রক্ত ঝরার পর...
দুই বছর পর ফেরার কয়েক দিনের মধ্যেই ঘোষণা দিয়েছিলেন, ‘বিশ্বের সেরা বোলার হতে চাই।’ সাম্প্রতিক পারফরম্যান্স বলছিল, সেই পথে ভালোমতোই আছেন। কাল অবশ্য নিজের ছায়া। তবে দিনের সবচেয়ে আলোচিত ঘটনারও তিনি জন্মদাতা। তাঁর বলেই রক্ত ঝরল শাহরিয়ার নাফীসের। দারুণ খেলতে থাকা ব্যাটসম্যান মাঠ ছাড়লেন ব্যথায় কাতর হয়ে।যেকোনো পর্যায়ের ক্রিকেটেই এই অভিজ্ঞতা শাহরিয়ারের জন্য প্রথম। এডওয়ার্ডসের বাউন্সারটি ছিল নিখুঁত, একটু ফ্রন্টফুটে ছিলেন শাহরিয়ার, তার পরও হুক করতে গিয়েছিলেন। পরেরটুকু শুনুন শাহরিয়ারের কণ্ঠেই, ‘বলটা আমার প্রত্যাশার চেয়ে ইঞ্চি তিনেক বেশি লাফিয়েছিল। হেলমেটে লেগে বলটা উইকেটকিপার কিংবা ফাইন লেগের দিকে গেল, হেলমেট লাগল নাকে-কপালে। ব্যথা খুব বেশি ছিল না, তবে একটু পরই বুঝলাম, রক্ত পড়ছে। হেলমেট খোলার পর তো টপ টপ করে রক্ত পড়তে থাকল। রক্ত পড়া বন্ধ হচ্ছিল না বলেই মাঠ ছেড়েছি, না হলে খেলে যেতাম।’ঘটনাটার খুব কাছের সাক্ষী তামিম ইকবাল। সে সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান জানালেন, তাঁর জন্যও এই অভিজ্ঞতা নতুন, ‘এর আগে মাঠে কখনো রক্ত দেখিনি। প্রথমে মনে করছিলাম ঘাম পড়ছে। সামনে গিয়ে দেখি রক্ত! একটুও ভয় পাইনি বললে ভুল হবে, একটু নার্ভাস তো হয়েছিলামই। তবে এর অন্য দিকও ছিল। ব্যাটিংয়ে আমার একটা না একটা জেদ লাগে। জেদ চেপে গিয়েছিল, দেখি ও কী করতে পারে। এর পরই মনে হয়, আমি আরও ভালো ব্যাট করেছি।’শাহরিয়ারের আঘাতটা খুব গুরুতর কিছু নয়। ফোলা জায়গাটা অনেক কমে গেছে, রাতের মধ্যে আরও কমে যাওয়ার কথা। আজ ব্যাটিং না করার কোনো কারণ নেই। তামিম তো মজা করে বললেন, ‘আজ খেলা শেষে উনি ফুটবলও খেলেছেন। আশা করি, কাল বড় ইনিংস খেলবেন।’সাম্প্রতিক ফর্ম তো বটেই, আরও অনেক কারণেই টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের অন্যতম বড় চ্যালেঞ্জ এডওয়ার্ডস। ওয়াকার ইউনুসের মতো রাউন্ড আর্ম অ্যাকশনে গোলার মতো বল ছোড়া, সাড়ে পাঁচ ফুট উচ্চতা নিয়েও নিখুঁত সব বাউন্সার। কালকের আগে এই দলের কেউ এডওয়ার্ডসকে কখনো খেলেননি। তামিম জানালেন ব্যাপারটা ভাবাচ্ছিল তাঁদেরও, ‘কাল (পরশু) ওর ভিডিও দেখার চেষ্টা করছিলাম। ইউটিউবে সার্চ দিলেই দেখি সব ভালো ভিডিও! বাউন্সার মারছে, নাক ফাটিয়ে ফেলছে, এই করছে-ওই করছে। পরে চিন্তা করে দেখলাম, ওর বিপক্ষে ব্যাট করেই রফিক ভাই, সুমন ভাই, পাইলট ভাই সেঞ্চুরি করেছে (২০০৪ সিরিজে)। সকালে ইমরুল কায়েসকেও বলেছি, উনারা পারলে আমরা পারব না কেন?’কাল অন্তত এডওয়ার্ডসকে দারুণভাবেই সামলেছেন তামিম-মুশফিকরা। তবে রক্তের স্বাদ পেয়েছেন, কে জানে আজ জ্বলে উঠতেও পারেন। ‘পিচে ব্যাটসম্যানদের রক্ত দেখতে ভালোবাসি’—জেফ টমসনের মতো এমন কোনো মন্তব্য কখনো করেননি। তবে কালকের পর দর্শনটা তো টমসনের মতো হতেও পারে!