতি রকিবুলের বাড়তি একটা আবেগ আছে। কে জানে, হয়তো নিজের লাল-সবুজ জার্সিতে ‘সাত’ আর ‘এক’ পাশাপাশি ও সচেতনভাবেই বেছে নিয়েছে। এমনও হতে পারে, এ স্রেফ কাকতাল।যা-ই হোক, রকিবুলকে আমার ভীষণ আবেগময় একটা ছেলে মনে হয়। বাইরে থেকে দেখলে অবশ্য বোঝা যায় না। আবেগের সেই প্রকাশটা সেভাবে নেই। তবে এ ধরনের মানুষই কিন্তু ভেতরে ভেতরে গুমরে কাঁদে। ভীষণ অভিমানী হয়। কে জানে, রকিবুল যে হুট করে একদিন অবসর নিয়ে ফেলল, সে কারণেই কিনা!কী কারণে সেদিন রকিবুল অমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল আমি বলতে পারব না। ওর সঙ্গে আমার সেই ব্যক্তিগত সম্পর্ক নেই। শেষ পর্যন্ত আবেগকে যে যুক্তিবোধে হারিয়ে দিয়েছে, ও আবার ফিরে এসেছে, এটা তার জন্য তো বটেই, বাংলাদেশ দলের জন্যও একটা সুখবর।তবে একটা জিনিস হতে পারে, ওকে নিয়ে মাঝেমধ্যে বেশি সমালোচনা হয়। সেই সমালোচনা হয়তো সে সহ্য করতে পারেনি। সেটারই একরকম বিস্ফোরণ ঘটেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঠাঁই না পাওয়ায়।ওকে নিয়ে যেসব সমালোচনা হয়, তার বড় অংশটাই আমি বলব যুক্তিহীন। অনেকের চোখে রকিবুল খুব শ্লথগতিতে ব্যাটিং করে। সাদা চোখে দেখলে তেমনই মনে হয়। তবে যতটা শ্লথ মনে হয়, রকিবুল কিন্তু ঠিক ততটা শ্লথ ব্যাটিং করে না। ওয়ানডেতে ওর স্ট্রাইক রেট প্রায় ৬২। একটু চেষ্টা করলেই যেটা ৭০ হয়ে যেতে পারে। আশরাফুলের মতো স্ট্রোক প্লেয়ার আমরা খুব কম পেয়েছি। ওর স্ট্রাইক রেটও কিন্তু ৭০।তার পরও বলব, রকিবুলের পক্ষে আরও বেশি স্ট্রাইক রেট করা সম্ভব। অবশ্যই সম্ভব। আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। আমরা বিকেএসপিতে অনুশীলন করতে গেলে ওই সময় প্রায়ই রিচার্ড ম্যাকিন্সের হাইপারফরম্যান্স ইউনিটের সঙ্গে দেখা হতো, কথা হতো। রকিবুল ওই দলেই ছিল সে সময়। ওদের বিপক্ষে আমরা বেশ কয়েকটি ম্যাচও খেলেছি। তখনই শুনতাম, রকিবুলের ব্যাপারে সবাই কেমন মুগ্ধ। টেকনিকের দিক দিয়ে ও নাকি খুবই নিখুঁত। বিশেষ করে হাইপারফরম্যান্স ইউনিটের কোচ ম্যাকিন্স রকিবুলের ব্যাপারে সব সময়ই আলাদা করে বলতেন।ওদের মধ্যে একসময় কে বেশি ছক্কা মারতে পারে, এ ধরনের একটা প্রতিযোগিতা হয়েছিল। ঠিক স্পষ্ট করে বলতে পারব না। তবে খুব সম্ভবত একজন বোলার দশটি কি বারোটি করে বল পেত। রকিবুল একবার আট-নয়টি ছক্কা মেরে বেশ শোরগোল ফেলে দিয়েছিল।ঘটনাটি উল্লেখ করলাম এ জন্য, রকিবুলের হাতেও বেশ স্ট্রোক আছে। সেটা যে আছে, তার ভালো প্রমাণ জাতীয় লিগে ওর ট্রিপল সেঞ্চুরি। দেখুন, শুধু এক-দুই রান নিলে তিন শ রানের ইনিংস খেলা যায় না। ওর জন্য আপনার হাতে যথেষ্ট স্ট্রোক থাকতে হবে। তবে এটাও মেনে নিতে হচ্ছে, জাতীয় দলে আসার পর ও কেমন যেন একটু বেশি সতর্ক হয়ে খেলেছে। সেটা কি জাতীয় দলে জায়গা নিয়ে বাড়তি সতর্কতার কারণে? হতে পারে। আরেকটা কারণ হতে পারে ব্যাটিং-অর্ডারে ওর পজিশন। রকিবুল চারে নামে। এ ধরনের ব্যাটসম্যানরা আসলে ইনিংসে ‘অ্যাংকর’ হয়। এক পাশ ধরে রাখে। আমাদের দলে যেহেতু স্ট্রোক মেকার বেশি, সে জন্য রকিবুলের মতো খেলোয়াড়ের গুরুত্ব কিন্তু আরও বেশি। কদিন আগে ইনজামাম বলছিলেন, পাকিস্তানের এই দলটায় ইউসুফের মতো খেলোয়াড় খুব জরুরি।রকিবুলের সবচেয়ে বড় গুণ খেলাটার প্রতি ওর দায়বদ্ধতা, প্রতিনিয়ত নিজেকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। ফিল্ডার হিসেবেও ও আসলে দুর্দান্ত। বিশ্বকাপে রকিবুলের কাছে আমার চাওয়া থাকবে, ও যেন নিজের মতোই খেলে। বাইরের কথায় যেন বেশি কান না দেয়। তবে হ্যাঁ, ওকে এই পরামর্শও দেব, আরেকটু হিসাবি ঝুঁকি ও নিতেই পারে। ধরুন, দলের পরিস্থিতি অনুযায়ী হাত খুলে খেলা।এটা ঠিক, তামিম-সাকিবদের মতো জনপ্রিয়তা ওর নেই। তবে রকিবুল, বিশ্বকাপই কিন্তু সুযোগ সবার মনে ঠাঁই করে নেওয়ার। তোমার চরমতম নিন্দুকটির মনেও!